'এমন দিনে তারে বলা যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীতে স্থান পাওয়া একটি ভাস্কর্য
প্রদর্শনীতে স্থান পাওয়া একটি ভাস্কর্য

আখতার আহমেদ রাশার নাম ও কাজ কোনোটির সঙ্গেই পরিচয় ছিল না। কিন্তু গত কয়েক দিন ধরে নিউইয়র্কে শুনছিলাম তাঁর শিল্পকাজের প্রদর্শনী আয়োজনের খবর। জানলাম এখানে ভাস্কর হিসেবে তাঁর পরিচিতি আছে। আরেকটু ভালো ভাবে জানতে চাইলে বুঝলাম তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘কুটুম কাটাম’ পথের পথিক। এ মাধ্যমে বাংলাদেশের পথিকৃৎ ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর কাজের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় আছে আমার। আশির দশকের শেষের দিকে ফেরদৌসী প্রিয়ভাষিণীর কাজ জনসমক্ষে আসতে শুরু করলে মাধ্যমটির দিকে অনেকের দৃষ্টি পড়ে। আমিও তখন থেকেই তাঁর কাজের সঙ্গে ভালোভাবে পরিচিত এবং মাধ্যমটি নিয়েও কৌতূহলী। এই সূত্রেই বলতে পারি, আমার জানাশোনার পরিধির মধ্যে আর কাউকে এ মাধ্যমে কাজে আগ্রহী হতে দেখিনি। আখতার আহমেদ রাশার কাজের কথা শুনে তাঁর প্রদর্শনীটি দেখতে আগ্রহী হয়ে উঠি। আনন্দের ব্যাপার এই যে, বাংলাদেশের বাইরে অবস্থান করেও শিল্পী রাশা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে শিল্পচর্চায় ধারাবাহিক ভাবে সক্রিয় রয়েছেন।
ভাস্কর্যের মূল ব্যাপার হচ্ছে শিল্পীর কল্পিত ত্রিমাত্রিক রূপ সৃষ্টির জন্য যে মাধ্যমে তিনি কাজ করবেন তা থেকে খোদাই করে বাদ দিয়ে দিয়ে তাঁর কল্পিত রূপ গড়বেন অথবা তাতে জোড়া দিয়ে দিয়ে কল্পিত রূপটি নির্মাণ করবেন। সেদিক থেকে দেখলে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘কুটুম কাটাম’ অথবা ফেরদৌসী প্রিয়ভাষিণী কিংবা আখতার আহমেদ রাশার ‘এমন দিনে তারে বলা যায়’-এর কাজ সাধারণ ভাস্করদের তুলনায় একটু ব্যতিক্রমী। জুড়ে দেওয়া বা বাদ দেওয়ার সঙ্গে আরেকটা বাড়তি কাজ তাঁদের করতে হয়। সেটা হলো নির্বাচন ও প্রাকৃতিকতার ওপর নির্ভর করা। নির্বাচনের জন্য শিল্পীর কল্পনা প্রয়োগের স্বাধীনতা এখানে কম। আরেকটি দিক হলো, যে রূপটি শিল্পী কল্পনা করছেন তার অনেকটাই প্রাকৃতিকভাবে আগেই সম্পন্ন হয়ে থাকে। শিল্পীর করণীয় সেখানে কমই আছে। অর্থাৎ শিল্পী এখানে কম স্বাধীন। আখতার আহমেদ রাশার কাজ নিয়ে কথা বলবার আমরা অবনীন্দ্রনাথের কুটুম কাটামের নির্দেশনাটুকু একটু দেখে নিতে পারি। তাহলে অবনীন্দ্রনাথের কুটুম কাটামের সঙ্গে রাশার কাজের মিল ও অমিল অনুধাবন আমাদের পক্ষে সুবিধাজনক হবে।
পোকা খাওয়া গাছের ডাল, তালের আঁটি কিংবা বাঁশের কঞ্চির স্বাভাবিক রূপের মধ্য সামান্য কিছু যোগ করেই শিল্প সৃষ্টি করতে পছন্দ করতেন অবনীন্দ্রনাথ। যেমন একটি বাঁকানো ডালে রঙিন কাপড়ের টুকরো জড়িয়ে দিয়ে কিংবা মাথার ওপর তালের আঁটি বসিয়ে তিনি বিশেষ রূপ সৃষ্টি করেছেন। কোথাও হয়তো রঙিন সুতো জড়িয়ে দিয়ে সৃষ্টি করেছেন একটা আলাদা সৌন্দর্য। তাঁর কাছে ‘কুটুম’ অর্থ জ্ঞাতি আর ‘কাটাম’ হচ্ছে কাঠামো। তিনি টুকরো টাকরা জিনিসের ওপর রং চাপানো বা বার্নিশ করার পক্ষপাতী ছিলেন না। কারণ মাধ্যমের প্রাকৃতিকতা ক্ষুণ্ন হলে তা হবে কৃত্রিম।
