'কম প্রচারিত' হামলার তালিকা প্রকাশ করল হোয়াইট হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অত্যন্ত অসৎ সংবাদমাধ্যম’ সন্ত্রাসী হামলার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দেয় না—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ অভিযোগের পর হোয়াইট হাউস গত সোমবার রাতে ৭৮টি সন্ত্রাসী হামলার একটি তালিকা প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিনই ওই অভিযোগ করে বলেন, প্রচারমাধ্যম অনেক সময় সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে আদৌ প্রতিবেদন প্রকাশ করে না।
হোয়াইট হাউসের ওই তালিকায় যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন হামলার প্রসঙ্গ রয়েছে। এসবের মধ্যে এমন ঘটনাও আছে, যা সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। যেমন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর পালস নাইট ক্লাবে গত বছরের হামলা এবং প্যারিসে ২০১৫ সালের বড় হামলা। হোয়াইট হাউস অভিযোগ করছে, এসব ঘটনা পশ্চিমা সংবাদমাধ্যম পর্যাপ্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেনি।
ট্রাম্পের সোমবারের বক্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র শ্যন স্পাইসার সাংবাদিকদের বলেন, হামলার ঘটনাগুলো একেবারেই যে প্রকাশ করা হয়নি প্রেসিডেন্ট তা মনে করেন না। বরং তিনি বোঝাতে চেয়েছেন, সংবাদমাধ্যম ঘটনাগুলোকে কম গুরুত্ব দিয়ে প্রচার করেছে।
হোয়াইট হাউস প্রকাশিত তালিকায় এমন সন্ত্রাসের ঘটনার উল্লেখও আছে, যেখানে কেউ নিহত হয়নি। যেমন মেলবোর্নে ২০১৪ সালের সেপ্টেম্বরের এক হামলা, নিউইয়র্কে ২০১৪ সালের অক্টোবরের হামলা, রিয়াদে ২০১৪ সালের নভেম্বরের হামলা প্রভৃতি।