'অপু'কে নিয়ে প্রশ্ন রয়েছে জ্যাকসন হাইটসবাসীর

জ্যাকসন হাইটসের জনপ্রিয় স্ট্যান্ড–আপ কমেডিয়ান হ্যারি কনডাবোলু এবার ‘অপু’কে নিয়ে মেতেছেন। প্রশ্ন হচ্ছে, অপু কে?
উত্তর হলো: জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসনস’ এর একটি চরিত্রের নাম অপু। আর এ চরিত্রের উপস্থাপন নিয়েই আপত্তি হ্যারির। কিন্তু আপত্তি জানিয়েই তিনি থেমে থাকেননি। ‘দ্য প্রবলেম উইথ অপু’ নামে একটি ডকু ফিকশন নির্মাণেও নেমেছেন হ্যারি, যেখানে অপু চরিত্রের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূতদের হেয় করা হয়েছে বলে প্রমাণ হাজির করছেন তিনি। আর এর সূত্র ধরে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরও বেশ কয়েকজন তারকা।
আশির দশকের শেষ দিকে শুরু হওয়া অ্যানিমেটেড টিভি সিরিজ ‘দ্য সিম্পসনস’–এর ২৯ তম সিজন চলছে এ বছর। আমেরিকার ইতিহাসেই এটি দ্বিতীয় দীর্ঘতম টিভি সিরিজ। ভীষণ জনপ্রিয় সিরিজের একজন ভক্ত হওয়া সত্ত্বেও এর একটি চরিত্রের চিত্রায়ণ নিয়ে ভীষণ চটেছেন এ সময়ের আরেক জনপ্রিয় স্ট্যান্ড–আপ কমেডিয়ান হ্যারি কনডাবোলু। জ্যাকসন হাইটসের জনপ্রিয় এ কমেডিয়ান বেশ গুরুতর কিছু প্রশ্ন তুলেছেন সিরিজটি নিয়ে।
হ্যারির ভাষ্যমতে, তাঁর মূল প্রশ্নটি মিডিয়াতে দক্ষিণ এশীয়দের উপস্থাপনরীতি নিয়ে। এ ক্ষেত্রে তিনি অপুকে একটি উদাহরণ হিসেবেই বেছে নিয়েছেন মাত্র। দ্য সিম্পসনস সিরিজে অপুর চরিত্রটি একজন নিত্যপণ্যের দোকানদারের। বিশাল বপু ভারতীয় বংশোদ্ভূত এ চরিত্রের উচ্চারণরীতি এ সিরিজে বেশ গুরুত্বপূর্ণ। কারণ তার চিত্রায়ণের সঙ্গে সঙ্গে এ উচ্চারণরীতিটিও হাস্যরসের উৎস হিসেবে হাজির করা হয়েছে, যা সংশ্লিষ্ট চরিত্রের পটভূমির সঙ্গে খাপ খায় না। অথচ দক্ষিণ এশীয় অভিনেতাদের দ্বারা এর কণ্ঠ দেওয়া হলে অনেকাংশেই তা এড়ানো সম্ভব হতো। কিন্তু এতে কণ্ঠ দিয়েছেন শ্বেতাঙ্গ অভিনেতা হ্যাংক আজারিয়া।
এ বিষয়ে দ্য ভার্জে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষত অপুর কণ্ঠ হিসেবে আজারিয়াকে মনোনীত করার সমালোচনা করেছেন হ্যারি। তাঁর মতে, হলিউডে অশ্বেতাঙ্গদের হেয় করার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। বিভিন্ন সিনেমা কিংবা টিভি সিরিজে অন্য জাতিগোষ্ঠীর অভিনয় শিল্পীদের নিজ এলাকার বাচনভঙ্গি হিসেবে এমন কিছু সেঁটে দেওয়া হয়, যা আদৌ তাদের নয়। আবার অ্যানিমেটেড কাহিনিচিত্রের ক্ষেত্রে অনেক ক্ষেত্রই দেখা যায় শ্বেতাঙ্গদের দ্বারা এসব চরিত্রের মুখে হাস্যকর সব বাচনভঙ্গি জুড়ে দিতে, যা ওই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য ভীষণ অবমাননাকর।
৪৯ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য প্রবলেম উইথ অপু’ নির্মাণের সময় হ্যারির অন্যতম লক্ষ্য ছিল আজারিয়ার একটি সাক্ষাৎকার গ্রহণ। কিন্তু সেটি সম্ভব হয়নি। অবশ্য ‘দ্যা সিম্পসনস’র একজন চিত্রনাট্যকারের সাক্ষাৎকার তিনি নিয়েছেন। আর এতে উঠে এসেছে দারুণ আরেক তথ্য। ওই লেখকের বরাত দিয়ে হ্যারি জানান, অপুর নামটি নেওয়া হয়েছে অস্কারজয়ী বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘অপু’ চরিত্র থেকে। সেখানে অপু চরিত্রের সঙ্গে লেপ্টে আছে নন্দন ও যন্ত্রণার যুগলবন্দী। অথচ এই অপুকেই কার্টুনটিতে উপস্থাপন করা হয়েছে হাস্যকরভাবে। ‘দ্য সিম্পসনস’র অপু একজন পিএইচডি হলেও একটি দোকানই তার জীবিকার সম্বল। আর এর সঙ্গে রয়েছে তার এক অদ্ভুত বাচনভঙ্গি, যা দিয়ে বোঝার উপায় নেই অপু বাঙালি, দক্ষিণ ভারতীয়, তামিল নাকি কানাড়ি।
স্থানীয় এক টিভি চ্যানেলে আয়োজিত টক শোতে এ বিষয়ে হ্যারি বলেন, ‘অপুর বিষয়ে চালু বিভিন্ন কৌতুকের সঙ্গে আরও বড় কিছু জড়িত রয়েছে। মানুষ এতে মজা পাচ্ছে। কিন্তু আমরা কথা বলছি মিডিয়াতে বিদ্যমান অশ্বেতাঙ্গদের উপস্থাপনরীতি নিয়ে।’
এরই মধ্যে ‘দ্য প্রবলেম উইথ অপু’ নিয়ে অনেকখানি এগিয়েছেন হ্যারি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান বেশ কয়েকজন অভিনয় শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছেন কাল পেন, আজিজ আনসারি ও আসিফ মান্দভি। তারা প্রত্যেকেই নিজেদের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ক্যারিয়ারের শুরুতে তাদের প্রত্যেককেই বাঁধাধরা কিছু চরিত্র করার চাপের মুখোমুখি হতে হয়েছে। হ্যারি নিজেও এর মধ্য দিয়ে গিয়েছেন। একই ছকের হাস্যকর চরিত্র করার অফার এড়াতে তাকে অভিনয়ের জন্য অডিশনে অংশ না নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল।
হ্যারি বলেন, ‘আমি দেখাতে চাই যে, মিডিয়ায় বর্ণবাদের ভিত কতটা পাকা। মিডিয়ার হালচাল নিয়ে আমার সহকর্মীসহ সবাই আরও গভীরভাবে ভাবুক তাই আমি চাই।’