
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফ্লোরিডার নাইট ক্লাবে বন্দুক–হামলা চালানো ওমর মতিন যে বৃহত্তর কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের দ্বারা চালিত হয়েছেন, তার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তিনি হয়তো নিজেই উগ্রবাদে অনুপ্রাণিত হয়েছিলেন। গতকাল সোমবার এফবিআই পরিচালক জেমস কনিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্রিফ করার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন ওবামা।
এফবিআই পরিচালক জেমস কনিও বলেন, তাঁরা এ বিষয়ে অনেকটাই নিশ্চিত যে মতিন উগ্রপন্থায় দীক্ষিত হয়েছিলেন। কিছুটা হলেও তাঁর পেছনে কাজ করেছে ইন্টারনেটে পাওয়া উগ্রবাদী তথ্য।
বারাক ওবামা বলেন, ‘মনে হচ্ছে গুলিবর্ষণকারী ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের উগ্রপন্থী তথ্য দিয়ে অনুপ্রাণিত হয়েছিলেন।...এ মুহূর্তে আমরা যা বলতে পারি তা হচ্ছে এটা নিশ্চিতভাবেই আমরা বেশ কিছুদিন ধরে যে স্বদেশি উগ্রবাদ নিয়ে খুব উদ্বিগ্ন তারই এক উদাহরণ।’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে শনিবার গভীর রাতে সমকামীদের একটি নাইট ক্লাবে গুলি করে ৪৯ জনকে মেরে ফেলেন আফগান বংশোদ্ভূত মতিন।
কর্তৃপক্ষ নিহত মানুষের সংখ্যা এর আগে বলা ৫০ থেকে সংশোধন করে ৪৯ জনের কথা জানিয়েছে গতকাল। মতিনের কাছে ছিল একটি রাইফেলসহ তিনটি অস্ত্র। তিনি প্রথমে সবাইকে জিম্মি করে ফেলেন। ঘণ্টা তিনেক পর সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় গুলিতে হামলাকারীও নিহত হন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে বন্দুকধারীর হামলায় এত বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর অরল্যান্ডো শহরে জরুরি অবস্থা জারি করা হয়।
আইএসের বেতারবার্তা: হামলার ঘটনায় গতকাল আনুষ্ঠানিক দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এএফপি জানায়, ঘটনার দায় স্বীকার করে গতকাল এক বেতারবার্তা প্রচার করে আইএস। তাতে সংগঠনটি বলেছে, ‘খেলাফতের একজন যোদ্ধা’ এ হামলা চালান।
আল-বায়ান রেডিওতে প্রচারিত বার্তায় আইএস আরও বলেছে, যুক্তরাষ্ট্রে ‘খেলাফতের একজন যোদ্ধা’ সৃষ্টিকর্তার ইচ্ছায় ফ্লোরিডার নাইট ক্লাবে জড়ো হওয়া ক্রুসেডারদের ওপর হামলা চালিয়ে শতাধিক লোককে হতাহত করেছেন।
এর আগে রোববার আইএসের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক এক খবরে উল্লেখ করে, আইএসের যোদ্ধাদের একজন নাইট ক্লাবে হামলা চালিয়েছেন।
হামলার ঠিক আগে জরুরি সেবার নম্বর ৯৯৯–এ ফোন করে মতিন নিজেও আইএসের প্রতি তাঁর আনুগত্যের কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
সাবেক স্ত্রীর বর্ণনা: এদিকে ওমর মতিনকে ‘রগচটা’ লোক হিসেবে বর্ণনা করেছেন তাঁর সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি। তিনি বলেছেন, ২০০৮ সালে পরিচয়ের অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে করেন তাঁরা। কিন্তু চার মাসেই সেই সংসার ভেঙে যায়। সিতোরা ইউসুফি বলেন, প্রথম দিকে ওমর স্বাভাবিকই ছিলেন, কিন্তু পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাঁকে নির্যাতন করা শুরু করেন।
অস্ত্র কেনা নিয়ে প্রশ্ন: হত্যাকাণ্ডে মতিন একটি পয়েন্ট ২২৩ রাইফেল এবং ৯ এমএম সেমি অটোমেটিক পিস্তল ব্যবহার করেন। তাঁর কাছে প্রচুর গুলিও ছিল। এসব গুলি তিনি কিনেছিলেন বৈধভাবেই। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত এফবিআই তাঁকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করে উগ্র আচরণ এবং সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সন্দেহজনক যোগাযোগের জন্য। এফবিআইয়ের জেরা করা এমন এক ব্যক্তি কীভাবে অস্ত্র কিনতে পারলেন তা নিয়ে বিতর্ক উঠেছে।

কে এই ওমর মতিন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আফগান মা-বাবার ঘরে জন্ম ওমর মতিনের। তাঁদের পরিবার পরে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে চলে যায়। ২০০৭ সাল থেকে নিরাপত্তাসেবা দেওয়া কোম্পানি জি৪এসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে আসছেন মতিন। জি৪এস তাঁকে সেন্ট লুসিয়ে কাউন্টি কোর্ট হাউসে দায়িত্ব দেয়। নিয়োগের আগে মতিনের অতীতের কর্মকাণ্ড যাচাই করেছিল জি৪এস কোম্পানি। এতে উতরে যান তিনি। ২০০৯ সালে সিতোরা ইউসুফিকে বিয়ে করেন মতিন। পরে তাঁদের বিয়ে ভেঙে যায়
বিবিসি
অনেক আগেই পরিকল্পনা?
যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বলছেন, ফ্লোরিডার নাইট ক্লাবে হত্যাযজ্ঞ চালানো ওমর মতিন হয়তো বেশ আগে থেকেই সেখানে হামলার পরিকল্পনা করছিলেন। কারণ, তিনি কয়েক সপ্তাহ আগে স্থানীয় দোকান থেকে সামরিক মানের সুরক্ষা বর্ম কেনার চেষ্টা করেছিলেন। দোকানিরা তাঁর কাছে ওই সব বর্ম বিক্রি করতে রাজি হননি। তাঁরা বলেছিলেন, পুলিশও এত ভারী বর্ম কেনে না। মতিন একটা গ্লক পিস্তল আর বড় বন্দুকও কিনেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের একজন কর্মকর্তা
সিএনএন
‘ক্ষোভ’ থেকে হামলা!
বন্দুকধারী ওমর মতিনের বাবা সিদ্দিক মতিন এমনটা ধারণা করলেও বলেছেন, তাঁর ছেলের মনে যে এত ক্ষোভ ছিল, তা জানতেন না তিনি। সিদ্দিক মতিন বলেন, তাঁর ছেলে কেন নাইট ক্লাবে ওই হামলা করল, তা তিনি বুঝে উঠতে পারছেন না। তবে তিনি বলেন, মায়ামি শহরে দুজন পুরুষকে চুমু খেতে দেখে তাঁর ছেলে রেগে গিয়েছিল। অনলাইনে দেওয়া এক বিবৃতিতে সিদ্দিক মতিন বলেন, তাঁর সন্তান ‘খুব ভালো ছেলে’ ছিল। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তিনি বলেন, ‘আমি কখনো খেয়াল করিনি যে তার মনে এত ক্ষোভ ছিল...আমি শোকাহত।’
বিবিসি