'কিছুতেই হাল ছাড়া যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ামিন আহমেদ
ইয়ামিন আহমেদ

প্রথম আলো উত্তর আমেরিকার মাসিক আয়োজন ‘উত্তরের পথে’র উদ্বোধনী অনুষ্ঠান ছিল ২৬ ডিসেম্বর। ওই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেরিকায় অভিবাসী বাংলাদেশি এবং এখানে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের এগিয়ে যাওয়ার পথকে সহজ ও সাবলীল করার লক্ষ্যে কাজ করছে উত্তরের পথ। সেই অনুষ্ঠানে একজন সংগ্রামী ও সফল তরুণের সঙ্গে পরিচয়। তাঁর নাম ইয়ামিন আহমেদ।

১৬ বছর বয়সে আমেরিকায় আসা ইয়ামিন তাঁর বক্তব্যে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার গল্প বলেন সবার সামনে।

ইয়ামিন আহমেদের জন্ম সিলেটে। বাবা মো. রফিক উদ্দীন চাকরি করতেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। মা নূরজাহানারা বেগম গৃহিণী। ভাই-বোনদের মধ্যে সবার ছোট ইয়ামিন সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০১১ সালে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং ব্ল-বার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে গোল্ডেন এ প্লাস নিয়ে এইচএসসি পাস করেন। স্কুল জীবন থেকেই ইয়ামিন রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ক্লাস নাইনে থাকতে একবার আগ্রহের বসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খোলেন উন্মুক্ত বিদ্যালয়। সীমিত পরিসরে বিনা মূল্যে পাঠদান করান বস্তিতে বেড়ে ওঠা শ্রমজীবী শিশুদের।

২০১৩ সালে ১৭ বছর বয়সে পরিবারের সঙ্গে ইয়ামিন আমেরিকার নিউইয়র্কে অভিবাসন নেন। শুরু হয় কিশোর ইয়ামিনের জীবনযুদ্ধ। বয়স ১৮ বছরের কম হওয়ায় আর স্কুলে ভর্তি না থাকায়, বৈধভাবে এসেও তাঁকে কাজ করতে হয় রেস্টুরেন্টের কিচেনে—কখনো অর্ধ বেতনে বা কখনো বিনা বেতনে। কিন্তু হাল ছাড়েননি ইয়ামিন। রেস্টুরেন্টের কিচেনে সারা দিন কাজ করে রাতে বাসায় এসে প্রস্তুতি নিতেন কলেজে ভর্তির। অনলাইনে সার্চ করতেন বিভিন্ন রিসোর্স; অনেক প্রতিকূলতা পেরিয়ে ২০১৪ সালে ভর্তি হন লাগার্ডিয়া কমিউনিটি কলেজে। প্রথম সেমিস্টার শেষে মৃত্যু হয় তাঁর বাবার।

২০১৫ সালে ইয়ামিন সম্মানজনক জুডি-ফারকাস স্কলারশিপ পান। ২০১৬ সালে লাগার্ডিয়া কমিউনিটি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে নিউইয়র্ক স্টেট ক্যাপিটালে ৫ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন। লেখালেখির অভ্যাস ছিল ছোটবেলা থেকেই; ইয়ামিনের বিশ্লেষণধর্মী প্রবন্ধ ‘ম্যাথমেটিকস এডুকেশন ইন ইউনাইটেড স্টেটস’ সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অনার্স জার্নালে প্রকাশিত হয়।

লাগার্ডিয়া কমিউনিটি কলেজ থেকে ২০১৬ সালে ‘হাই-অনার্স’ এর সঙ্গে অ্যাসোসিয়েটস অব সায়েন্স ডিগ্রি অর্জন করে চলে যান বিখ্যাত স্টোনি ব্রোক ইউনিভার্সিটিতে। সেখানে পড়ার সময় একাডেমিক পারফরমেন্স ও স্টুডেন্ট লিডারশিপের কারণে টানা দুইবার ‘স্টোনি ব্রোক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন স্কলারশিপ’ অর্জন করেন ইয়ামিন। এ ছাড়া ইউনিভার্সিটিতে পড়ার সময়ে ইন্টার্ন-ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন নিউইয়র্কভিত্তিক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রোফেশনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করেন বিভিন্ন প্ল্যাটফর্মে। ছাত্রজীবনে ইয়ামিন বিভিন্ন নন-প্রফিটের জন্য কাজ করেন এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ফান্ড রেইজিং করেন। ইয়ামিন ছিলেন নিউইয়র্কের বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কো-ফাউন্ডার এবং প্রথম নির্বাচিত সেক্রেটারি। ইয়ামিন ২০১৯ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতক শেষ করে বিখ্যাত এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার বোয়িং কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮৭ ড্রিমলাইনার ডেলিভারির সময়ে ইয়ামিনকে বোয়িং ডেলিভারি টিমে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়।

