
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন বেফাঁস কথাবার্তার জন্য তাঁরই মতো ‘সুপরিচিত’ ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। দুতার্তে আরও বললেন, ‘আমরা দুজনই গালমন্দ করি।’
এমনিতে যুক্তরাষ্ট্রের নিন্দায় মুখর দুতার্তে। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা এমনকি বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে চরম অশিষ্ট ভাষায় গাল দিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ওবামাকে ‘কুত্তার...’ বলেছিলেন দুতার্তে। সেই থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বাতিল হয়ে যায়।
তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছেন দুতার্তে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘজীবী হোন! এখন আর আমি লড়াই করতে চাই না। কেননা, ইতিমধ্যে ট্রাম্প ক্ষমতায় চলে এসেছেন।...আমরা দুজনই গালমন্দ করতে পছন্দ করি। আমরা দুজন একই রকম।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া আবার শুরু হবে বলেও ঘোষণা দিয়েছেন। তা আগামী বছর নাগাদ শুরু হতে পারে।
ফিলিপাইনের পুরোনো মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রেসিডেন্টের কঠোর ‘মাদকবিরোধী’ অভিযানে সমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে মার্কিন কর্তৃপক্ষ। এর জের ধরেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়।