'আপনি কি আপনার স্ত্রীকে মারধর করেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের আইনপ্রণেতা জন বেনেটের মুসলিমবিদ্বেষী মনোভাব আজকের নয়। প্রায়ই আপত্তিকর সব মন্তব্য করেন তিনি। এবারও এমনই এক কাণ্ডের জন্য খবরের শিরোনাম হলেন।

গত বৃহস্পতিবার ইউএস মেরিনের সাবেক তিন মুসলিম শিক্ষার্থী জন বেনেটের সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান। তাঁদের সাক্ষাতের অনুমতি দেওয়ার আগে একটি ফরম পূরণ করতে বলা হয়। তাতে জানতে চাওয়া হয়, ‘আপনি কি আপনার স্ত্রীকে মারধর করেন?’ খবর সিএনএন অনলাইনের।

শুধু এটাই নয়, ফরমে আরও জানতে চাওয়া হয়, ইসলামের ওপর বিশ্বাস ত্যাগ করলে কি শাস্তি হওয়া উচিত? মুসলমানদের কি অমুসলিমদের ওপর শাসন করা উচিত? এমন আপত্তিকর সব প্রশ্নে মুসলিম ওই ছাত্ররা বিব্রতবোধ করেন। তাঁদের আর বেনেটের সঙ্গে দেখা করার প্রবৃত্তি হয়নি।

ওই ছাত্রদের একজন জানান, ‘প্রশ্নগুলো খুবই যন্ত্রণাদায়ক ছিল। আমার মনে হয় না অন্য ধর্মের কারও এমন “ফরমের” মুখোমুখি হতে হয়।’

ইসলামিক অ্যাডভোকেসি গ্রুপ জানায়, জন বেনেটের অফিস থেকে দুই পৃষ্ঠার ওই ফরম দেওয়া হয় মুসলিম সাক্ষাৎপ্রার্থীদের। এ বিষয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বেনেট গর্বের সঙ্গেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বেনেট বলেন, তিনি মনে করেন, মুসলিম আইনে স্ত্রীকে পেটানো জায়েজ আছে। আর তাই এই ফরম দিয়েছেন তিনি।

এর আগে ২০১৪ সালে ইসলাম ও পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জন বেনেট।