যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এক চীন’ নীতিকে সম্মান করার কথা জানিয়েছেন। গতকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে টেলিফোনে এ কথা বলেন তিনি। ট্রাম্প গত ডিসেম্বরে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল চীন।
তাইওয়ানকে চীন তার বিদ্রোহী প্রদেশ মনে করে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ‘এক চীন নীতি’ মেনে আসছে। তবে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপ সেই নীতির ব্যত্যয় বলে চীন মনে করে।
গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছিলেন ট্রাম্প। এরপরই হলো সরাসরি ফোনালাপ। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম সি চিন পিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বললেন ট্রাম্প। হোয়াইট হাউস এই ফোনালাপকে ‘অত্যন্ত আন্তরিক’ অভিহিত করেছে। দুই নেতা পরস্পরকে নিজেদের দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে বেইজিং ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছে, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
যুক্তরাষ্ট্রে শিনজো আবে
এএফপি জানায়, দুদিনের সফরে যুক্তরাষ্ট্র যাওয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘দুই দেশই উপকৃত হবে’ এমন বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে একমত হয়েছেন। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘অর্থনীতির দিক থেকে আমরা এমন একটি বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, যা হবে মুক্ত, ন্যায্য এবং পারস্পরিক।’