'আমি ভাড়াটে বিক্ষোভকারী নই'
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শোভাযাত্রায় বিক্ষোভকারীর উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। গত সপ্তাহে মিশিগানে ১৯ বছরের নাতালিয়া ওয়ারেন নামের এক তরুণী ট্রাম্পের এক সভায় এসেছিলেন, তবে কোনো বিক্ষোভে অংশ নেওয়ার জন্য নয়। তাঁকে কলেজের অধ্যাপক ‘অ্যাসাইনমেন্ট’ দিয়েছিলেন ট্রাম্পের সভায় অংশ নিয়ে সে অভিজ্ঞতার বিষয়ে একটি রচনা লিখতে। সেখানে সম্পূর্ণ অপরিচিত এক নারী ট্রাম্পকে ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত করলে চারদিক থেকে লোকজন ধেয়ে আসে, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নাতালিয়া ওই নারীর সাহায্যে এগিয়ে গেলে তিনি ট্রাম্পের সমর্থকদের রোষের শিকার হন। তারা ‘জেলে ঢোকাও! জেলে ঢোকাও’ স্লোগান দিয়ে তাঁকে ঘিরে ফেলে। একজন আমেরিকা ছেড়ে কিউবা যাওয়ার পরামর্শ দেয়, অশ্লীল ভাষায় গোটা কয়েক গালিও ছুড়ে দেওয়া হয়। নাতালিয়া বারবার বলতে থাকেন, ‘আমি ভাড়াটে বিক্ষোভকারী নই।’ কিন্তু তাঁর কথা কেউ কানে তোলেননি। মাদার জোনস পত্রিকার ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে।