'কমিউনিটি হিরো' খেতাব পেলেন নার্গিস আহমেদ

বয়স্ক অভিবাসীদের মধ্যে সেবা ও যোগাযোগ তৎপরতা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘কমিউনিটি হিরো’ খেতাব পেয়েছেন জ্যামাইকার ‘দেশি সিনিয়র সেন্টার’-এর পরিচালক সমাজ ও সংস্কৃতিকর্মী নার্গিস আহমেদ। আমেরিকাভিত্তিক একটি বেসরকারি সংগঠন এএআরপি নার্গিসকে এই খেতাব দিয়েছে। এএআরপি মূলত বয়স্ক নাগরিকদের সেবায় কাজ করে।
গত ২৪ জানুয়ারি জ্যামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে এএআরপির পক্ষ থেকে নার্গিস আহমেদকে এই খেতাব দেয়। পাশাপাশি তাঁর হাতে এক হাজার ডলারের চেক তুলে দেওয়া হয়।
নার্গিস আহমেদ বেশ কয়েক বছর ধরে জ্যামাইকা মুসলিম সেন্টারের বেসমেন্টে একটি বয়স্ক সেবা কেন্দ্র ‘দেশি সিনিয়র সেন্টার’ পরিচালনা করে আসছেন। সেখানে বাংলাদেশি সম্প্রদায়ের বয়স্করা প্রতিদিন সকালে গিয়ে চা নাশতা করেন, নিজেদের মধ্যে সাংস্কৃতিক ভাব বিনিময় করেন। এর বাইরে সেখানে প্রবীনরা আমেরিকার আইন বিধান ও জ্যেষ্ঠ নাগরিকদের অধিকার সম্পর্কে জানার সুযোগ পান। ইন্ডিয়া হোমস নামক একটি বড় এনজিওর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে এই ‘দেশি সিনিয়র সেন্টার’ পরিচালিত হয়, যার জন্য বরাদ্দ রয়েছে রাষ্ট্রীয় অর্থ। এই প্রতিষ্ঠানটি দাঁড় করাতে নার্গিস আহমেদ ও স্থানীয় কমিউনিটি নেতারা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিকদের সঙ্গে দেন-দরবার করেছিলেন।
খেতাব প্রদান অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নার্গিস আহমেদ বলেন, ‘আমি শুরুতে যখন কাজ করতাম তখন আমার বাবা-মা আমাদের সঙ্গেই থাকতেন। সে সময় তাদের নিজেদের প্রাণ ভরে নিশ্বাস নেওয়ার জন্য, অন্যদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এমন কোনো প্রতিষ্ঠান ছিল না। আজ তাঁরা বেঁচে নেই, তাঁদের জন্য এখন আমার অনেক কষ্ট হয়। আমি মনে করি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য অনেক বাবা-মায়েরা একটু ভালো সময় পাচ্ছেন। সেটাই আমার বড় পাওয়া।’