'করোনার বহুরূপ'
প্রায় দেড় মাসের কাছাকাছি। সবাই আমরা ঘরবন্দী। করোনা নামক ভাইরাসের কাছ থেকে একটি নতুন শব্দের সঙ্গে পরিচিত হলাম ‘হোম কোয়ারেন্টিন’। অনেক সময় বলতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলি, কারণ নতুন শব্দ জীবনে শুনিনি।
আমার অনেক কষ্ট লাগে বাংলাদেশে যখন এই শব্দটি ব্যবহার করা হয়। গরিব যারা লেখাপড়া করেনি, তাদের জন্য এই শব্দটির অর্থ বোঝাই কষ্টকর হয়ে পড়ে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়া যখন এই শব্দ ব্যবহার করেন তখন ইচ্ছে হয় এই শব্দটি নিয়ে প্রতিবাদ করি। বলি আমরা বাঙালি। আমরা অন্য দেশের ভাষা বুঝি না, আমাদের হোম কোয়ারেন্টিন না বলে গৃহবন্দী অথবা ঘরবন্দী থাকতে বলেন।
দেড় মাস ঘরবন্দী থাকতে থাকতে সবাই আমরা কান্ত। একমাত্র আমার কাছে ফেসবুক মনে হচ্ছ একটি বিনোদনের জায়গা।
ফেসবুকে এই দেড় মাসে আমার চোখে পড়া বিনোদনগুলো এখন তুলে ধরছি—
করোনা শুরু হতেই প্রথমে সবাই ভয়ে আতঙ্কিত। কিছুদিন পর লকডাউন হয়ে যাবে অনেক শহর। মাছে-ভাতে বাঙালি আমরা। দোকান থেকে একের জায়গায় তিন বস্তা চাল কিনে রাখলাম। সঙ্গে পেঁয়াজ, ডাল। শুরু হলো কেনাকাটার প্রতিযোগিতা। দুসপ্তাহ পরে দেখা গেল, চাল-ডাল ঠিক আছে। কিন্তু ঘরের মধ্যে অনেকের পেঁয়াজের গাছ উঠে যাচ্ছে।
বাংলাদেশে আরম্ভ হলো ‘বিদেশি প্রবেশ নিষেধ’ নিয়ে দোকানে দোকানে সাইনবোর্ড।
কিছুদিন পরে খাদ্যসামগ্রী বিতরণ। একটি সাবান চারজন, একটি কলা চারজন, এক মুঠো চাল ১২ জন মিলে গরিবদের সাহায্য করলাম। পুরুষদের অনেকের মাথা ন্যাড়া করে ফেললাম। এরপর দেখতে পেলাম, করোনা নিয়ে গান-কবিতা। এর মধ্যে ভাইরাল হতে লাগল চাল চোর আর তেল চোরদের ছবি। নেতাদের মধ্যে ধান কাটার যুদ্ধ। আমাদের দেশে কিছু অঞ্চল বাদ দিলে নারীদের খুব কমই ধান কাটতে মাঠে যেতে দেখা যায়, করোনা সেই ছবিও আমাদের দেখাল।
এখন দেড় মাসের ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি, নারীদের মধ্যে ভিন্ন রংয়ের শাড়ি পরে ছবি।
পুরুষদের কেউ কার্পেটের ওপর দাঁড়িয়ে আলিফ লায়লার মতো এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে বের হয়েছেন।