'একজন খাঁটি বাঙালি হও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ উদ্‌দীন আহমদ
মমতাজ উদ্‌দীন আহমদ

মমতাজ উদ্‌দীন আহমদকে আমি প্রথম দেখি মহিলা সমিতি মঞ্চে। সময়টা আশির দশকের মাঝামাঝি হবে। বড় বোনের সঙ্গে গিয়েছিলাম নাটক দেখতে; ‘জমিদার দর্পণ’ ছিল নাটকের নাম। এর আগে তাঁকে আমি বহুবার দেখেছি টেলিভিশনের পর্দায়। সেখানে তিনি ছিলেন একজন তুখোড় অভিনেতা, আর সেদিন দেখলাম মঞ্চে, সামনা-সামনি। আমাদের বাড়ির সবাই ভীষণ ভক্ত ছিল তাঁর অভিনয়ের। বিশেষ করে ফেরদৌসী মজুমদারের সঙ্গে জুটি বেঁধে তিনি টেলিভিশনে তখন অনেক নাটকে অভিনয় করেছেন। সে-সব নাটক ছিল তাঁরই লেখা—‘তুমি আর আমি’, ‘আমাদের মন্টু মিয়া’সহ আরও অনেক।
প্রথম দেখার পর আবার দেখা হলো বিশ্বসাহিত্য কেন্দ্রে। আমি লাইব্রেরির সদস্য ছিলাম। বই আনতে যেতাম, কখনো বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন পাঠচক্রে অংশ নিতাম। একদিন বিকেলের দিকে বসেছিলাম আমতলায়, এর মধ্যে অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। বসে বসে ছোলামুড়ি খেতে খেতে দেখলাম, তিনি পাট করা পাঞ্জাবি পরে ঢুকলেন রীতিমতো দলবল নিয়ে। দলনেতা হিসেবে তাঁকে বেশ ভালোই মানিয়েছে। তাঁদের দলে আরও ছিলেন আবেদ খান, সানজিদা আখতার, আনিসুল হক (প্রয়াত মেয়র), জুয়েল আইচ ও লুৎফর রহমান রিটন। কিছুদিন পরপরই দল বেঁধে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিউজিক রুমে বসে তাঁরা মিটিং করতেন। তাঁদের মিটিংয়ের বিষয় টেলিভিশনের অনুষ্ঠান। কখনো ঈদের অনুষ্ঠান, কখনোবা টেলিভিশনের আরও নানা দিক নিয়ে তাঁরা আলোচনা করতেন। এর পর স্যারের সঙ্গে দেখা হলে সালাম দিতাম। দু-একটা কথা হতো। তিনি হয়ে গেলেন সবার মতো আমারও স্যার। আমি বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা পড়াতেন। আমাদের বন্ধু গল্পকার পারভেজ হোসেনের সরাসরি শিক্ষক ছিলেন অধ্যাপক মমতাজ উদ্‌দীন আহমদ।
অসম্ভব প্রাণবন্ত রসবোধসম্পন্ন কৌতুকপ্রিয় মানুষ ছিলেন অধ্যাপক মমতাজ উদ্‌দীন আহমদ। প্রথম প্রথম আমি বেশ দূরেই থাকতাম। দেখা হলে সালাম দিয়ে চুপ করে বসে কথা শুনতাম। মাঝেমধ্যে ঠিক বুঝে উঠতে পারতাম না স্যার কোন কথাটা দুষ্টুমি করে বলছেন, কোনটা সত্যি করে বলছেন! মনে হতো তিনি যেন সারাক্ষণই সাজানো মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছেন। আমি থিয়েটার নাট্যদলের সদস্য হওয়ার পর বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হতে অডিশন দিতে যখন গেলাম, তখন সে বোর্ডের সভাপতি ছিলেন মমতাজ স্যার। থিয়েটার দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল; থিয়েটার আরামবাগ ও থিয়েটার তোপখানা। আমি ছিলাম থিয়েটার তোপখানার সঙ্গে। আমাকে অডিশন বোর্ডে স্যার অনেক কথা জিজ্ঞেস করলেন। আমি সে পরীক্ষায় স্যারের সামনে আবদুল্লাহ আল মামুনের লেখা ‘সুবচন নির্বাসনে’ নাটকের রানু চরিত্রে অভিনয় করে দেখালাম। উত্তীর্ণ হয়ে ছিলাম একবারেই। এভাবেই স্যারের সঙ্গে আমার সম্পর্কের সূচনা এবং পরে এ সম্পর্ক গভীর থেকে গভীরতর হলো, অনেকটা যেন একটি পরিবারের সদস্য হয়ে উঠেছিলাম আমরা। স্যার সেখানে আমাদের অভিভাবক, পিতৃতুল্য, কখনো বন্ধুর মতো। সব সময় গল্প-গুজবে মেতে থাকতেন; আমাদের মাতিয়ে রাখতেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের সূত্র ধরে আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার, রিটন ভাই, আমীরুল, পারভেজ—আমাদের সবার সঙ্গে স্যারের সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক, গভীরভাবে পারিবারিক।
