'কয়েক দিনের মধ্যে জাপান সাগরে যাচ্ছে মার্কিন রণতরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানবাহী রণতরি কার্ল ভিনসন কয়েক দিনের মধ্যে জাপান সাগরে পৌঁছাবে বলে গতকাল শনিবার জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এই যুদ্ধজাহাজের গন্তব্য নিয়ে কয়েক দিন ধরে ধোঁয়াশা সৃষ্টির প্রেক্ষাপটে এ কথা জানালেন তিনি।
উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র জানায়, কার্ল ভিনসনের নেতৃত্বে কোরীয় উপদ্বীপ অভিমুখে রওনা হয়েছে মার্কিন নৌবহর। এ পরিস্থিতিতে উত্তর কোরিয়া হুমকি দেয়, পরমাণু হামলা হলে তারাও সমুচিত জবাব দেবে। তবে পরে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পেন্টাগন যখন ওই ঘোষণা দেয়, তখন তাদের নৌবহরটি আসলে ঠিক তার উল্টো দিকে চলছিল। গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে পেন্স সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া যেন কোনো ভুল না করে। আমাদের নৌবহরটি কয়েক দিনের মধ্যে বা চলতি মাস শেষ হওয়ার আগেই জাপান সাগরে পৌঁছাবে।’