'উচিত কথা' নয়, গঠনমূলক সমালোচনা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই বলে, ‘তেল মেরে কারও কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো।’ আসলেই কি তাই? একটু ভেবে দেখুন—উচিত কথা বলে যতটুকু মানুষ শান্তি পায়, উচিত কথা শুনে মানুষ তার চেয়ে বেশি কষ্ট পায়। মানুষ মানেই দোষ বা কলঙ্কে পরিপূর্ণ। এই জগতের কোন মানুষই সর্বগুণান্বিত বা শতভাগ বিশুদ্ধ চরিত্রের নয়। দোষে–গুণেই মানুষের জীবন। তাহলে দেখুন আপনার চরিত্রও কিন্তু ত্রুটিহীন নয়। আপনার চরিত্রেও নানা সমস্যা আছে। যদি আপনার চরিত্র ত্রুটিহীন না হয়, তাহলে অন্যের দোষ ধরে ‘উচিত কথা’ বলার অধিকার নিশ্চয় আপনার নেই। সব জেনেও যদি আপনি তা করেন, তাহলে আপনি একজন ভণ্ড বা কপটের চেয়ে কম কিসে? কিন্তু হ্যাঁ, গঠনমূলক সমালোচনা আপনি অবশ্যই করতে পারেন। এতে প্রকৃতপক্ষে অন্যের উপকার হয়।

প্রয়োজনে অন্যকে তেল দিতে পারেন। যেমন ধরুন, আপনার একজন প্রতিবেশী ভাইয়ের মুখ ব্রণে পরিপূর্ণ। সে জন্য তাকে হয়তো কুৎসিত দেখাচ্ছে। কিন্তু সে লোকটি নিজেকে সব সময় সিনেমার নায়ক ভাবে। আপনি প্রথমে তার এসব আচরণ সহ্য করেছেন। পরে ভাবছেন, তাকে কিছু ‘উচিত কথা’ বলা উচিত। তাই একদিন তাকে বললেন, ‘ভাই, আপনার নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছেন? আপনার মত কুৎসিত ব্যক্তি এই শহরে নেই।’ এতে তার কি মানসিক অবস্থা হবে একবার ভেবে দেখুন। মানসিকভাবে লোকটি হতাশাগ্রস্ত হবে এবং খুব কষ্ট পাবে। তার সিনেমার নায়ক হওয়ার আশাটুকু ধূলিসাৎ হবে।

কিন্তু আপনি যদি তাকে একটু তেল দেন। যেমন—‘ভাই, আপনি দেখতে বেশ। আপনি ইচ্ছে করলে সিনেমার নায়ক কেন, আরও অনেক কিছু অর্জন করতে পারবেন।’ এতে লোকটি মানসিকভাবে স্বপ্নপূরণে অনেক সহায়তা পাবে এবং আপনাকে বন্ধু হিসেবে মেনে নেবে। এমনও হতে পারে, একদিন সে আপনার সহায়তায় এগিয়ে আসবে বা আপনার কাজে লাগবে। তাই বলে আপনার এমন তেল দেওয়া উচিত না যে, সে তাকে পৃথিবীর সবচেয়ে আবেদনশীল ব্যক্তি ভাবতে শুরু করে। তাহলে এতে হিতে বিপরীত হতে পারে। যেমন, আপনি যদি একটি মাছকে যদি বলেন সে গাছে উঠতে পারবে, তাহলে সে পানি ছেড়ে গাছে ওঠার চেষ্টা করবে। আর পরিণামে কী হবে, সেটাতো বুঝতেই পারছেন।

