'আলী ছিলেন এক মুক্ত মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলীর সর্বধর্ম বিদায় অনুষ্ঠানে বিল ক্লিনটন
মোহাম্মদ আলীর সর্বধর্ম বিদায় অনুষ্ঠানে বিল ক্লিনটন

‘আলী ছিলেন দৃঢ়বিশ্বাসী এক মুক্ত মানুষ’; ‘যে আইন আলীর ভালো লাগত না তিনি সে আইনটাকেই বদলে ফেলতেন’; ‘মোহাম্মদ আলীই ছিলেন আমেরিকা, তিনি আমেরিকা হয়েই থাকবেন’—বিল ক্লিনটন থেকে বারাক ওবামার মতো বিশ্বনেতারা এভাবেই কিংবদন্তপ্রতিম মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী সম্পর্কে মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিল শহরে শুক্রবার আলীর সর্বধর্ম চিরবিদায় অনুষ্ঠানে তাঁরা এসব মন্তব্য করেন।
সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ও মানবাধিকারকর্মী মোহাম্মদ আলী ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান। মৃত্যুর এক সপ্তাহ পর লুইভিলে গত শুক্রবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
মহানায়কের মহাপ্রয়াণে এ দিন এই শহরে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত-শুভানুধ্যায়ী। সব ধর্মের মানুষের উপস্থিতিতে শেষবিদায়ের এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে।
বিল ক্লিনটন তাঁর বক্তব্যে বলেন, ‘মোহাম্মদ আলী ছিলেন দৃঢ়বিশ্বাসী একজন মুক্ত মানুষ। আমার ধারণা, খুব অল্প বয়সেই আলী নিজের জীবন নিজেই রচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’
বড় মেয়ে মালিয়ার গ্র্যাজুয়েশন অনুষ্ঠান থাকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে সহকারী ভ্যালেরি জ্যারেটকে দিয়ে ঠিকই বার্তা পাঠিয়েছেন। এতে বলা হয়, ‘আলী তাঁর সময়ের যে কারোর চেয়ে বড়, উজ্জ্বল ও প্রভাবশালী। মোহাম্মদ আলীই ছিলেন আমেরিকা। আমেরিকা তাঁর নামেই সব সময় পরিচিত হবে।’
স্থানীয় যাজক কেভিন কসবি বলেন, ‘জেমস ব্রাউন “আমি কালো এবং আমি গর্বিত” বলার আগেই আলী বলেছিলেন “আমি কালো এবং আমি সুন্দর”।’
মোহাম্মদ আলীর স্ত্রী লোনি আলী বলেন, ‘যদি কোনো নিয়ম আলীর পছন্দ না হতো, তাহলে সে নিয়ম বদলে তিনি নতুন করে লিখতেন।’
শেষকৃত্যানুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহও উপস্থিত ছিলেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বৃহস্পতিবার তাঁর দোয়া অনুষ্ঠানে যোগ দেন। অজ্ঞাত কারণে শেষকৃত্যানুষ্ঠানে যোগ না িদয়ে দেশে ফেরেন তিনি।