'আমি আপনাদের পাশেই থাকব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। আবেগময় লেখাটি গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। এতে মার্কিনদের প্রতি ধন্যবাদ জানিয়ে ওবামা তাঁদের ‘দৈনন্দিন নাগরিক দায়িত্ব’ পালনে উৎসাহ দিয়েছেন। লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের উদ্দেশে কিছু লেখার আগে আমি আপনাদের ৪৪তম প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সম্মানজনক অভিজ্ঞতার জন্য একটি চূড়ান্ত ধন্যবাদ জানাতে চাই। কারণ, এ দায়িত্ব পালনকালে আমি যা কিছু শিখেছি, আপনাদের কাছ থেকেই শিখেছি। আপনারাই আমাকে একজন ভালো প্রেসিডেন্ট এবং একজন উন্নততর মানুষ করে দিয়েছেন।’
চার্লসটনের গির্জায় হত্যাযজ্ঞের মতো কয়েকটি বেদনাদায়ক ঘটনার স্মৃতিচারণা করেন ওবামা। এ ছাড়া তিনি সমকামী বিয়ের স্বীকৃতি এবং অসুস্থ মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগপ্রাপ্তির উল্লেখ করেন। রাজনীতির ঊর্ধ্বে থেকে ভোটারদের অভিন্ন স্বার্থে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরামর্শ দেন। তিনি লিখেছেন, ‘মার্কিন জনগণ, আমি আপনাদের দেখেছি সমস্ত শিষ্টতা, সংকল্প, সুন্দর রসবোধ এবং উদারতাসহযোগে। নাগরিক হিসেবে আপনাদের প্রতিদিনের কার্যক্রমে আমি এ দেশের ভবিষ্যৎ দেখতে পাই। দলমত-নির্বিশেষে আমাদের সবাইকে কাজে নিযুক্ত হতে হবে—নাগরিকের আনন্দময় কর্মযজ্ঞে। কেবল নির্বাচনের সময় নয়, কেবল ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ রক্ষার সময় নয় বরং জীবনভর নাগরিকের দায়িত্ব পালন করতে হবে।’
ওবামার ভাষ্য, তিনি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরও নিজের পছন্দের কাজগুলো নিয়ে ব্যস্ত জীবন যাপন করবেন। বিদায়ী চিঠিতে লিখেছেন, ‘পথের প্রতিটি পদক্ষেপে আমি আপনাদের সঙ্গে থাকব। আর যখন অগ্রযাত্রার গতি ধীর মনে হবে, মনে রাখবেন, আমেরিকা কোনো ব্যক্তির একক প্রকল্প নয়। আমাদের গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী একমাত্র শব্দটা হলো “আমরা”। “আমরা জনগণ।” “আমরাই জিতব।” “হ্যাঁ, আমরা পারি।”’