'আগুন দিয়ে আগুন মোকাবিলা' করতে চান ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছ থেকে কথা বের করতে বিতর্কিত নির্যাতনমূলক ‘ওয়াটার বোর্ডিং’ পদ্ধতির সমর্থন করে বলেছেন, এটি খুব ‘কার্যকর’। বর্তমানে মার্কিন আইনে অবৈধ এই পদ্ধতির সমর্থনে তিনি বলেন, ‘আগুন দিয়েই আমাদের আগুনের মোকাবিলা করতে হবে।’
ট্রাম্প আরও বলেছেন, কয়েকটি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসা ঠেকানো জরুরি হয়ে পড়েছে, কারণ তাদের কারণে বিশ্বে ‘ঘোর বিশৃঙ্খলা’ তৈরি হয়েছে। বুধবার এবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তৈরি এবং যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলের কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের আটক বা গ্রেপ্তার করে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ হিসেবে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পাশাপাশি ট্রাম্পের এ সাক্ষাৎকার প্রচারিত হলো।
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি তাঁর দেশকে ‘নিরাপদ রাখতে’ চান। সে কারণেই সন্দেহভাজন সন্ত্রাসী ও জঙ্গিদের জিজ্ঞাসাবাদে ওয়াটার বোর্ডিং পদ্ধতি সমর্থন করেন। খুবই যন্ত্রণাদায়ক বলে ওয়াটার বোর্ডিং পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক আছে। এর কার্যকারিতা নিয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের ভিন্নমতের খবরও প্রকাশিত হয়েছে। এ পদ্ধতিতে সন্দেহভাজনের চোখমুখ কাপড় দিয়ে বেঁধে শুইয়ে মুখের ওপর পানি ঢালা হয়। এতে মনে হতে থাকে, সে ডুবে মারা যাচ্ছে।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যখন আইএসের জঙ্গিরা শিরশ্ছেদ করে, তখন ওয়াটার বোর্ডিং বিষয়টিকে তাঁর গুরুতর কিছু মনে হয় না। তিনি বলেন, গোয়েন্দা কর্মকর্তাদের তিনি জিজ্ঞাসা করেছিলেন, ‘এতে কী কাজ হয়?’ জবাবে তাঁরা বলেছেন, এটি শতভাগ কার্যকর।
এদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখাসহ বৈধ অভিবাসনও নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের খসড়া তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট ওই আদেশের খসড়া প্রকাশ করেছে। খসড়া অনুযায়ী, সিরিয়ার শরণার্থীরা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন। শরণার্থী প্রকল্প ১২০ দিনের জন্য স্থগিত থাকবে। এ ছাড়া ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া ও ইয়েমেন থেকে করা সব ধরনের ভিসার আবেদন স্থগিত থাকবে।
মুসলিমপ্রধান দেশগুলোর শরণার্থীদের নিষিদ্ধ করলেও এটিকে মুসলিমদের নিষিদ্ধ করা বলতে নারাজ ট্রাম্প। তিনি বলেন, ‘এটি মুসলিমদের নিষিদ্ধ করা নয়, কিন্তু এই দেশগুলোতে ভয়ানক সন্ত্রাসীরা রয়েছে।’