অবসর সময়ে ইয়ামিন অনলাইনে পড়াশোনা, ব্লগিং এবং তরুণ শিক্ষার্থীদের মেন্টরিং করতে পছন্দ করেন। এ ছাড়া ইয়ামিন একজন শখের রন্ধন শিল্পী। শখের বশে নিজের আগ্রহে রান্না শিখেছেন; সময় পেলেই নিয়মিত বিভিন্ন ডিশ বানান। অত্যন্ত সাদাসিধে জীবনযাপনে বিশ্বাসী ইয়ামিনের প্রিয় ব্যক্তিত্ব নিকোলা টেসলা আর প্রিয় উক্তি হচ্ছে, ‘স্টে ফুলিশ, স্টে হাংরি’।

ইয়ামিন বলেন, প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার শুধু একটি জব বা টাইটেল নয়, বরং প্রকৌশলী একটা স্বপ্ন, একটা উদ্যম আর হতে পারে নিজের বলার মতো একটা গল্প। ভালো ক্যারিয়ার গ্রোথ, জব অ্যাভেইলেবিলিটি, আর আকর্ষণীয় বেতন —এসব বিবেচনায় অনেকের জীবনের প্রথম লক্ষ্য থাকে প্রকৌশলী হওয়া। শুরুও করেন অনেকে, কিন্তু সমস্যা হয় মাঝ পথে এসে; কারিকুলামের পরিধি আর অপেক্ষাকৃত জটিল গাণিতিক সমীকরণ দেখে অনেকেই হতাশ হয়ে যান। হতাশার মাত্রা আরও বেড়ে যায় যখন কোনো কোর্সে খারাপ গ্রেড আসে বা ফলাফল বিপর্যয় হয়। এ জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য লক্ষ্যের পাশাপাশি প্রয়োজন হয় অধ্যবসায়ের। অধ্যবসায় মানে শুধু এই না যে, এক সেমিস্টারে অসাধারণ রেজাল্ট করে পরের সেমিস্টারে তা ধরে রাখা। অধ্যবসায়ের প্রকৃত প্রয়োগ হচ্ছে কোনো এক কোর্স বা সেমিস্টারে ফলাফল বিপর্যয় হলে, পরের সেমিস্টারে হাল ছেড়ে না দিয়ে বরং পরিশ্রম বাড়িয়ে পড়াশোনা করা। প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য গণিত আর বিজ্ঞানে বিষয়ভিত্তিক সাধারণ ধারণা ও আগ্রহ থাকতে হবে। অন্যান্য অনেক বিষয়ের তুলনায় অনেক ক্ষেত্রে গণিত এবং বিজ্ঞানের বিষয়বস্তু একটু জটিল হয়। এ জন্য প্রতিটা বিষয়ের ওপর যে শুরুতেই এক্সপার্ট হতে হবে তা কিন্তু নয়। সাধারণত হাইস্কুল শুরু করার সময় একজন শিক্ষার্থীর নিজের আগ্রহ পরখ করা উচিত। এ ক্ষেত্রে মা-বাবা, শিক্ষক সহায়ক ভূমিকা পালন করতে পারেন। প্রয়োজনে কিছু ম্যাথ/সায়েন্স ক্লাস বা বই পড়ে দেখা যেতে পারে, বিষয়বস্তু কতটুকু আকর্ষণ করে। আমেরিকান স্কুল সিস্টেমে বিভিন্ন ক্লাস, যেমন প্রি-ক্যালকুলাস, ক্যালকুলাস, ন্যাচারাল সায়েন্স ইত্যাদি ক্লাস হাইস্কুলের শেষের দিকে নেওয়া যায়। যা পরবর্তীতে কলেজ ক্রেডিট হিসেবে ট্রান্সফার করা যায়। ফলে মেজর কারিকুলামেও এগিয়ে থাকা যায় এবং বুঝতে সুবিধা হয়।’

