'আগের দিনও শান্ত ছিলেন ওমর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের নাইট ক্লাবে হামলার আগের দিন হামলাকারী ওমর মতিন শান্ত ছিলেন। তাঁর মধ্যে কোনো রাগ বা উন্মাদনা দেখা যায়নি। ওমর মতিনের বাবা সিদ্দিক মতিন এমনটাই বলছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত শনিবার গভীর রাতে সমকামীদের নাইট ক্লাবে গুলি করে ৪৯ জনকে হত্যা করেন আফগান বংশোদ্ভূত ওমর। পরে পুলিশি অভিযানের সময় হামলাকারীও গুলিতে নিহত হন।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে বন্দুকধারীর হামলায় এত বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর অর‍ল্যান্ডো শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

ঘটনার পর এক সাক্ষাৎকারে ওমরের বাবা সিদ্দিক বলেন, নাইট ক্লাবে হামলার আগের দিন ছেলের সঙ্গে তাঁর দেখা হয়েছে। এ সময় ওমরের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখেননি তিনি, যার পরিপ্রেক্ষিতে তাঁর দ্বারা এত বড় হত্যাযজ্ঞ সংঘটিত হতে পারে।

সিদ্দিক বলেন, ওমরের মধ্যে উল্টাপাল্টা কিছু দেখিনি। তাঁকে শান্ত দেখা গেছে।

সিদ্দিক বলেন, ওমরের মনে যে এত বড় সহিংসতার পরিকল্পনা ছিল, তা জানতেন না তিনি।

ছেলের সহিংসতার পরিকল্পনা সম্পর্কে আগেভাগে জানলে তাঁকে মুহূর্তের মধ্যে নিজেই গ্রেপ্তার করতেন বলে জানিয়েছেন বাবা সিদ্দিক।