অবনীন্দ্রনাথের ‘কুটুম কাটামে’র শর্ত এতটা কঠোর ভাবে রাশা মানেননি। তিনি কিন্তু ‘যোগ’ এবং ‘বিয়োগ’ দুটোই করে রূপ সৃষ্টি করেছেন। আবার ঠিক রং ব্যবহার না করলেও প্রয়োজনে বার্নিশও করেছেন। প্রদর্শনীর ব্রোশিওরে তাঁর কাজ সম্পর্কে কৌশিক আহমেদ যথার্থই বলেছেন, শিল্পকর্মগুলোর ‘অর্ধেক প্রকৃতির অর্ধেক রাশার’। আবার ভাস্কর্যের মূলনীতি অনুসারে তিনি কেবল খোদাই ও যুক্ত করার মধ্য দিয়ে রূপ সৃষ্টি করেননি; দু-একটি ক্ষেত্রে রঙেরও সামান্য ব্যবহার করেছেন। তাহলে দেখা যাচ্ছে রাশা পুরোপুরি অবনীন্দ্রনাথের নির্দেশনা মানছেন না। আবার অন্য দিকে বলা যায় তাঁর নির্দেশনা থেকে খুব দূরেও সরে যাননি তিনি। যেটুকু ক্ষেত্রে তিনি অবনীন্দ্রনাথের নির্দেশনা মানেননি তা কতটা ভালো ফল দিয়েছে আর কতটা দেয়নি তা বিচার করবার সামর্থ্য আমার নেই। কারণ শিল্প যেহেতু শিল্পীর স্বাধীনতার বিষয় সেহেতু শিল্পী তা নিতে পারেন। কারণ এর মধ্য দিয়েই তিনি তাঁর গন্তব্যে পৌঁছে যান। আবার এ কথাও মানতে হবে ভাস্কর্যের প্রাণ তার মাধ্যমের স্বাতন্ত্র্য বা নিজস্বতায় অনেকটাই সীমিত থাকে। যদি মাধ্যমের বৈশিষ্ট্যকে বদলে দিয়ে কোনো রূপ সৃষ্টি করা হয় তাহলে তা শিল্পের বিচারে কতটা গ্রহণীয় তা নিয়ে প্রশ্ন ওঠাও খুবই সংগত। যা হোক, আমরা কেবল এটুকুই বলব যে, রাশা কোনো কোনো ক্ষেত্রে মাধ্যমের বৈশিষ্ট্যকে সামান্য বিকৃত করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তো তিনি প্রকৃতির ওপর অর্ধেকও নির্ভর করেননি। যেমন চারটি নৌকা পাশাপাশি রেখে যে কাজটি তিনি প্রদর্শন করেছেন সেটির ক্ষেত্রে এ কথা প্রযোজ্য।
আরেকটি ব্যাপার লক্ষণীয় যে, আখতার আহমেদ রাশা কোনো প্রথাগত উপায়ে শিল্পসৃষ্টি করতে শেখেননি। সেদিক থেকে তিনি স্বশিক্ষিত শিল্পী। সুতরাং রাশার কাজ নিয়ে কিছু বলতে গেলে হয়তো আমাদের এ-কথাও মনে রাখা জরুরি যে, প্রথাগত বিচারের মানদণ্ডে তাঁর শিল্পকর্মকে বিচার করা যাবে না। বরং তাঁর কাজকে বিচারের জন্য মনকে কোনো পূর্বধারণা থেকে মুক্ত করে নিতে হবে। কারণ ভাস্কর্য নির্মাণের কোনো কোনো শর্ত প্রতিপালিত হতে পারেনি বলে দু-একটা কথা হয়তো শিল্প-সমালোচকেরা বলতেও পারেন।
তাঁর শিল্পকর্মের বিষয়বস্তু মূলত বাংলাদেশ কেন্দ্রিক। বাংলাদেশের অতীত যেমন তাঁর কাজের উপজীব্য তেমনি অতি সাম্প্রতিক বিষয়ও এসেছে। এমন কিছু কাজ আছে যা এখন বাংলাদেশেই স্মৃতি হয়ে আছে। যেমন পালকি নিয়ে গড়া কাজটি। ভাষা আন্দোলনের মিছিল নিয়ে গড়া কাজটির কথা মনে পড়ে। চিরায়ত বিষয় মা ও শিশুকে নিয়েও কাজ আছে রাশার। মুক্তিযুদ্ধও বিষয় হয়েছে। গ্রামীণ কৃষিজীবনের ছবিও আছে কোনো কোনোটিতে। দু-একটি কাজে পাশ্চাত্যের বিষয় এসেছে যেমন ‘ব্যালেরিনা’ নামের কাজটি। সাম্প্রতিক কালের বিপন্ন রোহিঙ্গাও বিষয় হয়েছে রাশার কাজের।
প্রদর্শনী উপলক্ষে একটি ব্রোশিওর বেরিয়েছে। সত্যি বলতে কি ব্রোশিওরটি দর্শককে খুব বেশি সহযোগিতা করতে পারেনি। সবগুলো কাজের ফটো দেওয়া না গেলেও সবগুলো কাজেরই নাম দেওয়া সম্ভব ছিল। শিল্প প্রদর্শনীর ব্রোশিওর হিসেবে এর শৈল্পিকতাকে মানসম্পন্ন বলা যাবে না। কাজগুলোর উপস্থাপনেও এলোমেলো লক্ষ করা গেছে। কাজগুলো ভালোভাবে দেখার অনুকূল ছিল বলা যাবে না। একটি কাজ আরেকটি কাজের দৃশ্যকে প্রভাবিত করছে প্রায়শই। মনে হয়েছে প্রদর্শনী কিউরেটিঙে আরও একটু সচেতনতা সম্ভব ছিল।