একবার স্যারের আজিমপুরের বাড়িতে আমরা নিমন্ত্রিত হলাম। রিটন, আমীরুল, সানী, নোমান, আমি, মাযহারসহ আরও অনেকে ছিল। সবার কথা এখন মনে পড়ছে না। উপলক্ষ স্যার ও ভাবির ২৫তম বিয়ে বার্ষিকী। সেখানে বিশাল এক কেক কেটে স্যার তাঁদের দাম্পত্য জীবনের কোয়ার্টার সেঞ্চুরি (২৫ বছর) উদ্‌যাপন করলেন। অনেক ঠাট্টা-মশকরা, গল্পগুজব, খাওয়া-আনন্দময় সে দিনটির কথা আজ মনে পড়ছে। সব সময় স্যার ভাবিকে নিয়ে নানা রকম মজার গল্প করতেন এবং আমাদের কাছে এসব গল্প করে মজা পেতেন। স্যারের সঙ্গে ভাবির সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক, মধুর ও সমঝোতাপূর্ণ।
স্যারের সঙ্গে আমার প্রথম কাজ টেলিভিশনের একটি সাপ্তাহিক নাটকে। স্যারের লেখা ওই নাটকে আমি অভিনয় করলাম এক বড়লোকের স্ত্রীর ভূমিকায়। স্যারের নাটকের সংলাপগুলো ভীষণ মজার। শুনলেই বোঝা যেত এ সংলাপ মমতাজ উদ্‌দীন আহমেদের লেখা, অন্য কেউ তেমন করে সংলাপ লিখতে পারবে না। ওই নাটকে একটি দৃশ্য ছিল, মাঝরাতে আহ্লাদী স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে বলবে, ‘আমি এখন আইসক্রিম খাব।’ স্বামী ঘর থেকে বেরিয়ে দোকান থেকে আদরের স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনবে। তারপর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী-স্ত্রী মিলে আইসক্রিম খাবে। আমার সঙ্গে অভিনেতা হিসেবে ছিলেন একরামুল হক রাজু। সেটে আইসক্রিম কিনে ফ্রিজে রাখা হয়েছিল, সঠিক সময় আইসক্রিম নিয়ে অভিনয় করতে করতে বারবার সেই আইসক্রিম গলে যাচ্ছিল। স্যার কিন্তু নাছোড়বান্দা। ঠিকমতো না বললে চলবে না। আইসক্রিম গলে যাচ্ছিল। তাই সে দৃশ্যের শুটিং বন্ধ রেখে দোকান থেকে আবার আইসক্রিম কিনে আনা হলো, তারপর সেই দৃশ্যে অভিনয় করলাম আমরা। নাট্যকার ও পরিচালক হিসেবে ছিলেন ভীষণ খুঁতখুঁতে। তাঁর মনমতো যতক্ষণ না হতো, ততক্ষণ তিনি সেটা কিছুতেই টেক করতেন না। সেটা টেলিভিশনেই হোক, আর বেতারেই হোক।
এভাবেই স্যারের সঙ্গে আমাদের সম্পর্ক সময়ের হাত ধরে হয়ে যায় গভীর থেকে গভীরতর। সুখে-দুঃখে সব সময়ই ছায়ার মতো স্যারের একটি হাত আমাদের দুজনের মাথার ওপর ছিল। বিশ্বসাহিত্য কেন্দ্র-কেন্দ্রিক একটি পরিবার ছিলাম আমরা। কখনো কেন্দ্রের ছাদে, কখনোবা কারও বাড়িতে আড্ডা, তুমুল খাওয়া-দাওয়া, গান সবকিছুতেই আমরা থাকতাম একসঙ্গে পাশাপাশি, আন্তরিক। মমতাজ স্যার ছিলেন একজন ভোজনরসিক। ভালো খাবার খেতে ভালোবাসতেন। কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়, কোন দোকানে ভালো সন্দেশ, কোন দোকানে চানাচুর, নিমকি ভালো—সবকিছুই তাঁর জানা ছিল। আমরা যখন রেডিওতে রেকর্ডিং করতাম, বিশেষত যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করতাম স্যারের সঙ্গে, তখন পথে পথে ঘুরে ঘুরে সব সেরা খাবার নিয়ে তিনি আসতেন। সবাই মিলে বসে ফুর্তি করে খেয়েদেয়ে তারপর শুরু করতাম রেকর্ডিং। বাজার করতে ভালোবাসতেন স্যার। ভালো চালের ভাত, ভালো মাছ খুঁজে খুঁজে কিনতেন। কালচে ঘন সবুজ রঙের একজাতীয় পেঁপের নাম যে কালি-পেঁপে, সে কথা প্রথম শুনেছিলাম স্যারের মুখে। কালি-পেঁপের ভেতরটা হবে লালচে ও মিষ্টি। খাবারের ব্যাপারে স্যারের দর্শন ছিল-অল্প খাব, কিন্তু ভালোটা খাব।
