'আমরা ভুল রোগের ভুল চিকিৎসা করছি'
নিউইয়র্কের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটরের অভাব। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাঁচাতে অতিমাত্রায় ভেন্টিলেটর সরবরাহ করতে প্রেসিডেন্ট, গভর্নর ও মেয়রের মধ্যে চলছে বাগ্বিতণ্ডা। ঠিক তখনই ব্রুকলিনের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ভেন্টিলেটর ক্ষতিকর বলে হুঁশিয়ার করলেন।
যে ভেন্টিলেটরকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাঁচিয়ে রাখতে অপরিহার্য মনে করা হচ্ছে, সেই ভেন্টিলেটরই ক্ষতির কারণ হচ্ছে বলে জানান মাইমোনাইডস মেডিকেল সেন্টারের জরুরি মেডিসিন বিভাগের চিকিৎসক ক্যামেরন কেইল-সিডল।
৮ এপ্রিল ইউটিউবে দু মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ক্যামেরন সিডল। ভিডিওতে সিডল বলেন, ‘আমরা রোগীর ভেতরে শ্বাস নল ঢোকাচ্ছি এবং সেই নলটি ভেন্টিলেটরে রাখছি, আর তাদের ফুসফুস খোলার জন্য তাতে চাপ দিচ্ছি। এসব রোগীর জন্য ক্ষতিকর বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘আমি সারা দেশে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং এটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, আমরা যে চাপটা দিচ্ছি তা তাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে। সম্ভবত যে উচ্চ চাপ আমরা প্রয়োগ করছি, তা রোগীদের ফুসফুস নষ্ট করে দিচ্ছে।’
সিডল ওয়েবএমডির মেডস্কেপ ওয়েবসাইটকে বলেন, তাঁর এই মন্তব্যের কারণে তাঁকে হয়তো আইসিইউ থেকে সরে যেতে হবে।
৯ এপ্রিল পোস্ট করা আরেক ভিডিও সাক্ষাৎকারে সিডল বলেন, ‘আমরা এমন এক অচলাবস্থায় আছি, যেখানে রোগী-চিকিৎসকদের মধ্যে নৈতিক সম্পর্কগুলো আর পুনঃস্থাপন করতে পারছি না। হাসপাতালের প্রোটোকল মানতে হয়। সুতরাং এখন আমি ইআর-এ ফিরে এসেছি, যেখানে আমরা কিছুটা ভিন্ন ভেন্টিলেটরের কৌশল সেট করছি।’
সিডল এই পরিস্থিতির জন্য কাউকে দায়ী করেননি। বলেছেন, ‘আমাদের দোষও নয়।’ ইউটিউব ভিডিওতে তিনি বলেন, এত দিন তাঁরা এই বিষয়ে জানতেন না এবং এভাবেই তাঁরা একিউট রেসপিরেটরি ডিজিজ সিনড্রোম গত ২০ বছর ধরে মোকাবিলা করছেন। তবে এখন ভেন্টিলেটরের এই প্রোটোকল দ্রুত পরিবর্তন করা দরকার। তিনি বলেন, ‘কোভিড পজিটিভ রোগীদের অক্সিজেন প্রয়োজন। ফুসফুসে চাপের দরকার নেই।’
কেইল সিডল বলেন, ‘এটি একটি নতুন রোগ এবং আমেরিকান চিকিৎসকদের কেউই এর মুখোমুখি হননি। এখন পাঠ্যপুস্তক না, বরং অভিজ্ঞতার মাধ্যমেই তাঁরা বিষয়টি আবিষ্কার করছেন।’