'এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি'

বাংলা সাহিত্যের দুই বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়ে শতদল আয়োজিত ‘এক হাতে বাজে অগ্নিবীণা কণ্ঠে গীতাঞ্জলি’ নিরীক্ষামূলক অনুষ্ঠান শেষ হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ১৪৯ অডিটরিয়ামে (পাবলিক স্কুল) ২১ মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই কবির বৈচিত্রময় গান, নৃত্য, কবিতা, সেমিনার, শিশু, কিশোরদের প্রতিযোগিতায় অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র অনিন্দিতা কাজী, বিখ্যাত নজরুল সংগীত শিল্পী সুজিত মোস্তফা, নজরুল সংগীত শিল্পী শবনম আবেদি, কানাডা থেকে আগত উলফাত পারভীন রোজি ও শতদল, বিপা, ইন্ডিয়ান কালচারাল কমিউনিটি, সুরছন্দ, সৃজনী, শিল্পকলা একাডেমীর পরিবেশনা ছিল হৃদয়ছোঁয়া। অনিন্দিতা কাজী ও সুজিত মোস্তফার কথক, নৃত্য পরিবেশন করেন নায়লা কবির ও ইফ্ফাত খান। তুহিন আজাদ রোজি, ম্যারিস্টলা আহমেদ শ্যামলী, জলী কর, খালেদ সাইফুল্লাহ পারভেজ, সেজুতি চন্দ্রিকা দে, প্রিয়া ইসলামও সংগীত পরিবেশন করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ও শতদলের প্রতিষ্ঠাতা কবির কিরণ। আরও কবিতা আবৃত্তিতে করেন ছন্দা বিনতে সুলতান। সেমিনারের বিষয় ছিল রবীন্দ্র নজরুল সাহিত্যের সার্বজনীন আবেদন। সঞ্চালনা করেন এবিএম সালেহ আহমেদ। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ড. জিয়াউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, বিখ্যাত নজরুল গবেষক ড. মাহবুব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, মুক্তিযোদ্ধা ড. জিয়া উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাবিনা শারমিন নীহার, সাবরিনা কবির ছন্দা ও সাবিনা আহমেদ রুপা।