একবার ১৫ আগস্টের অনুষ্ঠান হবে ধানমন্ডি ৩২ নম্বরে। সে সময় আওয়ামী লীগ ছিল বিরোধী দল। আওয়ামী লীগের এক সময়ের সংসদ সদস্য চয়ন ইসলাম আমাদের সে অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। আমি ও খায়রুল আলম সবুজ—আমরা সৈয়দ শামসুল হকের ‘যুদ্ধ এবং যুদ্ধ’ নাটক থেকে অংশবিশেষ অভিনয় করব। মমতাজ স্যারের একটি ভাষণ ছিল; অসাধারণ। বেদনাময়। মর্মান্তিক। অসাধারণ মমতাজ উদ্‌দীন আহমদ। দেশপ্রেম, বাংলা-বাঙালি, বাংলা সংস্কৃতি, সোনার বাংলা, জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর সোনার বাংলার স্বপ্নের কথা এমন চমৎকারভাবে সেই বক্তৃতায় তিনি তুলে ধরেছিলেন যে, সেদিন সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম, তাদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারিনি। অভূতপূর্ব এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মিনিটখানেক কেউ কোনো কথা বলতে পারেনি। সবাই স্তব্ধ হয়ে বসেছিল। কথার জাদুকর ছিলেন মমতাজ উদ্‌দীন আহমদ। মমতাজ স্যারের মধ্যে যেন একটা ক্ষ্যাপা পাগল বাস করত। স্যারকে কখনো মনে হতো পাগলাটে, খ্যাপাটে। এর পেছনে ছিল এক মর্মান্তিক কাহিনি। স্যারের ছোট মেয়ে তাহিতি, ওর পায়ে ছোটবেলায় গ্যাংগ্রিন হয়েছিল, সেখান থেকেই ক্যানসারে রূপ নেয়। অনেক চিকিৎসা করেও পা রক্ষা করা যায়নি। চিকিৎসকের সিদ্ধান্তে কেটে ফেলতে হয়েছিল কিছু অংশ। সেটা মেনে নিতে পারেননি স্যার। আর ফলাফল হিসেবে স্যার যেন হয়ে গেলেন কিছুটা পাগলাটে, কিছুটা খ্যাপাটে। এই কষ্টবোধ, এই দুঃখবোধ স্যারকে প্রতিনিয়ত কুরে কুরে খেয়েছে। স্যার তাই এই বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য, সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকার চেষ্টা করতেন।
পারিবারিক জীবনে মমতাজ স্যার ছিলেন একজন সার্থক পিতা। চারটি ছেলে-মেয়েকে তিনি মানুষের মতো মানুষ করেছেন। স্বামী হিসেবে তিনি ছিলেন দায়িত্ববান, কর্তব্যপরায়ণ। স্ত্রীর প্রতি তাঁর ছিল অগাধ শ্রদ্ধা, ভালোবাসা ও প্রেম। বাইরের কাজে শিল্প-সাহিত্য-সংস্কৃতি, মঞ্চনাটক, টেলিভিশন, বেতার সবকিছুতেই স্যারের ছিল একচ্ছত্র পদচারণা। যত ব্যস্তই থাকুন না কেন, পরিবারের কোনো কাজ ফেলে রাখেননি বা অবহেলা করেননি কোনো দিন।
আমাদের ছেলে প্রিয় জন্মাবার পর ওর আকিকার অনুষ্ঠানে আমাদের বাড়িতে স্যার ভাবিকে নিয়ে এসেছিলেন। ওর জন্য উপহার হিসেবে এনেছিলেন একটি প্যাকেট-নার্সারি রাইমের রঙিন ছবিওয়ালা বই ও অডিও ক্যাসেট। নাসিরউদ্দিন শাহ ও জিনাত আমানের কণ্ঠ সমৃদ্ধ ওই ক্যাসেট প্রিয় অনেক দিন শুনেছে। প্যাকেটটির ভেতরে ছিল স্যারের নিজের হাতে লেখা একটি চিরকুট। লেখা ছিল, ‘একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল, একজন জয়নুল অথবা একজন খাঁটি বাঙালি হও।’ আমার সন্তানের জন্য স্যারের দেওয়া এই আশীর্বাদ ছিল আমার সন্তানের শ্রেষ্ঠ উপহার। স্যার, মা হিসেবে আমি আপনার সেই আশীর্বাদে আমার সন্তানকে বড় করার চেষ্টা করছি।