
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে প্রর্থী হওয়ার কথা ছিল না। এ বিষয়ে আগে তাঁর মধ্যে কোনো আগ্রহও লক্ষ করা যায়নি। কয়েক বছর আগেও এ নিয়ে কোনো কথা বলেননি তিনি। ব্যস্ত ছিলেন ব্যবসা নিয়েই। পিতার অর্থসাহায্যে গত শতাব্দীর সত্তরের দশকে নিউইয়র্কে গৃহনির্মাণ ব্যবসায় নামেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী ২০ বছরে তিনি দেশের অন্যতম বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী হয়ে ওঠেন। নিউইয়র্কের বিখ্যাত হোটেল গ্র্যান্ড হায়াত তাঁর সাফল্যের মুকুটে অন্যতম পালক।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরে নিজ নামাঙ্কিত ‘ট্রাম্প টাওয়ার’ একদিন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত করে ট্রাম্পকে। তবে তিনি ‘সেলিব্রিটি’ হয়ে ওঠেন ২০০৪ সালে এনবিসি টিভিতে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের রিয়েলিটি শোর উপস্থাপক হিসেবে।
২০১২ সালে ট্রাম্প প্রথম ইঙ্গিত করেন যে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। একসময় ডেমোক্রেটিক পার্টির সমর্থক হলেও তিনি রিপাবলিকান পার্টির সদস্য হিসেবেই প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেন। রিপাবলিকান দলের সবচেয়ে রক্ষণশীল অংশের সমর্থন আদায়ে ট্রাম্প একসময় প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। ওবামার জন্ম হাওয়াই অঙ্গরাজ্যে—এই মর্মে তাঁর জন্মের সনদ প্রকাশ করার পরও ট্রাম্প সন্দেহ প্রকাশ করা অব্যাহত রাখেন। ২০১৫ সালের ১৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তখন খুব কম লোকই ট্রাম্পের প্রার্থিতা গুরুত্বের সঙ্গে নিয়েছিল। অধিকাংশ পর্যবেক্ষক ভেবেছিলেন, ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ অথবা সিনেটর মার্কো রুবিওই হবেন রিপাবলিকানদের চূড়ান্ত প্রার্থী। অথচ ১৬ জন রিপাবলিকান প্রার্থীকে বাছাইপর্বে পরাস্ত করে জুলাই মাসে দলের প্রার্থিতা ছিনিয়ে নেন ট্রাম্প।
>২০১২ সালে ট্রাম্প প্রথম ইঙ্গিত করেন যে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। একসময় ডেমোক্রেটিক পার্টির সমর্থক হলেও তিনি রিপাবলিকান পার্টির সদস্য হিসেবেই প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেন
গোড়া থেকেই ট্রাম্প দলের সবচেয়ে রক্ষণশীল অংশে নিজের জনপ্রিয়তা প্রতিষ্ঠার জন্য উগ্র দক্ষিণপন্থী বক্তব্য দেন। অভিবাসীদের ব্যাপারে ভীতি ছড়ানো ছিল তাঁর প্রধান অস্ত্র। অবৈধ অভিবাসীদের বহিষ্কার করবেন—তাঁর এই প্রতিশ্রুতি দেশের শ্বেতাঙ্গ ভোটারদের একাংশ সানন্দে লুফে নেয়। জঙ্গিবাদী হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণাও অনেকের মধ্যে উল্লাসের সৃষ্টি করে।
প্রচারণার শেষ পর্যায়ে নিজের ‘যৌন আস্ফালন’ সংবলিত একটি ভিডিও প্রকাশিত হলে বেকায়দায় পড়ে যান ট্রাম্প। এর আগেই অনেক নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন উৎপীড়নের অভিযোগ করেছিলেন। কিন্তু তিনি এই সমস্যাও তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ক্রমাগত অভিবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র তার ‘শ্বেতকায় চরিত্র’ হারাচ্ছে বলে যাঁরা উদ্বিগ্ন, সব ধরনের কেলেঙ্কারি সত্ত্বেও ট্রাম্পকেই তাঁরা পছন্দের প্রার্থী হিসেবে গ্রহণ করেছেন। তিনবার বিয়ে করা এবং অনেক নারীঘটিত কেলেঙ্কারিতে নাম জড়ানোর পরও দেশের প্রভাবশালী ইভানজেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায় ট্রাম্পের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
নিজেকে একজন রাজনীতিবিরোধী প্রার্থী হিসেবে হাজির করেছেন ডোনাল্ড ট্রাম্প। যাঁরা রাজনীতির ওপর বিরক্ত, দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায়; সেই সব সাদা শ্বেতাঙ্গ মানুষ ট্রাম্পের মধ্যেই তাঁদের ‘ত্রাতার’ খোঁজ পেয়েছেন। সত্যি সত্যি তিনি ত্রাতা কি না, তা হয়তো অচিরেই জানা যাবে।