'আব কি বার ট্রাম্প সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের নিজের পক্ষে নেওয়ার জন্য একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে এই বিজ্ঞাপন প্রচারিত হবে বলে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে জানানো হয়েছে।
দৃশ্যত ভারতীয় বংশোদ্ভূতদের ভোট টানার চেষ্টায় বিজ্ঞাপনচিত্রে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি হিন্দুদের ভালোবাসি।’
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প ভারত অর্থে ‘হিন্দু’ শব্দটির ব্যবহার করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে বেশ ব্যঙ্গ করা হয়েছিল।
ট্রাম্পের এ নতুন বিজ্ঞাপনচিত্রটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং প্রতীকী মুসলিম জঙ্গির আদল দেখানো হয়। এতে ট্রাম্প বলেন, তিনি ভারতকে ভালোবাসেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর আমলে ভারত ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বিজ্ঞাপনচিত্রে ডোনাল্ড ট্রাম্প হিন্দিতে কিছু বলারও চেষ্টা করেন। এর এক অংশে তিনি বলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার (এবারে ট্রাম্পের সরকার)।’