'ইসরায়েল বয়কটবিরোধী আইনের' বিরোধিতা বাড়ছে মার্কিন কংগ্রেসে
ইসরায়েল ও তাদের ইহুদি বসতি স্থাপন বয়কটের যেকোনো উদ্যোগকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে এ বছর মার্চে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সমর্থনে যে খসড়া আইন গৃহীত হয়, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন তার তীব্র প্রতিবাদ করেছে।
এই মানবাধিকার সংস্থাটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে সাবধান করে দিয়ে বলেছে, এ আইনটি গৃহীত হলে শুধু বয়কটের সমর্থনে ‘রাজনৈতিক মতামত’ প্রকাশের জন্য যে কেউ জেলে যেতে পারেন। এটি মার্কিন নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশের অধিকারের ওপর হস্তক্ষেপ হবে।
‘ইসরায়েল বয়কটবিরোধী আইন’ নামে পরিচিত এই খসড়া আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যেকোনো নাগরিক ইসরায়েল রাষ্ট্রকে অথবা অধিকৃত আরব এলাকায় স্থাপিত ইহুদি বসতি বয়কটের আহ্বান সমর্থন করলে তা আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এমনকি বয়কটসম্পর্কিত কোনো তথ্যের অনুরোধ করা হলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। শাস্তি হিসেবে আড়াই লাখ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত জরিমানা এবং ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
খসড়া আইনটি ১৯৭৯ সালে গৃহীত বয়কটবিরোধী একটি আইনের ভিত্তিতে রচিত। সে আইনে আরব রাষ্ট্রসমূহের উদ্যোগে ইসরায়েল বয়কটের যেকোনো উদ্যোগকে সমর্থন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে। সিভিল লিবার্টিজ ইউনিয়ন তাদের চিঠিতে জানিয়েছে, নতুন খসড়া আইন অনুসারে, শুধু আরব রাষ্ট্র নয়, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেওয়া যেকোনো বয়কটের সিদ্ধান্তের প্রতি সমর্থন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হবে।
মার্কিন শাসনতন্ত্রের প্রথম সংশোধনীতে মতামত প্রকাশের যে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে, এ আইনটি তার পরিপন্থী—এ যুক্তিতে কংগ্রেস সদস্যদের খসড়ার বিরোধিতা করার আহ্বান জানিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। জানা গেছে, প্রতিনিধি পরিষদ ও সিনেটে উল্লেখযোগ্যসংখ্যক ডেমোক্রেটিক সদস্য এই খসড়া প্রস্তাব অনুমোদন করলেও এখন এ ব্যাপারে তাঁদের অবস্থান পরিবর্তন করেছেন। তাঁদের অন্যতম হলেন জন এফ কেনেডির প্রপৌত্র ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জো কেনেডি। তিনি প্রকাশ্যে এ খসড়ার বিরোধিতা করেছেন।
তাৎপর্যপূর্ণ হলো, ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত জে স্ট্রিট গ্রুপ, যারা ইসরায়েলকে বয়কটের কঠোর বিরোধী, তারাও এ খসড়া আইনটির সমালোচনা করছে।