আবার আপনি যদি তার গঠনমূলক সমালোচনা করেন, তাহলে লোকটির বেশ উপকারও হয়। যেমন—‘ভাই, নায়ক হতে গেলে আপনার মুখের ব্রণ হয়তো সমস্যার কারণ হতে পারে। আপনি বরং এই ব্যান্ডের ক্রিমটি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার সিনেমার নায়ক হতে আর কোন বাধা থাকবে না।’ আপনার এই গঠনমূলক মন্তব্য তার অনেক কাজে আসবে। যদিও সে প্রথমে তা সহজে মেনে নেবে না, কারণ সে নিজেকে ত্রুটিমুক্ত মনে করে। তারপরও সে গোপনে আপনার কথামত ক্রিম কিনে ব্যবহার করার চেষ্টা করবে। এত তার ব্রণের সমস্যা দূর হয়ে গেলে সে আপনার কাছে চিরঋণী থাকবে। আপনাকে বন্ধু হিসেবে মেনে নেবে। কিন্তু উচিত কথা বললে তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই আনতে পারবেন না। গঠনমূলক সমালোচনা অনেকেই করতে পারে না, সে ক্ষেত্রে একটু তোল দিতে কোন সমস্যা নেই।

প্রয়োজনে তেল না দেবেন, কিন্তু ‘উচিত কথা’ বলা উচিত নয়। আপনি-ইবা কারও শরীর সম্পর্কে ‘উচিত কথা’ বলার কে? বিধাতা কারও শরীর সম্পূর্ণ ত্রুটিপূর্ণ করে বানায়নি। সবার মত আপনারও কোন বা কোন শারীরিক ত্রুটি আছে। কিছু ত্রুটি সামনাসামনি দেখা যায়। আবার কিছু শারীরিক ত্রুটি খালি চোখে দেখা যায় না। কারও শরীরে দাগ, ছোট-বড় শরীরে অংশ, হাঁটা বা কথা বলার ধরন, বুদ্ধিমত্তার কম–বেশি, জেনেটিক রোগ, শারীরিক দৈর্ঘ্য বা উচ্চতা ইত্যাদি কোন বা কোন সমস্যা থেকে থাকে। যেহেতু আপনার মুখ দেখতে সুন্দর, তাই বলে অন্যের খারাপ মুখ দেখে ‘উচিত কথা’ বলা উচিত নয়। আপনার যে শারীরিক ত্রুটি আছে সেটা আপনি জানেন। কেউ যদি আপনাকে সেটা বলে, তাহলে আপনারইবা কেমন লাগবে?

তেল দেওয়ার মানে তোষামোদ করা, যা শুনতে হয়তো খারাপ লাগে। কিন্তু পাশ্চাত্যে তেল দেওয়াকে কেউ খারাপ চোখে দেখে না। ইংরেজিতে তেল দেওয়া মানে ফ্লেটারি বা অ্যাপ্রিসিয়েটিভ ফিডব্যাক। মানুষের জীবনে দুঃখের অন্ত নেই। সে গরিব বা ধনী হোক। সবার জীবনে প্রায় সমান এবং ব্যতিক্রম ধরনের দুঃখ বসবাস করে। যেমন—একজন ভিক্ষুক সারা দিন পরিশ্রম করে কিছু আয় করে পেট ফুরে খায়। কিন্তু একজন ধনী ব্যক্তি সারা দিনের পরিশ্রমে আয় করেও নানা রোগের কারণে বা সময় স্বল্পতার কারণে পেট পুরে খেতে পারে না। যেহেতু প্রায় সব মানুষই নিত্য দুঃখে থাকে, তাই তাদের ‘উচিত কথা’ বললে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে যায়। অন্যের দুঃখ বা কষ্টের ওপর আমাদের সংবেদনশীল হওয়া উচিত। কেউই কখনো জানে না, জীবনযুদ্ধে লোকটির বর্তমান অবস্থা কোথায়। আপনি যদি একটু তেল মেরে কথা বলেন, তাহলে তার জীবনযুদ্ধ আরও সহজ হয়ে যায়। নিজের প্রতি বিশ্বাস জাগে। কিন্তু কখনোই অতিরিক্ত তেল দিয়ে কথা বলা উচিত নয়। এতে তেল নেওয়া ব্যক্তি সহজেই তেল দেওয়া ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারে এবং বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।