'কমান্ডেশন' স্বীকৃতি পেলেন শহীদ খান ও সোহেল আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে মেয়রের সঙ্গে শহীদ খান ও সোহেল আহমেদ
সনদ হাতে মেয়রের সঙ্গে শহীদ খান ও সোহেল আহমেদ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের সিনেটরের ‘কমান্ডেশন’ স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত বৈশাখী উৎসবে তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়। নিউজার্সি স্টেট সিনেটর জেফ ভ্যান ড্রিউ নিজেই শহীদ খান ও সোহেল আহমেদ এর হাতে সনদ তুলে দেন। ৮মে আটলান্টিক সিটির ওহ সেন্ট জোসেফ রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে সিনেটর জেফ ভ্যান ড্রিউ তাঁর বক্তব্যে নিউজার্সি অঙ্গরাজ্যের অগ্রযাত্রায় বাংলাদেশি কমিউনিটির ত্যাগ ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।
জেফ ভ্যান ড্রিউ বলেন, অন্য কমিউনিটির মতো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিও বেশ সুনামের সঙ্গে সমাজের সর্বস্তরে প্রশংসনীয় অবদান রেখে চলেছে। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কমিউনিটি সেবা ও কমিউনিটির লোকজনকে সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে নিউজার্সির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রেখে আসছে; যা সত্যিই প্রশংসনীয়। সভাপতি শহীদ খান ২০০৮ সাল থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সঙ্গে জড়িত। তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব। সাধারণ সম্পাদক সোহেল আহমেদও প্রায় নয় বছর যাবৎ এই সংগঠনের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে আছেন।