'আই অ্যাম নট চাইনিজ'
‘ইউ আর এ ফা… চাইনিজ!’
কালো লোকটার চিৎকারে পুরো ইমার্জেন্সি রুম নরকে পরিণত হয়েছে। চারদিকে মৃত্যু আর আর্তনাদের মধ্যে এই চিৎকার যেন সাক্ষাৎ মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে পুরো জায়গাটাকে।
কখনো জ্ঞান থাকে, কখনো থাকে না—এমন একটা হলদে জগতে তন্দ্রাচ্ছন্ন আছেন ইমাম এনায়েত রসুল। চার পাশে বহু মানুষের মধ্যে কেউ গোঙাচ্ছে, কেউ ঘুমিয়ে আছে। আসলেই ঘুমিয়ে আছে, অন্য কিছু নয়তো। ঘুমন্ত কাউকে কাউকে একটা বড় ব্যাগে ঢুকিয়ে চেইন লাগিয়ে নিয়ে যেতে দেখেছেন তিনি! তার মানে সে মারা গেছে। উনি নিজেও বেঁচে আছেন কিনা ঠিক ঠাহর করতে পারেন না। এটা হাশরের ময়দানে যাওয়ার পূর্ব মুহূর্ত নয়তো।
কালো লোকটার চিৎকারে ইমাম এনায়েত রসুলের মনে পড়ে নাইন–ইলেভেনের পরের কথা। ‘ফা...’ শব্দটা তখন বহুবার শুনেছে। আসলে সে সময়ই শব্দটার সঙ্গে পরিচয়। পথে–ঘাটে বের হলে হেনস্তার স্বীকার হওয়া ছিল তখন দৈনন্দিন ঘটনা। লম্বা দাড়ি আর মাথায় টুপি ছিল বলে বহু লোক চলার পথে ইচ্ছা করে ধাক্কা দিত। গালি শুনতে হতো অহরহ। তখন ফা... শব্দটার শেষে ‘মোজলেম’ বলে গালি দিত। তখন তো লকডাউন শব্দটা জানত না কেউ। সেই সময়েও হেনস্তার ভয়ে দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন তিনি পরিবারের সদস্যদের নিয়ে।
কালো লোকটার চিৎকার ভুলে থাকতে এনায়েত রসুল অন্য কিছু ভাবার চেষ্টা করেন। সেখানেও বিরাট সমস্যা। মস্তিষ্ক কোনোভাবে কাজ করছে না। বহু চেষ্টা করেও মনে করতে পারছেন না আজ কি বার! শুক্রবার জুমার নামাজ পড়িয়েছেন তাও তো কত দিন হয়ে গেল। আজ কি তাহলে আরেক শুক্রবার? পিটপিট করে কাচের আড়াল দিয়ে বাইরে তাকান তিনি। বাইরে আজ মেঘলা দিন মনে হল তাঁর। কাচের ওপারে কি বাইরের পৃথিবী নাকি এই রকম আরেকটা রুম কিছুই বোঝা যাচ্ছে না।
এনায়েত রসুল এত দিন সবাইকে ছবক দিয়েছেন তার ক্ষুদ্র ইসলামি জ্ঞান দিয়ে। ক্ষুদ্র শব্দটা এই জন্য বলা যে, আশপাশে যাদের দেখেন তারা কেউই ইসলাম সম্পর্কে তার চেয়ে বেশি জানে না! ক্ষুদ্র শব্দটা অতি বিনয়ে বলতেন সবাইকে। জ্যাকসন হাইটসের নামকরা মসজিদের ইমাম তিনি, রোগ হলে কতবার পড়া পানি দিয়েছেন অসুস্থ মানুষদের, এখন তিনি নিজেই জানেন না বাঁচবেন নাকি মরবেন।
জীবনে এত বেকুব নিজেকে কখনো মনে হয়নি ইমাম রসুলের। এই দেশে করোনাভাইরাস আসার পরে মসজিদে-খুতবায় কত রকম ওয়াজ নসিহত করেছেন তিনি। সবাইকে বলেছেন, অসুখ–বিসুখ দেওয়ার মালিক আল্লাহ। জামাতে নামাজ পড়ে মোনাজাত করলে আল্লাহতায়ালা কোন সাচ্চা মুসলমানকে করোনায় আক্রান্ত করবেন না। তার সেই বয়ান শুনে অনেকে মনে জোর পেয়েছে। আলহামদুলিল্লাহ-সুবহানআল্লাহ বলে উচ্চ স্বরে চেঁচিয়ে উঠেছে। সেই তারা কি শোনেনি, ইমাম এনায়েত রসুল করোনাভাইরাসে কাবু হয়ে হাসপাতালে! নিশ্চয়ই শুনেছে! লজ্জার আর কিছু থাকল না! ইমাম সাহেব মনে মনে ভাবেন, এর চেয়ে মৃত্যুও ভালো।
ইমার্জেন্সিতে অনেকে মৃত্যু যন্ত্রণায় গোঙাচ্ছে। কেউ কারও দিকে তাকানোর সময় নেই। কারও কাছে মোবাইলও নেই যে, আপনজনের সঙ্গে যোগাযোগ করবে। এক বাংলাদেশি মহিলা স্যালাইন হাতে বেডের চার পাশে ঘুরছেন আর ‘কালাম’ ‘কালাম’ বলে একটু পর পর ডাক ছেড়ে কেঁদে উঠছেন। এক নার্স এসে কয়েকবার বলল, ‘গো টু বেড! গো টু বেড! ডোন্ট ডু ইট!’ কিন্তু বয়স্ক মহিলা মনে হয় ইংরেজি জানেন না। নার্সের কথায় তিনি বেডের চার পাশে ঘোরা থামালেন না।
