৯১১ নম্বরে করোনার ফোনকল কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস সংকটকালে ৯১১–এ কল করে নানা চিকিৎসাসেবা নিচ্ছেন নিউইয়র্ক নগরের বাসিন্দারা। এই নম্বরে ফোন করে নানা ধরনের ডাক্তারি পরামর্শ পাওয়া যাচ্ছে। এই ফোন সিস্টেমের কয়েকদিনের তথ্যউপাত্ত ঘেঁটে দেখা গেছে, এই সপ্তাহে প্রতিদিনের রেকর্ড কল চার হাজারে নেমে এসেছে। মার্চ মাসে এই সংখ্যা ছিল ৬ হাজার ৫০০ এর বেশি। নিউইয়র্ক নগরের একমাত্র জরুরি স্বাস্থ্য পরামর্শ কল ৯১১, এই নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট রাতদিন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তারা জানিয়েছে, ফোন করে চিকিৎসা সেবা নেওয়ার পদ্ধতি এখন আগের চেয়ে ভালো। কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। এতে প্রমাণ হচ্ছে, সংকটকাল আস্তে আস্তে শেষ হচ্ছে। এখন মানুষ কেবল প্রাণঘাতী জরুরি পরিস্থিতিতে ফোন করছে।

সিটি ইএমএস সার্ভিস, যারা নিউইয়র্কবাসীর জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে জীবন বাঁচাতে ছুটে আসে, তারা নগরের বাসিন্দা ও দর্শনার্থীদের অতি জরুরি পরিষেবা সরবরাহে ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করে।

নগরের ইএমএস সিস্টেমচালিত দমকল বিভাগ জানিয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অ্যাম্বুলেন্সের জন্য দিনে ৩ হাজার ৯৩২টি কল রিসিভ করেছে। এই কলের সংখ্যা ৩০ মার্চের সর্বোচ্চ রেকর্ড ছিল ৬ হাজার ৫২৭। আশার কথা হল, এই মুহূর্তে সেই সংখ্যা অনেক কমে এসেছে। গত মার্চ ও এপ্রিলের এই দুই সপ্তার থেকে প্রতি দিনের গড় কল রেট ছিল ৪ হাজারেরও বেশি। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স বিভাগ জানিয়েছে, ফোনকল কম আসার হার কেন কমে এসেছে, তার সঠিক কারণ এই মুহূর্তে বলাটা পরিস্থিতি বিবেচনায় খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ফায়ার ডিপার্টমেন্ট অপারেটররা জানিয়েছেন, করোনা মহামারির সময়ে এত দিন তারা মিনিটে চারটি নতুন কলের উত্তর দিয়েছে।

করোনা রোগীদের অবস্থা খুব গুরুতর হওয়ায় প্রতিটি কলে ১০ মিনিটের বেশি সময় তাদের সঙ্গে কথা বলে ডাক্তারি স্বাস্থ্যগত পরামর্শ দিতে হতো। অন্য সময় সাধারণ পরিস্থিতিতে তাদেরকে ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত কথা বলে পরামর্শ দিতে হয়।