ট্রাম্পের মন্তব্যে উদ্বেগে বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনের মূল ভূখণ্ড বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ছাড় না দিলে তিনি ওয়াশিংটনের ‘একক চীন নীতি’ প্রত্যাহার করে নিতে পারেন। তাঁর এই মন্তব্যে বেইজিং ‘অত্যন্ত উদ্বিগ্ন’ হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, একক চীন নীতি সংকটাপন্ন বা বিঘ্নিত হলে চীন-যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখার প্রশ্নই উঠবে না।

একক চীন নীতির ভিত্তিতেই বেইজিং স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। শুয়াং বলেন, বিষয়টিকে চীন নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক ঐক্যের প্রশ্ন মনে করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এই একক চীন নীতি ‘রাজনৈতিক ভিত’ হিসেবে
কাজ করে।

ফক্স নিউজের সঙ্গে গত রোববার ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, চীনের সঙ্গে বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে একটি সমঝোতা না করে যুক্তরাষ্ট্র একক চীন নীতি মেনে নিতে বাধ্য নয়। তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে চলতি মাসের শুরুর দিকে ফোনালাপের পক্ষেও সাফাই গেয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি চাই না চীন আমার ওপর কর্তৃত্ব করুক। জানি না, কী কারণে দেশটির সঙ্গে বাণিজ্যসহ নানা বিষয়ে কোনো চুক্তি না করেই ওই একক চীন নীতি আমাদের মানতে হবে।’

যুক্তরাষ্ট্র যদিও তাইওয়ানের প্রধান সহযোগী ও অস্ত্র সরবরাহকারী দেশ, তথাপি তারা ১৯৭৯ সাল থেকে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রেখেছে। ওই বছরই ওয়াশিংটন একক চীন নীতি মেনে নিয়ে বেইজিংকে স্বীকৃতি দেয়। ট্রাম্প বলেন, তাইওয়ানের প্রেসিডেন্টের টেলিফোন না ধরাটা তাঁর প্রতি অসম্মান দেখানো হতো। কারণ, তিনি তো কেবল নির্বাচনী বিজয়ে (ট্রাম্পকে) অভিনন্দন জানাতেই ফোন করেছিলেন। এটা তো সুন্দর উদ্যোগ ছিল। কেন অন্য কোনো দেশ বলে দেবে যে ওই ফোন ধরা উচিত হয়নি?

চীনের বিরুদ্ধে ট্রাম্প আগেও আলটপকা মন্তব্য করেছেন। বলেছেন, দেশটি মুদ্রা নিয়ে কারসাজি করছে। চীন যেভাবে মুদ্রার অবমূল্যায়ন করছে, তাতে যুক্তরাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সীমান্তে কর আরোপ করেছে, যদিও যুক্তরাষ্ট্র সে রকম করেনি। তারা দক্ষিণ চীন সাগরে একটি বিশাল দুর্গ বানিয়েছে। এটা তাদের উচিত হয়নি।

পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার প্রধান সহযোগী হিসেবে চীনই এ সমস্যার সমাধান করতে পারে। এ সমস্যার ব্যাপারে তারা আসলে যুক্তরাষ্ট্রকে কোনো সাহায্যই করছে না।