'কর্মক্ষেত্রে সমকামী অধিকার সুরক্ষিত নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় সমকামীরা সাধারণত বিশ্বের অন্য দেশের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করে। জরিপ অনুযায়ী আমেরিকার মোট জনসংখ্যার ৫ দশমিক ১ শতাংশ মানুষ সমকামী। এক নিউইয়র্কেই বাস করে প্রায় ৫ লাখ ৬৯ হাজার সমকামী মানুষ। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সমকামীদের অধিকার লঙ্ঘিত হতে শুরু করেছে। এবার এ সম্পর্কিত এক মামলায় রাষ্ট্রপক্ষ কর্মক্ষেত্রে সমকামীদের অধিকার সুরক্ষিত নয় বলে যুক্তি হাজির করেছে।

২৩ আগস্ট সুপ্রিম কোর্টে একটি সংক্ষিপ্ত আবেদন করে ট্রাম্প প্রশাসন যুক্তি দিয়েছিল যে, সমকামী শ্রমিকেরা ফেডারেল নাগরিক অধিকার আইন দ্বারা সুরক্ষিত নয়। ট্রান্সজেন্ডার শ্রমিকদের বিষয়ে প্রশাসন একই যুক্তি প্রকাশের এক সপ্তাহ পর আদালতেই তারা এমন যুক্তি তুলে ধরল।
জর্জিয়ার ক্লেটন কাউন্টি শিশু কল্যাণ পরিষেবা কর্মীর পদ থেকে জেরাল্ড বোস্টককে বরখাস্ত করে। নিউইয়র্কের নিউইয়র্কের স্কাইডাইভিং প্রশিক্ষক ডোনাল্ড জারদাকেও বরখাস্ত করা হয়। দুজনকেই সমকামী হওয়ার কারণে বরখাস্ত করা হয়। তাঁরা আদালতের শরণাপন্ন হন। মামলা দুটির ওপর সুপ্রিম কোর্টে সামনের মাসে শুনানি হওয়ার কথা রয়েছে।

এই মামলায় রাষ্ট্রপক্ষ নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়েছে, আমেরিকার ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনের সপ্তমে অনুচ্ছেদে জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ ও জাতীয় উৎসের ভিত্তিতে কর্মসংস্থান বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যৌন দৃষ্টিভঙ্গির কারণে বৈষম্য নিষিদ্ধের কথা উল্লেখ নেই। আদালতে জমা দেওয়া যুক্তিতে আরও বলা হয়েছে, ‘লিঙ্গ ’-এর সাধারণ অর্থ জৈবিকভাবে পুরুষ বা নারী। এতে যৌন দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত নয়। অথবা যৌন দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা নেই। সুতরাং এ আইনের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী সমকামী শ্রমিকেরা ফেডারেল নাগরিক অধিকার আইন দ্বারা সুরক্ষিত নয়।

রাষ্ট্রপক্ষের এ ধরনের যুক্তি সবাইকে বিস্মিত করেছে। বিষয়টি নিয়ে আদালত শেষ পর্যন্ত কী রায় দেন, তা জানা যাবে অক্টোবর মাসে।