'এইখানে তোর দাদির কবর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কারণে মানুষ প্রবাসী হয়। কেউ নানা বিড়ম্বনার হাত থেকে রক্ষা পেতে, কেউ জীবনকে প্রতিষ্ঠিত করতে দেশের বাইরে পা বাড়ায়। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে আজ ছড়িয়ে আছেন প্রবাসীরা। লালিত স্বপ্নকে সত্য করে বাড়ি, গাড়ি, ব্যবসার মালিক হয়েছেন অনেকে। অনেকের কপালেই জ্বলজ্বল করছে সাফল্যের গৌরবময় তিলক।
আমেরিকায় পাড়ি জমিয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। এখানে এসে সন্তানদের উন্নত শিক্ষার আলো দিতে পেরেছেন। আমেরিকার নাগরিক হওয়ার সুবাদে অনেকে মা-বাবা, ভাই-বোনকে এ দেশে নিয়ে এসেছেন। জীবনসংগ্রামে জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তাঁরা। সময় তো বয়ে যায়। থামে না কখনো। যৌবন বিগত হয় নিয়ম মেনে। তাই প্রবাসে আসা মানুষদের অধিকাংশই জীবনের শ্রেষ্ঠ সময়টি ব্যয় করেন পরিবার ও সন্তানসন্ততির জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে। দীর্ঘ দিন আমেরিকায় থাকার পরও অনেকেরই হয়তো পাওয়া হয় না গ্রিনকার্ড বা বৈধতা। তারপরও আমেরিকা থাকার সুবাদে অনেকেই দেশে সম্পত্তি করেন কিংবা ব্যাংকে জমা করতে পারেন অনেক টাকা। এসব থেমে থাকে না। এই গতিই কেড়ে নেয় জীবনের শ্রেষ্ঠ সময়।
সম্প্রতি প্রবাসে স্বজনদের প্রস্থান যেন বেড়ে গেছে। একের পর এক মারা যাচ্ছেন পরিচিত-অপরিচিত অনেকেই। বাংলাদেশি অভিবাসীরা এরই মধ্যে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে নিজেদের শেষ আশ্রয়স্থল ঠিক করে নিয়েছেন। বাংলাদেশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেনা হয়েছে কবরস্থান। এসব কবরস্থানেই শায়িত হচ্ছেন প্রবাসীরা। এখানেই স্বজনদের অধিকাংশ থাকায় এখানেই জীবনের শেষ ঠিকানা হোক—এমনটাই চান তাঁরা। আশা, এখানেই কবর হলে স্বজনরা অন্তত মাঝেমধ্যে দেখতে আসবে। হয়তো কবি জসিমউদ্‌দীনের সেই দাদুর মতো তাঁদের ছেলেমেয়েরা সন্তানদের নিয়ে এসে কবর দেখিয়ে বলবে, ‘এইখানে তোর দাদির কবর।’
নিউইয়র্কের ওয়াশিংটন মেমোরিয়াল লং আইল্যান্ডে রয়েছে বাংলাদেশিদের জন্য বিশাল কবরস্থান। সেখানে দেখা যায়, অভিবাসীরা উত্তরসূরিদেরও নিয়ে যাচ্ছেন। শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে পূর্বপুরুষদের কবরের সঙ্গে। শেখানো হচ্ছে, কবরে শায়িত ব্যক্তির জন্য দোয়া করতে।
এ সপ্তাহেই কবরে চিরনিদ্রায় শায়িত হলেন মতিন ভাই। লড়াকু সংগ্রামী প্রবীণ প্রবাসী অভিবাসী মতিন ভাই একজন সমাজকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। জীবদ্দশায় সবার সঙ্গে তাঁর চমৎকার সম্পর্ক ছিল। প্রবাসী অভিবাসীদের যাপিত জীবন দ্রুত ঘড়ির কাঁটার মতো ছোটে। সময় লাফিয়ে দৌড়াচ্ছে। শেষ সময়টুকু যেন কেটে যায় বন্ধুসুলভ আচরণে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে—এই হোক আমাদের প্রত্যাশা।