'আমরা তো সেরা স্বামী নির্বাচনে ভোট দিচ্ছি না!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের নিয়ে নানা সময় অবমাননাকর মন্তব্য করলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বিপুলসংখ্যক নারী সমর্থক। তাঁর কটূক্তি কিংবা নারীদের ব্যাপারে তাঁর ভাবনা আমলেই নিচ্ছেন না এই সমর্থকেরা। যে মুহূর্তে ট্রাম্পকে একে একে ছেড়ে যাচ্ছেন খোদ রিপাবলিকান দলেরই সিনিয়র নেতারা, সেই সময়ও তাঁর নারী সমর্থকেরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য পুরোপুরি যোগ্য এই প্রার্থী।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ বলেছিলেন, নারীরা ট্রাম্পকে কীভাবে ভোট দেবে, কিছুতেই মাথায় আসছে না তাঁর। তবে এত দিনে হয়তো বারবারার সে প্রশ্নের জবাব দিলেন যুক্তরাষ্ট্রের একটি আবাসনবিষয়ক ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ৬৩ বছর বয়সী ক্রিস্টিনা লাচিমিয়া। তিনি বলেন, ‘আমরা তো সেরা স্বামী নির্বাচনে ভোট দিচ্ছি না। আমরা একজন বলিষ্ঠ নেতার সন্ধানে আছি।’ ২০০৫ সালে ফাঁস হওয়া ভিডিওতে ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, বহু বছর আগের আবর্জনা খুঁড়ে বের করছে তারা। এসবের কারণে আমি তাঁকে (ট্রাম্প) ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারি না।’
শুধু ক্রিস্টিনা নন, ট্রাম্পের অনেক নারী সমর্থকই গত রোববার চোখ রেখেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও ট্রাম্পের বিতর্কে। তাঁদের বেশির ভাগই সান্তা মোনিকা রিপাবলিকান ক্লাবের সদস্য। ৬০ বছর বয়সী লিন্ডা গ্রসম্যানের মতে, বিতর্কে ট্রাম্পই জিতেছেন। কারি সিজার (৬৫) নামের আরেক নারী বলেন, এ দফায় ট্রাম্প বুঝতে পেরেছিলেন, হিলারি ঘাড়ে চেপে বসতে যাচ্ছেন।
ডোনা ব্লক (৬০) নামের ট্রাম্পের অপর এক নারী সমর্থক বলেন, ‘ট্রাম্পের মন্দ ছেলের মতো আচরণ আমার নাতির ভালো থাকাকে বিপন্ন করবে না। তবে হিলারির সিদ্ধান্ত তা করতে পারে।’