ওয়াশিংটন থেকে ক্ষমতা জনতার হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগি লারসন (বাঁয়ে) এবং তাঁর স্বামী মাইকেল লারসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় বিক্ষোভে অংশ নিতে ফিলাডেলফিয়া থেকে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত ভ্রমণ করেন। অনেক বিক্ষোভকারীর মতো ন্যাশনাল মল এলাকায় তাঁরাও ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড নিয়ে গতকাল অবস্থান নেন l এএফপি
ম্যাগি লারসন (বাঁয়ে) এবং তাঁর স্বামী মাইকেল লারসন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় বিক্ষোভে অংশ নিতে ফিলাডেলফিয়া থেকে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত ভ্রমণ করেন। অনেক বিক্ষোভকারীর মতো ন্যাশনাল মল এলাকায় তাঁরাও ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড নিয়ে গতকাল অবস্থান নেন l এএফপি

যুক্তরাষ্ট্রকে বিশ্বের এক নম্বরে রাখার অঙ্গীকার করেছেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দৃপ্ত কণ্ঠে বলেন, ‘আজকের এ দিন থেকে আগামী দিনগুলোতে এক নতুন চিন্তা-দর্শন আমাদের মাতৃভূমিকে পরিচালিত করবে। আজ আমরা শুধু একটি প্রশাসন থেকে আরেকটি প্রশাসন বা এক দল থেকে আরেক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করছি না; বরং আমরা ওয়াশিংটনের কাছ থেকেই ক্ষমতা অন্যের হাতে তুলে দিচ্ছি। এ ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি আপনাদের কাছে, জনগণের কাছে।

‘আজকের দিনটি থেকে সামনের দিনগুলোতে আমেরিকাই শীর্ষে থাকবে। আমরা সবাই মিলে আবার আমেরিকাকে শক্তিশালী করে তুলব। আবার আমেরিকাকে সমৃদ্ধ করব। আবার আমেরিকাকে গর্বের অবস্থানে নিয়ে যাব। আবার আমেরিকাকে নিরাপদ করব। আমরা মিলেমিশে আবার আমেরিকাকে মহান করব।’—বললেন ট্রাম্প।

উপস্থিত জনতার উদ্দেশে এই প্রেসিডেন্ট বলেন, ২০১৭-এর ২০ জানুয়ারিকে জনগণ এ জন্য মনে রাখবেন, তাঁরা এ জাতির আবার শাসক হয়েছেন। তিনি আরও বলেন, এ দেশের স্মৃতি বিস্মৃত নারী-পুরুষেরা আর ভুলে থাকবেন না। এখন থেকে সবাই আপনাদের স্মরণ করবেন।

লিংকন মেমোরিয়ালের কনসার্টে ট্রাম্প ও মেলানিয়া
লিংকন মেমোরিয়ালের কনসার্টে ট্রাম্প ও মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্প সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার গৃহীত নীতি বদলে ফেলা এবং ইউরোপ ও এশিয়ার সঙ্গে কয়েক দশকের পুরোনো মিত্রতার সম্পর্ক পুনর্বিবেচনার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘বহু দশক ধরে আমরা বিদেশি শিল্পকে আমেরিকান শিল্পের বিনিময়ে সমৃদ্ধ করেছি। আমরা আমাদের দেশের সেনাবাহিনীকে বঞ্চিত রেখে অন্য দেশগুলোর সেনাবাহিনীকে ভর্তুকি দিয়ে গেছি।’
ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের পুরোনো মিত্রদের শক্তিশালী করব। গড়ে তুলব নতুন জোট। “উগ্র ইসলামি সন্ত্রাসবাদের” বিরুদ্ধে সভ্যসমাজকে করব ঐক্যবদ্ধ। “এই সন্ত্রাসবাদকে” পৃথিবীর বুক থেকে সমূলে নির্মূল করব।’
ট্রাম্প বলেন, এই মুহূর্ত আপনাদের। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতার লক্ষ্য থাকবে সংগ্রামরত মধ্যবিত্ত পরিবারগুলোকে সহায়তা করা, মার্কিন সেনাবাহিনীকে পুনর্গঠিত করা ও যুক্তরাষ্ট্রের সীমান্তকে সুসংহত করা।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এক কনসার্টে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ‘ঐক্যের আমেরিকা’ গড়ার অঙ্গীকার করেন।
অভিষেক আয়োজনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন! ওয়েলকাম সেলিব্রেশন’ শীর্ষক কনসার্ট জনসাধারণের জন্য উন্মুক্ত হয়।

ট্রাম্পের সমালোচনামুখর বহু নামীদামি তারকা অনুষ্ঠানে হাজির না হলেও কনসার্টে কোনো কমতি রাখেননি তিনি। অনুষ্ঠানে হাজির হয়ে বুলেটপ্রুফ গ্লাসের ভেতরে বসে অনুষ্ঠান দেখেন। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। আমরা আমেরিকাকে আমাদের সব জনসাধারণের জন্য মহান করতে যাচ্ছি।’

ট্রাম্প বলেন, ‘অনেক অনেক দশক ধরে আমাদের দেশের জন্য যা করা হয়নি, আমরা তা করতে যাচ্ছি। পরিবর্তন আসছে।’