'অ্যা ওয়েলকামিং অ্যান্ড সেফ আমেরিকা ফর অল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নি স্যান্ডার্স
বার্নি স্যান্ডার্স

মার্কিন অভিবাসন নিয়ে যুগান্তকারী পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাইয়ের লড়াইয়ে নামা বার্নি স্যান্ডারস। ৭ নভেম্বর তিনি তাঁর অভিবাসন বিষয়ে বিস্তর পরিকল্পনার ঘোষণা দেন। কতিপয় নির্বাহী আদেশ ও নতুন আইন প্রণয়নের মাধ্যমে অভিবাসন পদ্ধতির আমূল পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে তাঁর এই পরিকল্পনায়।
ক্ষমতা গ্রহণের প্রথম প্রহরেই অভিবাসী বহিষ্কারের সব আদেশ স্থগিত করা হবে। বাড়ি ও কর্মস্থলে আইস কর্তৃক তল্লাশি বন্ধ করাসহ মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা হবে। পরিবার পৃথক্‌করণ ও ব্যবসার উদ্দেশে গঠিত আটককেন্দ্র ইত্যাদি বন্ধের নির্দেশ দেবেন বলে জানালেন এই মনোনয়নপ্রত্যাশী।
বার্নি স্যান্ডারস তাঁর গৃহীত ‘অ্যা ওয়েলকামিং অ্যান্ড সেফ আমেরিকা ফর অল’ প্রয়োগ করবেন বার্নি। এই কর্মসূচির আওতায় ট্রাম্প প্রশাসনের বর্তমান ইমিগ্রেশন বিষয়ক জাস্টিস বিভাগের নির্দেশনা উঠিয়ে নেবেন বলে উল্লেখ করেন ভারমন্ট অঙ্গরাজ্যের এই সিনেটর। পারিবারিক কলহ, হিংস্রতা ইত্যাদি থেকে পালিয়ে রক্ষা পেয়ে আসা ব্যক্তিদের আশ্রয়প্রার্থিতা বিবেচনা করবেন এবং ট্রাম্পের তথাকথিত ‘পাবলিক চার্জ’ নীতি পরিত্যক্ত করবেন বলেও ইঙ্গিত দেন বার্নি স্যান্ডারস।
এই সিনেটর ইঙ্গিত দেন, আর্থিক অসচ্ছলতা আর অক্ষমতার কারণে অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ হবে। স্থায়ী গ্রিনকার্ড পাওয়া পর্যন্ত টেম্পরারি প্রোটেকশন স্ট্যাটাস (টিপি) বর্ধিত করা হবে। ওই সব ক্ষেত্রে ট্রাম্পের নেওয়া প্রত্যেকটি নেতিবাচক পদক্ষেপ বাতিল ঘোষণা দেওয়া হবে।
বার্নি তাঁর ঘোষিত অভিবাসন নীতিতে ১৮ লাখ তরুণ অভিবাসীর ভাগ্য বলে কথিত ‘ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালের (ডাকা) প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তিনি ‘ডাকা’ সদস্যদের মা-বাবাদের জন্য বৈধতার ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করেন। যেমনটি ওবামা আমলে প্রস্তাব হয়েছিল, বৈধতাবিহীন অভিবাসী যারা পাঁচ বছরের অধিক এ দেশে অবস্থান করছেন, এমন ব্যক্তিদের বহিষ্কার না করার নীতির সুপারিশও রয়েছে এই প্রস্তাবে।
বার্নি স্যান্ডারসের এই পরিকল্পনায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে অবকাঠামোগতভাবে পুনর্বিন্যাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
বার্নি আইসকে বিচার বিভাগে আর কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনকে ট্রেজারি বিভাগের সঙ্গে একীভূত করার পক্ষে। তাঁর সিনিয়র উপদেষ্টা জেফ ওয়েভার বলেন, ‘সব ইমিগ্রেশন ইস্যুকে একই সমান মানদণ্ডে বিবেচনা না করে এক একটিকে পৃথকভাবে দেখলে, যেখানে কঠোরতা আরোপ প্রয়োজন, সেখানে আমরা তা করতে পারব। সুতরাং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আইস যে ধরনের কার্যক্রম চালায়, সে বিবেচনায় এমন সংস্থাকে বিচার বিভাগের আওতাধীন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের বিশ্বাস।’ অভিবাসী-শ্রমিকদের স্বার্থকে বাণিজ্য-আলোচনায় অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তাদের অধিকারকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়ার উল্লেখ আছে বার্ণির পরিকল্পনায়।
আনডকুমেন্টেড অভিবাসীরা যাতে ধরা পড়ার ভয় থেকে মুক্ত থাকেন, অবৈধ, সন্দেহজনক ও জঙ্গি তৎপরতা রিপোর্ট করতে পারেন নির্ভয়ে। সেই উদ্দেশ্যে একটি ‘হুইসেল ব্লোওয়ার’ ভিসা প্রোগ্রাম প্রণয়নের কথাও রয়েছে এতে। নির্বিশেষে দেশের সব খামার কর্মীরাও যাতে ১৫ ডলার ন্যূনতম মজুরি পায়, সে বিষয়টি নিশ্চিত করার প্রস্তাব রয়েছে বার্ণির পরিকল্পনায়।
জলবায়ু পরিবর্তন এবং এ কারণে সৃষ্ট স্থানচ্যুতিজনিত ইস্যু বার্ণির ইমিগ্রেশন পরিকল্পনার বিশেষ দিক। তাঁর প্রস্তাবিত পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুত মাইগ্র্যান্টদের স্বাগত জানানোর বিষয়টি সম্পৃক্ত করা হয়েছে। সেই অনুযায়ী তাঁর প্রশাসনের প্রথম বছরে ৫০ হাজার অভিবাসী গ্রহণের প্রস্তাব রয়েছে। ডকুমেন্ট ছাড়া বর্ডার ক্রসিংকে একটি ‘ফেডারেল ক্রাইম’ থেকে ‘সিভিল অফেন্সে’ ডাউনগ্রেড করা।
গত জুনে সাবেক আবাসন ও নগর উন্নয়ন সেক্রেটারি জুলিয়ান ক্যাষ্ট্রোর আনা এমন প্রস্তাবের সঙ্গে যুক্ত হন বার্নি স্যান্ডারস। গত এপ্রিলে আইওয়া অঙ্গরাজ্যের ওসকালুসায় অনুষ্ঠিত এক টাউন হল মিটিংয়ে তিনি কি ওপেন বর্ডার নীতিতে বিশ্বাস করেন—এমন প্রশ্নের উত্তরে বার্নি বলেন, ‘এটি আমার বিষয় নয়, আমি যেটা মনে করি তা হচ্ছে, আমাদের অভিবাসন পদ্ধতির ব্যাপক সংশোধন প্রয়োজন।’ উপস্থিত দর্শকদের এক প্রশ্নের জবাবে তিনি এও বলেন, ‘বিশ্বে আজ ভয়াবহ দারিদ্র্য রয়েছে। তবে এ ব্যাপারে আমাদের কিছু করার আছে, তা আমি মনে করি না। এ বিষয়ে এখানে আমার কোন অবস্থান নয়।’
বার্নি সব সময় তাঁর বাবার যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার বিষয়টি উল্লেখ করে থাকেন। ডেমোক্রেটিক কংগ্রেসওমেন ইলহান ওমরকে সঙ্গে নিয়ে মিনিয়াপলিসে অনুষ্ঠিত এক র‌্যালিতে তিনি বলেন, ‘আমি জানি আমি কে, কোথা থেকে এসেছি।’
জেফ ওয়েভার অভিবাসন বিষয়টিকে বার্নি স্যান্ডারসের জন্য গভীর এক ব্যক্তিগত ইস্যু হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, অন্যান্য লিবারেল নেতৃবৃন্দের ন্যায় নিউইয়র্কের জনপ্রিয় প্রগতিশীল কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করটেজ এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশি আমেরিকান মেরী জুবাইদাও ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডারসের অভিবাসন নীতিতে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।