'কালো মেয়ের হাজার বই'

মেয়েটি যেসব বই পড়ত, সেখানে ওর মতো কালো মেয়েদের কোনো চরিত্র থাকত না। থাকত অন্যদের প্রসঙ্গ। ১১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মেয়ে মার্লে ডায়াস কালো মেয়ের চরিত্র আছে এমন বই খুঁজছিল। মনের কথা বলেও ফেলল ওর মাকে। মা সায় দিলেন। আর এরপর থেকে মার্লে খোঁজা শুরু করল সেসব বই, যেখানে কালো মেয়ের চরিত্রই মুখ্য। মার্লে ওর এই ‘সন্ধান অভিযানের’ নাম দিল ‘কালো মেয়ের হাজার বই’। এরপর এক এক করে সাত হাজারের বেশি বই সংগ্রহ করে সেসব বই যুক্তরাষ্ট্রের ছয়টি শহরে বিতরণ করেছে শিশুটি। মার্লে বলে, ‘আমি সেসব এলাকাতেই বইগুলো দিয়েছি, যেখানে জাতিগত বৈচিত্র্য কম আছে। এসব বই দেওয়ার উদ্দেশ্য হলো আমরা সমতায় বিশ্বাস করি।’
সম্প্রতি হোয়াইট হাউসে অনুষ্ঠিত জাতীয় নারী সম্মেলনে এই অভিনব কাজের জন্য আমন্ত্রণ পায় মার্লে। পাঁচ হাজার মানুষের সামনে অভিজ্ঞতা বর্ণনা করে। মার্লে বলে, ‘বৈচিত্র্যের এই ধারণাকে সবাই তুলে ধরুন। আপনার যদি সুযোগ থাকে তবে তা কাজে লাগান।’
এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে মাত্র ২ শতাংশ প্রতিষ্ঠানের নেতৃত্বে আছে কালো নারীরা। মার্লের কাঙ্ক্ষিত বৈচিত্র্য যে কতটা জরুরি, এ তথ্য তা তুলে ধরে।
মার্লে নিজেকে অত্যন্ত ‘ক্ষুধার্ত পাঠক’ বলে মনে করে। সেই অর্থে নিজের পছন্দের কোনো বই নেই।