৯৮ স্টোরে অভিবাসন পুলিশের অভিযান গ্রেপ্তার ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের বৈধ অনুমতিপত্র যাচাই বাছাই করে কর্মী নিয়োগ হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র জুড়ে একযোগে ৮৯টি স্টোরে হানা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ আইস এবং হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। এই ৯৮টি স্টোরের সবগুলোই, সেভেন ইলেভেন নামের গ্রোসারি/পেট্রল পাম্প সংলগ্ন স্টোর। নিউইয়র্কের স্টেটন আইল্যান্ডের অন্তত ৩টি সেভেন ইলেভেন স্টোরসহ নিউইয়র্কের বেশ কয়েকটি জায়গায়ও অনুরূপ হানা দিয়েছে আইস দপ্তর এবং হোমল্যান্ড সিকিউরিটি পুলিশ। এক রাতেই ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউইয়র্কের স্টেটন আইল্যান্ডের ১৪৪০ ফরেস্ট অ্যাভিনিউয়ের সেভেন ইলেভেন স্টোরের মালিক সংবাদমাধ্যমকে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটায় পুলিশ তল্লাশি চালায় আমার দোকানে। তাঁরা কর্মীদের হাজিরা খাতা এবং অন্যান্য প্রমাণাদি দেখার চেষ্টা করেন। উপস্থিত দুজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন। তবে আমাদের এখান থেকে কাউকে গ্রেপ্তার করেনি, কারণ আমরা আইন অনুযায়ী বৈধ কর্মী নিয়োগ করেই ব্যবসা করছি।’
অনুরূপ তল্লাশি চালানো হয়েছে স্টেটন আইল্যান্ডের ১২৫২ ফরেস্ট অ্যাভিনিউয়ের একটি স্টোরে। সেখানে ম্যানেজার বা মালিকের ছেলে ছিল তখন কর্মরত। পুলিশ তাঁর গ্রিন কার্ড দেখতে চেয়েছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই ম্যানেজার।
নিউইয়র্কের বাইরে ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, ইন্ডিয়ানা, ম্যারিল্যান্ড, মিশিগান, মিসৌরী, নেভাডা, নিউজার্সি, নর্থ ক্যারোলাইনা, ওরেগান, পেনসিলভানিয়া, টেক্সাস এবং ওয়াশিংটনের সিয়াটল শহরে এই অভিযান চালানো হয়েছে এক যোগে। একমাত্র টেক্সাস ছাড়া বাকিগুলো অভিবাসী বান্ধব এবং ডেমোক্র্যাট প্রাধান্যের রাজ্য হিসেবে পরিচিত।
এই অভিযান পরিচালনা প্রসঙ্গে ইমিগ্রেশন পুলিশ আইস এর একজন ডেপুটি ডিরেক্টর থমাস ডি হমান বলেছেন, ‘যেসব প্রতিষ্ঠান অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ করে দেয়, মূলত তারাও, এই দেশে অবৈধ অভিবাসীদের টেনে আনছে। আমরা খুব কঠোর পরিশ্রম করছি এই চুম্বকরূপি কাজের জায়গাগুলোকে আইনের আওতায় আনতে। আইস, ভবিষ্যতে এই ধরনে আরও তল্লাশি চালাবে যেন, কাজের বাজারে আমেরিকান শ্রমিকরাই প্রাধান্য পায়। সেই সঙ্গে যারা অবৈধদের শ্রমের সুযোগ করে দিচ্ছে, তাদের রাষ্ট্রীয় সুবিধাদি বাতিল করা সহ অন্য শাস্তির বিধান প্রয়োগ করা হবে।’
সাম্প্রতিক সময়, অবৈধ অভিবাসী অথবা কাজের অনুমতিহীন অভিবাসীদের খেয়ে পরে বাঁচার ক্ষেত্র ক্রমশই সংকুচিত হচ্ছে। নিউইয়র্কের এস্টোরিয়া, জ্যাকসন হাইটসে বেশ কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট-এ আইস হঠাৎ তল্লাশি চালিয়েছে। এসব কারণে জ্যাকসন হাইটসে কাগজপত্রহীনদের আনা গোনাও কমে গেছে।
এই ঘটনায় উদ্বেগ বেড়েছে অভিবাসীদের অভয়ারণ্যখ্যাত নিউইয়র্কে। সেই সঙ্গে, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।