ফ্রান্সের প্যারিসে গত শুক্রবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি পরের দিন গত শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় ডেমোক্রেট বিতর্ককে বেশ ভালোভাবেই প্রভাবিত করেছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) মোকাবিলা করাসহ দু-একটি বিষয় ছাড়া অন্য ইস্যুগুলোতে বিতর্কে অংশগ্রহণকারী তিনজনের অবস্থান ছিল প্রায় একই রকম।
বিতর্কের উদ্বোধনী প্রশ্নেই আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী ওই তিন প্রার্থীর কাছে প্যারিস হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। প্রশ্নটি কার্যত এড়িয়ে যান বার্নি স্যান্ডার্স। তিনি সন্ত্রাসবাদ নয়, জলবায়ু পরিবর্তনকে যুক্তরাষ্ট্রের সামনে প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ বলে অভিহিত করেন।
বার্নি স্যান্ডার্স বলেন, ‘আইএসের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। ইরাকে আগ্রাসী যুদ্ধের ফলেই আল-কায়েদা ও আইএসের উত্থান হয়েছে। এর দায়দায়িত্ব আমরা চাইলেও এড়াতে পারব না।’
অন্যদিকে হিলারি ক্লিনটন স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধ সন্ত্রাসবাদের বিরুদ্ধে; ইসলামের বিরুদ্ধে নয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেন, আইএসকে শুধু সংযত করলেই চলবে না, পরাজিতও করতে হবে। তিনি অবশ্য বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রধান ভূমিকা গ্রহণ করা ঠিক হবে না। ওবামার কথার প্রতিধ্বনি করে আরও বলেন, এ যুদ্ধে যারা সরাসরি আইএসের বিরুদ্ধে লড়ছে, আমরা তাদের সহায়কের ভূমিকা পালন করব।’
হিলারির কথায় দ্বিমত পোষণ করেন প্রেসিডেন্ট পদের মনোনয়নপ্রত্যাশী অপর প্রার্থী ও’ম্যালি। তিনি বলেন, ‘এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব তখনই প্রকাশিত হয়, যখন সে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেয়।’
সন্ত্রাসবাদ ও আইএস মোকাবিলা নিয়ে এমন দ্বিমত সত্ত্বেও অত্যন্ত শান্ত ও পরস্পরের প্রতি শ্রদ্ধাপূর্ণ এ বিতর্কে অধিকাংশ প্রশ্নেই এই তিনি প্রার্থী তাঁদের ঐকমত্য প্রকাশ করেন।
শনিবার আইওয়ায় অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় এই ডেমোক্রেটিক বিতর্কে কেউ আশা করেননি প্রতিপক্ষ রিপাবলিকানদের মতো তাঁরা একে অপরের প্রতি নির্বিচারে ঢিল-পাটকেল বর্ষণ করবেন। তবে সুযোগ বুঝে একে অপরের বিরুদ্ধে চাকু মারতে তাঁরা যে পিছপা নন, বিতর্কে অংশগ্রহণকারী তিনজন এদিন তার প্রমাণও দেন।
ডেমোক্রেটিক পার্টির প্রধান প্রার্থী হিলারি ক্লিনটন অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ও মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালির উপর্যুপরি আক্রমণের মুখে প্রায় পুরো সময় আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হন। দুজনেরই অভিযোগ, ওয়াল স্ট্রিটের সঙ্গে হিলারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হিলারির সবচেয়ে বড় চাঁদাদাতাদের মধ্যে রয়েছেন ওয়াল স্ট্রিটের ব্যাংকার ও হেজ ফান্ডগুলোর ম্যানেজাররা। প্রেসিডেন্ট হলে ওয়াল স্ট্রিট নিয়ন্ত্রণের বদলে তাঁদের নির্দেশ মানতেই বাধ্য হবেন হিলারি।
জবাবে হিলারি স্বীকার করেন, নিউইয়র্কের সিনেটর হিসেবে ৯/১১ সন্ত্রাসী হামলার পর ওয়াল স্ট্রিটকে নিজের পায়ে দাঁড়াতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ওয়াল স্ট্রিটের এই পুনরুজ্জীবন গুরুত্বপূর্ণ ছিল। তিনি দাবি করেন, ওয়াল স্ট্রিটকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি যে কর্মসূচি প্রস্তাব করেছেন, তাতে পল ক্রুগম্যানের মতো বামপন্থী অর্থনীতিবিদের সমর্থন পেয়েছেন।
স্যান্ডার্স ও ও’ম্যালি উভয়েই হিলারির কথা হেসে উড়িয়ে দেন। স্যান্ডার্স বলেন, কোনো স্বার্থ না থাকলে ওয়াল স্ট্রিটের ধনকুবেররা তাঁকে বড় অঙ্কের চাঁদা দিতেন না। অন্যদিকে ও’ম্যালি বলেন, ওয়াল স্ট্রিটের স্বেচ্ছাচার থেকে নাগরিকদের রক্ষার দায়িত্ব ডেমোক্র্যাটদের। হিলারির দিকে তাকিয়ে তিনি বলেন, ‘ওয়াল স্ট্রিটের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে সে দায়িত্ব পালন আপনার পক্ষে সম্ভব নয়।’
মার্কিন নাগরিকদের ঘণ্টাপ্রতি সর্বনিম্ন বেতন, মেয়েদের গর্ভপাতের অধিকার, অবৈধ অভিবাসন ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে এই তিন প্রার্থীই কার্যত একই অভিমত প্রকাশ করেন। স্বাস্থ্যবিমা প্রশ্নেও তাঁদের অভিন্নতা ছিল লক্ষণীয়। যদিও স্যান্ডার্স চলতি আইনের বদলে ইউরোপীয় ধাঁচে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।
এ বিতর্কের আগে হিলারি সব জনমত গণনায় এগিয়ে ছিলেন। সবচেয়ে পিছিয়ে ছিলেন ও’ম্যালি। অধিকাংশ ভাষ্যকারই এ বিষয়ে একমত যে দ্বিতীয় বিতর্কের ফলে হিলারির শীর্ষ স্থান হাতছাড়া হচ্ছে না, তবে ও’ম্যালি হিলারির ওপর উপর্যুপরি আক্রমণের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই কারও কারও বিচারে, এ বিতর্কের তিনিই বিজয়ী।