'আরও কত শব্দহীন হাঁটবে তুমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনজন নারী ও তিনজন পুরুষ আবৃত্তিকারের সমন্বিত একটি অখণ্ড পরিবেশনা ছিল এটি
তিনজন নারী ও তিনজন পুরুষ আবৃত্তিকারের সমন্বিত একটি অখণ্ড পরিবেশনা ছিল এটি

‘কণ্ঠচিত্র’র ব্যতিক্রমী একটি আবৃত্তির অনুষ্ঠান হয়ে গেল গত ৩০ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। নিঃশব্দ গাম্ভীর্যে আবৃত্তি উপভোগ করেছেন দর্শকেরা।

তিনজন নারী আবৃত্তিকার শান্তা শ্রাবণী, অদিতি সাদিয়া রহমান ও সেমন্তী ওয়াহেদ এবং তিনজন পুরুষ আবৃত্তিকার আনোয়ারুল হক লাভলু, হীরা চৌধুরী ও মিজানুর রহমান বিপ্লবের সমন্বিত একটি অখণ্ড পরিবেশনা ছিল এটি। অনুষ্ঠানের ভাবনা মিজানুর রহমান বিপ্লবের। অনুষ্ঠানটিকে ব্যতিক্রমী কারণ এতে অনুষ্ঠানপূর্ব কোনো আড়ম্বর ছিল না। আবৃত্তিকারদের বাইরে তিনজনের বক্তব্য নির্ধারিত ছিল। এই তিনজন হলেন মিথুন আহমেদ, নিনি ওয়াহেদ ও মুত্তালিব বিশ্বাস।

অনুষ্ঠানের পূর্বোল্লিখিত সময়ে, ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা আটটায় মিলনায়তনে প্রবেশের জন্য দরজা খুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি মূলত আবৃত্তির। কিন্তু এতে ছিল সংগীত, চিত্রকলা, আলোক প্রক্ষেপণ, আবৃত্তিকারদের পোশাক, মঞ্চে অনুষঙ্গ-সামগ্রীর সমন্বিত-শোভন বিন্যাস। সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছিল গাম্ভীর্যপূর্ণ।

রাগ পিলুর আলাপ দিয়ে অনুষ্ঠানের শুরু। শ্রোতাদের মনোযোগ জমাট বেঁধে-ওঠায় শান্তা নাগের এই সূচনা ছিল কার্যকর ও সার্থক। আবৃত্তির পাঠগুলোকে এমনভাবে গ্রন্থিত ও বিন্যস্ত করা হয়েছে যে আলাদা করে উপস্থাপকের প্রয়োজন হয়নি। কখনো কখনো একই পাঠের অংশবিশেষ বিভিন্ন জনকে দিয়ে পাঠ করিয়ে পর্যায়ক্রমে যুক্ত করার মাধ্যমে অখণ্ড রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শকদের মনোযোগ আবৃত্তিকারদের প্রতি নিবদ্ধ করার পরিবেশ সৃষ্টির জন্য ব্যবহার করা হয়েছে নানা মঞ্চানুষঙ্গ ও আলোক প্রক্ষেপণ ব্যবস্থা। ফলে দর্শকেরা মিলনায়তনে প্রবেশ করেই এক ধরনের রুচিকর পরিবেশ পেয়েছেন।

অনুষ্ঠানে অতি ও স্বল্প পরিচিত দুই ধরনের কবিতাই স্থান দেওয়া হয়েছে। রয়েছে বিষয়বস্তুর বৈচিত্র্যও। এর মধ্যে অনুভব করা যায় মানবিকতা, দেশের প্রতি ভালোবাসা তথা মুক্তিযুদ্ধের অনুষঙ্গের প্রাধান্য। তবে কবিতা নির্বাচনে মানবিকতার দিক থেকে নারীর বেদনাকে বুঝি এর চেয়েও একটু বেশি সামনে রাখা হয়েছে।
কবিতা বা গদ্যাংশ নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সলিল চৌধুরী, শামসুর রাহমান, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ফজল শাহাবুদ্দীন, দিলওয়ার, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী, শহীদুর রহমান, নির্মলেন্দু গুণ, শুভ দাশগুপ্ত, মোশাদ আলী, সঞ্জীব চট্টোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য্য, আবদুল্লাহ

আল হারুন, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, মান্নান হীরা, উন্মেষ দাস, আমীরুল ইসলাম, তারিক সুজাত, সৃজন সেন থেকে। ব্যবহৃত হয়েছে মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং জুনিয়র, চে গুয়েভারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলার চতুর্ভাষিক কোলাজ।

আবৃত্তিকারদের প্রত্যেকেরই পরিশ্রম ও অনুশীলনের ছাপ তাঁদের পরিবেশনে লক্ষ্য করা গেছে। অদিতি সাদিয়া রহমানের আবৃত্তির সংহত আবেগ একপর্যায়ে শ্রোতাদেরও অশ্রুসজল করে তুলেছিল। হীরা চৌধুরীর বিদ্রোহী কবিতার আবৃত্তি কাজী সব্যসাচীর বহুল শ্রুত ধ্বনিকল্প থেকে আলাদা হওয়ার মধ্যে পাওয়া যায় তাঁর সৃজনশীলতার পরিচয়। এ ছাড়া তাঁর আবৃত্তির নাট্যিক পরিচর্যা মনোযোগ কাড়ে। শুভ দাশগুপ্তের কবিতাটিতে সেমন্তী ওয়াহেদের কোনো কোনো অংশ আলাদাভাবে মনোযোগ কাড়ে। চতুর্ভাষিক কোলাজে বঙ্গবন্ধুর ভাষণে বঙ্গবন্ধুর বাকভঙ্গি থেকে পৃথক উপস্থাপনের কথাও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। শান্তা শ্রাবণীর কণ্ঠের মননশীলতার ছাপ মনোযোগী শ্রোতাকে স্পর্শ করার কথা। আনোয়ারুল হক লাভলু এবং মিজানুর রহমান বিপ্লবের পরিবেশনায় পরিশীলনের অভাব ছিল না।

এ ধরনের অনুষ্ঠানে শব্দ-কল্পনা ও প্রক্ষেপণ সমন্বিত না হলে রস গ্রহণে খুব অসুবিধা হয়। এদিন এ দুইয়ের সমন্বয় খুব ভালো ছিল। কবিতার রস ও আবৃত্তিকারদের কণ্ঠস্বরের সঙ্গে সমন্বিত আবহধ্বনি সংযোজন অধিকাংশ ক্ষেত্রে ভালো ছিল।

অনুষ্ঠানে আগত দর্শকেরা আবৃত্তির মাঝখানে তালি দিয়ে অনুষ্ঠানের অখণ্ডতাকে একবারের জন্যও নষ্ট না করে তাঁরা পরিবেশনাটির সমগ্রতাকেই শ্রদ্ধা জানিয়েছেন। তাঁরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেছেন অনুষ্ঠানের একেবারে শেষে। ফলে তাঁদের মধ্যেও পাওয়া গেছে রুচিমান দর্শক সত্তার পরিচয়। সব মিলিয়ে মিজানুর রহমান বিপ্লবের ভাবনাজাত এই অনুষ্ঠানটি উপস্থাপনায় যে সামগ্রিক রুচি ও পরিশীলনের ছাপ রেখেছে তা নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় ভালো অনুষ্ঠান আয়োজনকে উৎসাহিত করবে এ কথা মুক্তকণ্ঠে বলা যায়।