এনায়েত রসুল ক্ষীণ স্বরে কালামের মাকে বলার চেষ্টা করেন, ‘আপনাকে বেডে যেতে বলা হয়েছে। এভাবে ঘুরে লাভ নেই।’ কিন্তু কেন যেন গলা থেকে কোন স্বর বের হয় না। ইমাম সাহেব ঠিক কবে হাসপাতালে এসেছেন, মনে করতে পারেন না। দুই দিন নাকি চার দিন, না আরও বেশি! প্রচণ্ড তৃষ্ণা সারা শরীর খাক হয়ে যাচ্ছে। নিজের পাতলা পায়খানার ওপর শুয়ে আছেন তিনি। গত কয়েক দিনে অনেকবার পানি চেয়ে ডেকেছেন, কেউ সাড়া দেয়নি। একটু পরিষ্কার করার জন্য কত কেঁদেছেন, কেউ আসেনি।
পাশের বেডে শুয়ে থাকা কালো লোকটার মতো হলে হয়তো আসত। বিদঘুটে ঘড়ঘড়ে কণ্ঠস্বর লোকটার, একবার কথা বলে উঠলে রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যায়। ‘ফা...’ শব্দ ছাড়া কোন বাক্য বলতে পারে না। ইমাম সাহেব শুনেছেন, আমেরিকান পরিবারে বাপ-মা, ভাই-বোনরা নিজেদের মধ্যেও শব্দটা বলে! তিনি তো কল্পনার ত্রিসীমানার মধ্যে আনতে পারেন না এমন একটি শব্দ, তার পরিবারের মধ্যে তিনি উচ্চারণ করেছেন।
ইমাম সাহেবের শব্দ বিষয়ক ভাবনার মধ্যে বিশালদেহী দুই নার্স এসে তাঁর পোশাক পাল্টাতে আসে। দুই দিনের পুরোনো পায়খানা তারা পরিষ্কার করে অবলীলায়। খুব লজ্জা লাগে তাঁর। নারীরা তাকে পরিষ্কার করিয়ে দিচ্ছে ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। লজ্জা থেকে বাঁচার জন্য অজ্ঞানের ভান করে থাকেন তিনি। ওরা স্যালাইনের সুচ ঢুকায় ইমাম সাহেবের শরীরে, অক্সিজেন মাস্ক দেয় মুখে। দুই নার্স নিজেদের মধ্যে কথা বলে জোরে জোরে। এত শব্দের মধ্যে কারও জেগে থাকার কথা নয়। এনায়েত রসুল কীভাবে জেগে উঠবেন বুঝতে পারেন না!
তবে তার জেগে ওঠার আগে উঠে গেছে ওই বিশাল দেহী কালো লোকটা। সব নার্সদের মনোযোগ চলে যায় তার দিকে। কালো লোকটা একটু দূরের এক রোগীকে উদ্দেশ্যে করে চিৎকার করে বলছে- ‘ইউ ফাকিং চাইনিজ!’ ‘ইউ ব্রোট করোনাভাইরাস টু আমেরিকা!’
একটু আগে চাইনিজ চেহারার এক বয়স্ক নারীকে ওই বেডে আনা হয়েছে। তাকে দেখে ক্ষেপে গেছে কালো লোকটা। এনায়েত রসুল এখানকার বাংলা পত্রিকায় পড়েছেন, করোনাভাইরাসে বেশি মারা যাচ্ছে কালো লোকেরা। বেশির ভাগ আমেরিকান মনে করে, চাইনিজরা এই দেশে করোনাভাইরাস এনেছে। যে কারণে কালো লোকটার প্রচণ্ড রাগ ওই নারীর ওপরে। পারলে এখনই খুন করে বসে!
নার্সদের বাধা সত্ত্বেও কালো লোকটা থামে না। মুখে অক্সিজেন মাস্ক ও হাতে স্যালাইন নিয়ে উঠে যায় বেড থেকে। আর মুখে তো অশ্রাব্য গালিগালাজ চলছে। উপায়ন্তর না দেখে বিশালদেহী নার্সরা এসে হাত আর পা বেঁধে রাখে কালো লোকটির। হাত–পা বাঁধা অবস্থায় তেড়ে ফুড়ে ওঠে সে।
ওদিকের নারীটিও চুপ করে থাকেন না। তিনিও সমান দাপটে উত্তর দেন, ‘আই এম নট চাইনিজ। আই এম অ্যা ফিলিপিনো।’ এবার সত্যি জেগে ওঠেন ইমাম এনায়েত রসুল। ওই নারীর এক হাঁকেই থেমে গেছে চিৎকার করা লোকটা। ‘আই অ্যাম অ্যা প্রিন্সিপাল অফ অ্যা স্কুল। ইউ শুড বি অ্যাশেইমড অফ ইয়োর ডার্টি ওয়ার্ডস।’ বলেন ফিলিপিনো নারীটি।
ইমাম এনায়েত রসুল শুয়ে শুয়ে অস্ফুট স্বরে বলে ওঠেন, ‘শাবাশ!’