'ও রকম হলে আবার গুলি করব'
মূলত যাঁর কারণে যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় চলছে, সেই শ্বেতাঙ্গ পুলিশ সদস্য ড্যারেন উইলসন বলেছেন, ‘আমার বিবেক পরিষ্কার। এমন পরিস্থিতির মুখোমুখি হলে আবারও একই কাজ করব।’ এর আগে তদন্তকারী জুরিবোর্ডের সামনে দেওয়া বক্তব্যেও একই কথা বলেছেন উইলসন। খবর এএফপি ও বিবিসির।
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গত মঙ্গলবার এ নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন ড্যারেন উইলসন। গত ৯ আগস্ট মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যার পর এই প্রথম মুখ খুললেন তিনি।
উইলসন বলেন, ‘আমার বিবেক পরিষ্কার। কারণ আমি জানি, সঠিকভাবে দায়িত্ব পালন করেছি।’ ব্রাউন কৃষ্ণাঙ্গ না হয়ে শ্বেতাঙ্গ তরুণ হলে কী করতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একই কাজ করতেন।
ব্রাউনকে শক্তিশালী তরুণ উল্লেখ করেন উইলসন। তিনি অভিযোগ করেন, ‘ও (ব্রাউন) আমাকে আক্রমণ করেছিল। আমাকে হত্যা করতে চেয়েছিল।’ তিনি দাবি করেন, ব্রাউন অস্ত্র কেড়ে নিতে গেলে আত্মরক্ষার জন্য তিনি গুলি করেন।
উইলসন বলেন, ‘আমি আবার নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি তরুণটিকে গুলি করতে পারি? আইনত গুলি করতে পারি কি? তারপর নিশ্চিত হয়েছি, হ্যাঁ আমি সেটা করতে পারি।’