'আই লাভ এনওয়াই' রোড সাইন সরছে
পর্যটন খাতকে গতিশীল করতে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সড়কের আশপাশে স্থাপন করা হয়েছিল ‘আই লাভ এনওয়াই’ রোড সাইন। কিন্তু এই রোড সাইন গাড়িচালকদের বিভ্রান্ত করার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে—এমন অভিযোগ তুলে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ১৪ মিলিয়ন ডলার জরিমানা করার হুমকি দেয় ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ। এ অবস্থায় রোড সাইনগুলো বদল করার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য।
১ ফেব্রুয়ারি মহাসড়কের আশপাশে থাকা পাঁচ শতাধিক রোড সাইনের বিষয়ে আপত্তি জানিয়ে এর বিপরীতে জরিমানা করার কথা জানায় হাইওয়ে কর্তৃপক্ষ। এ জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় ফেডারেল কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে হয় রোড সাইনগুলো সরাতে হবে, নয়তো ধার্য করা জরিমানা ১৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। এই ঘোষণার পরদিনই নিউইয়র্ক অঙ্গরাজ্যের পক্ষ থেকে এই রোড সাইনগুলো বদলে নতুন রোড সাইন বসানোর ঘোষণা করা হয়।
২ ফেব্রুয়ারি দেওয়া এক যৌথ বিবৃতিতে নিউইয়র্কের ট্রান্সপোর্টেশন কমিশনার পল কারাস ও থ্রু-ওয়ে অথরিটি পরিচালক ম্যাথিউ ড্রিসকল বলেন, ‘এই রোড সাইন বেশ কাজে দিচ্ছিল। তবে এগুলো বদল করা হবে। আগামী গ্রীষ্মেই পর্যটন মৌসুম শুরুর আগে নতুন রোড সাইন বসবে। এ ক্ষেত্রে বিদ্যমান সরঞ্জামগুলোই ব্যবহার করা হবে, শুধু নকশাটি বদলে যাবে। এ বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
এর আগে এ রোড সাইন নিয়ে একাধিকবার ফেডারেল কর্তৃপক্ষ আপত্তি জানালেও গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রশাসন তা কানে তোলেনি। ফেডারেল কর্তৃপক্ষের মূল আপত্তি ছিল, এসব রোড সাইনে সড়কে চলাচলকারী লোকজনের জন্য খুব কম তথ্য রয়েছে। একই সঙ্গে এর নকশাটি ফেডারেল নীতিমালাকেও লঙ্ঘন করছে। কিন্তু শত আপত্তি সত্ত্বেও ২০১৪ সালের জানুয়ারিতে স্থাপন করা এই রোড সাইনগুলো সরাতে অসম্মতি জানিয়ে আসছিল নিউইয়র্ক কর্তৃপক্ষ। তাদের দাবি ছিল, নিউইয়র্কের পর্যটন খাতকে বেগবান করতে এই রোড সাইনগুলো ইতিবাচক ভূমিকা রাখছে। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ। অবশেষে জরিমানার হুমকির মুখে এ বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নিল কুমো প্রশাসন।