'ওবামাকে শান্তি পুরস্কার দেওয়া প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল কমিটির সাবেক এক সেক্রেটারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নোবেল পুরস্কার দেওয়ায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ২০০৯ সালে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। নোবেল কমিটির তৎকালীন সেক্রেটারি অব পিস গেইর লান্ডেস্ট্যাড তাঁর স্মৃতিকথায় এ কথা বলেছেন। খবর বিবিসির।

লান্ডেস্ট্যাড বলেছেন, নোবেল কমিটি প্রত্যাশা করেছিল, এই পুরস্কার ওবামার কাজে গতি আনবে। যুক্তরাষ্ট্রে সমালোচনা হওয়া সত্ত্বেও ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অনেকেই মত প্রকাশ করে বলেছিলেন, তাঁর (ওবামা) এই পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ নেই। পুরস্কারটি পাওয়ার কথা শুনে ওবামা নিজেও বিস্ময় প্রকাশ করেছিলেন।

স্মৃতিকথায় লান্ডেস্ট্যাড লিখেছেন, এমনকি ওবামার সমর্থকেরাও তাঁকে মনোনীত করা ভুল বলে বিবেচনা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই পুরস্কারটি নিতে নরওয়ের রাজধানী অসলোতে না যাওয়ার কথা বিবেচনা করেছিলেন। অন্য পুরস্কারজয়ীরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্জন করেছেন কি না, সে ব্যাপারেও খোঁজ করেছিলেন ওবামা সরকারের কর্মকর্তারা।  

লান্ডেস্ট্যাড নোবেলের সংশ্লিষ্ট কমিটির প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিনা ভোটের সেক্রেটারি ছিলেন। গোপনীয়তা মেনে চলা ওই কমিটির ঐতিহ্য ভাঙলেন লান্ডেস্ট্যাড। ওই কমিটির কর্মপন্থার বিষয়ে সদস্যদের আলোচনার ঘটনা বিরল।