
‘কে গুলি করছে তা আমি দেখতে পাইনি। তবে ক্রমাগত গুলির শব্দ শুনছিলাম। যে ঘরে ছিলাম, সেখানকার সবাই মেঝেতে শুয়ে পড়ল।’ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের নাইট ক্লাবে হামলার বর্ণনা দিচ্ছিলেন সেখান থেকে বেঁচে ফেরা নেগ্রন আলমোডোভার। তিনি জানান, হামলার সময় ক্লাবের ভেতরে ছিল শতাধিক মানুষ।
গত শনিবার রাতে ‘পালস’ নামের ক্লাবটিতে বন্দুকধারীর হামলায় নিহত হন অন্তত ৫০ জন। আহত হন ৫৩ জন।
পুলিশ জানায়, শনিবার রাত প্রায় দুইটার সময় ওই নাইট ক্লাবে হামলার পর সেখানে পুলিশের সঙ্গে বন্দুকধারীর গুলিবিনিময় হয়। একপর্যায়ে বন্দুকধারী ক্লাবটির সদস্যদের জিম্মি করে রাখে। এরপর পুলিশের একটি দল সেখানে ঢুকে হামলাকারীকে গুলি করে হত্যা করে।

অরল্যান্ডোর পুলিশপ্রধান জন মিনা বলেন, ভোর পাঁচটার দিকে নাইট ক্লাবে জিম্মিদের উদ্ধারে অভিযানের সিদ্ধান্ত হয়। অভিযানে পুলিশ সদস্যদের সঙ্গে হামলাকারীর গুলিবিনিময়ে তিনি নিহত হন। এ সময় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। পুলিশের অভিযানের ফলে অন্তত ৩০টি প্রাণ বেঁচে যায় বলে দাবি করেন তিনি।
পুলিশপ্রধান জানান, হামলাকারীর হাতে একটি রাইফেল ও একটি ছোট আগ্নেয়াস্ত্র ছিল। এ ছাড়া তাঁর কাছে আরেকটি ‘অস্ত্র’ পাওয়া যায়। কর্মকর্তারা জানান, হামলাকারীকে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর বয়স ২৯ বছর।
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ জানিয়েছে, ওমর মতিন এফবিআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন ২০১৩ সালে থেকেই। তাঁর বিরুদ্ধে এফবিআই তদন্ত শুরু করেছিল। এনবিসি জানিয়েছে, ওমর মতিন হামলার আগে যুক্তরাষ্ট্রের জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন।
হামলার পর অরল্যান্ডো শহরে জরুরি অবস্থা জারির কথা জানান শহরের মেয়র বাডি ডায়ার। তিনি বলেন, ‘আমার জীবনে এমন ঘটনা দেখিনি।’
হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এটি বিদ্বেষপ্রসূত ও সন্ত্রাসবাদী কার্যক্রম। একজন মার্কিন নাগরিকের ওপর হামলা করার অর্থ হলো সব মার্কিনির ওপর হামলা করা।’
পালস নাইট ক্লাব অরল্যান্ডোর সমকামীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। ২০০৪ সালে এটি চালু করা হয়। তখন থেকে সমকামীদের বিনোদনের জায়গা হিসেবে পরিচিতি পায় ক্লাবটি।
ক্লাবে হামলার আগের দিন অরল্যান্ডোতেই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান মার্কিন গায়িকা ক্রিস্টিনা গ্রিমি (২২)। একটি কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় গ্রিমির ওপর এ হামলা হয়।