৯/১১ হামলায় ছড়ানো দূষণে স্ট্যাটেন আইল্যান্ডে ক্যানসার ঝুঁকি

স্ট্যাটেন আইল্যান্ড বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে দিন দিন। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্ট্যাটেন আইল্যান্ডে ক্যানসারের ঝুঁকি অন্য অন্য অঞ্চল থেকে ১৬ শতাংশ বেশি।
এ সম্পর্কিত এক জরিপে দেখা গেছে, ২০১৪ সালে নিউইয়র্ক নগরীর তুলনায় স্ট্যাটেন আইল্যান্ডের মানুষের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বেশি। পুরুষদের ক্ষেত্রে এ হার নিউইয়র্ক নগরীর তুলনায় ১৩ দশমিক ৪৮ শতাংশ বেশি। আর নারীদের ক্ষেত্রে ১৮ দশমিক ৫৩ শতাংশ বেশি।
পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের পরামর্শক্রমে অঙ্গরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, স্ট্যাটেন আইল্যান্ডে ক্যানসারের উচ্চ হারের পেছনে রয়েছে দূষণ। রাসায়নিক পদার্থের সঙ্গে ক্যানসারের অনেক বড় সম্পর্ক রয়েছে। যেমন, মেসোথেলিওমিয়া নামক ক্যানসারে আক্রান্তদের ১০ জনের মধ্যে ৯ জনই অ্যাসবাস্টাস ধাতুর সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছেন। সাধারণত জাহাজ তৈরির শিল্পের সঙ্গে জড়িতরা এই ধাতুর সংস্পর্শে থাকেন। একইভাবে রঙের কারখানা, রাবার বা গ্যাসের কাজে যারা নিয়োজিত, তাঁরা এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসায় মূত্রথলির ক্যানসারে আক্রান্ত হন।
এ ছাড়া স্তন ক্যানসার, অগ্ন্যাশয় ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসার, মূত্রাশয় ক্যানসার ও থাইরয়েড ক্যানসারের হার পুরো নিউইয়র্ক নগরীর হারের তুলনায় স্ট্যাটন আইল্যান্ডে উল্লেখযোগ্যভাবে বেশি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামের তথ্যমতে, স্ট্যাটেন আইল্যান্ডের ক্যানসারের পরিস্থিতির পেছনে নাইন-ইলেভেন হামলায় ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থের ফলে সৃষ্ট। এ ছাড়া স্ট্যাটেন আইল্যান্ডের ফ্রেশ কিলস ল্যান্ড ফিল্ডে ফেলা বর্জ্যও এর পেছনে কাজ করছে বলে মনে করেন গবেষকেরা। তবে এখনো ক্যানসারের এ উচ্চ হারের কারণ পুরোপুরি চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে ল্যান্ডফিল দূষণ ও নিউজার্সি থেকে আসা দূষণও এর কারণ হিসেবে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় কলেজ অব স্ট্যাটেন আইল্যান্ড ক্যাম্পাসের উইলিয়ামসন থিয়েটারে ক্যানসার প্রতিবেদনের ওপর একটি আলোচনা সভার ডাক দিয়েছেন গভর্নর কুমো।