'আমাদের যারা ভালোবাসে, তাদেরই সুযোগ দেওয়া হবে'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘উগ্র ইসলামিক জঙ্গিবাদকে আমরা যে করেই হোক পরাজিত করব। আমদের দেশে এদের শিকড় গাড়তে দেওয়া হবে না।’ তিনি বলেন, ‘আমাদের যারা ভালোবাসে, তাদেরই আমেরিকায় আসার সুযোগ দেওয়া হবে।’
স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় বিমান ঘাঁটিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফর করলেন ডোনাল্ড ট্রাম্প। এখানে দেওয়া বক্তব্যে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি ট্রাম্প।
যদিও ট্রাম্পের নির্বাহী আদেশের কার্যকারিতা আদালতের রায়ে সাময়িকভাবে স্থগিত রয়েছে। ওই আদেশ সংবিধানের লঙ্ঘন কি না বা এ আদেশে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, এ নিয়ে সার্কিট কোর্ট স্থানীয় সময় মঙ্গলবার শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
ফ্লোরিডায় দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘যারা আমাদের ভালোবাসে, ভালোবাসতে চায়, তারাই আমেরিকায় আসবে।’ স্বাধীনতা, নিরাপত্তা এবং ন্যায়বিচারের জয় হবে বলে ট্রাম্প তাঁর বক্তৃতায় উল্লেখ করেন। ট্রাম্প সংবাদমাধ্যমকে আবারও তুলোধুনো করে বলেছেন, অসৎ মিডিয়া জঙ্গিবাদের সংবাদ চেপে যায়।