এই তরুণ বলেন, ‘বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের জন্য ইঞ্জিনিয়ারিং পড়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় কাজ আর পরিবারের কারণে। যেহেতু ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো কনসেপ্ট বেজড হয় এবং ক্লাস/হোমওয়ার্কের পাশাপাশি ল্যাব রিপোর্ট থাকে, অনেক ক্ষেত্রে সারা দিন কাজ করে, পড়াশোনায় ফোকাস করা কিছুটা কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে প্রায়োরিটি সেট করে নিয়ে টাইম ডিস্ট্রিবিউশন করলে সুবিধা হয়। ফুল-টাইম কাজ করে ইঞ্জিনিয়ারিং পড়াটা কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব নয়। অনেক সময় ওয়ার্ক-স্কুল ব্যালেন্স এ সমস্যা হলে, রেজাল্ট খারাপ হতে পারে—এটা স্বাভাবিক বিষয়। এতে হতাশ হওয়া যাবে না। বিশেষ করে জুনিয়র/সিনিয়র ইয়ারে, জটিল সাবজেক্টে ভালোভাবে সময় দিয়ে পড়াশোনা না করলে ফলাফল বিপর্যয় হওয়া খুব স্বাভাবিক। এসব ক্ষেত্রে লেকিংস চিহ্নিত করে, ভালো মতো পড়াশোনা করে আবার ফিরে আসতে হবে।’ তিনি বলেন, বন্ধু-বান্ধব থাকবে, আড্ডা দেওয়া যাবে; তবে খেয়াল রাখতে হবে এতে যেন পড়াশোনার ক্ষতি না হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ‘না’ বলা শিখতে হবে। কখন ‘আড্ডা’কে না বলে ‘পড়াশোনা’কে হ্যাঁ বলতে হবে তা বুঝতে হবে। চার-পাঁচ বছর পরে একজন ডিগ্রিড ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে যে সম্মান বা ভবিষ্যৎ নিশ্চিত হবে তার জন্য সাময়িক আনন্দ/আড্ডা মিস দেওয়া যায়—এই ভাবনা মাথায় আনতে পারলে উত্তম।

ইয়ামিন আরও বলেন, ‘পড়াশোনার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সাধারণত সেকেন্ড ইয়ার থেকে প্রফেসরদের সঙ্গে বিভিন্ন প্রজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার চিন্তা করা উচিত। এতে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যেমন হয়, তেমনি রেজুমি বিল্ডআপ করতেও সাহায্য হয়। থার্ড ইয়ার হচ্ছে ইন্টার্নশিপ খোঁজার সর্বোত্তম সময়। বিভিন্ন কোম্পানি সারা বছর ধরে অনেক ইন্টার্ন হায়ার করে থাকেন। কোম্পানিগুলোর ফোকাস অনেক সময় জুনিয়র ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্টদের ওপর থাকে। রেজুমি/কভার লেটার লেখায় সাহায্য করার জন্য প্রতিটা স্কুলে ক্যারিয়ার সেন্টার থাকে, যা থেকে সাহায্য নেওয়া যায়। পাশাপাশি নেটওয়ার্কিং স্কিল অনেক সময় জব/ইন্টার্নশিপ পেতে অনেক সহায়তা করে। ইউনিভার্সিটির অ্যালামনাই, প্রফেসর, পরিচিত প্রফেশনাল ইঞ্জিনিয়ার বড় ভাই-বোন যেকোনো তথ্যের জন্য হতে পারেন একজন ভালো মেন্টর।’

তিনি বলেন, ফুল-টাইম জব খোঁজা শুরু করে দিতে হবে ফোর্থ ইয়ারের ফাইনাল সেমিস্টার থেকে বা তার একটু আগে। অনেকে সঠিক সময়ে এই কাজটা না করার কারণে, স্কিল থাকা সত্ত্বেও গ্র্যাজুয়েশনের পরে কয়েক মাস ভালো জব খুঁজে পান না। জেনে রাখা ভালো, এন্ট্রি লেভেলের জবের জন্য কোম্পানিগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় ফাইনাল ইয়ার/সেমিস্টারে থাকা স্টুডেন্টদের। যাতে তারা স্কুলে থাকাকালীন ইন্টারভিউ ও হায়ারিং প্রসেস শেষ করে গ্র্যাজুয়েশনের পরেই জবে জয়েন করতে পারে।

জিপিএ নিয়ে অনেকে অনেক কথা বলেন। তবে জিপিএ যে সবকিছু তা কিন্তু নয়। কোম্পানিগুলো হায়ারিংয়ের সময় অনেক কিছুই বিবেচনায় নেয়, যেমন-স্কিল, জিপিএ, ইন্টার্নশিপ, কমিউনিকেশন, অ্যাপ্রোচ ইত্যাদি। তাই জিপিএ ভালো থাকলে উত্তম, তবে কম থাকলেও হতাশার কারণ নেই। তবে জিপিএ ন্যূনতম ৩.০-এর ওপর রাখা উচিত। চেষ্টা করা উচিত বিভিন্ন প্রজেক্ট করার আর সাবজেক্ট/মেজরের ওপর ভিত্তি করে ডিজাইন, কোডিং ইত্যাদি স্কিল শেখার।

আমেরিকায় নতুন অভিবাসন নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইয়ামিন বললেন, ‘বাংলাদেশ থেকে আসা সব ছাত্র/ছাত্রীদের বলছি, হাল ছাড়া যাবে না। একাডেমিক লাইফে অনেক প্রতিকূলতা আসবে, খারাপ সময় আসবে। এসব জয় করার জন্য থাকতে হবে অভীষ্ট লক্ষ্য আর সঙ্গে অধ্যবসায়। লক্ষ্য নিয়ে শুরু করেন অনেকেই, কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে শুধু তাঁরাই সফলভাবে বের হন যারা শেষ পর্যন্ত পরিশ্রম করে যান।’