'খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি দুরভিসন্ধিমূলক'

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশির ঘটনাকে সরকারের দুরভিসন্ধিমূলক আচরণ বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। ২১ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল। সঞ্চালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীম উদ্দিন।
আকতার হোসেন বাদল লিখিত বক্তব্যে বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান অফিসে তল্লাশির ঘটনায় আমরা ক্ষুব্ধ। গণতন্ত্রে বিশ্বাসী কোনো প্রবাসী এমন আচরণকে সহজভাবে নিতে পারছেন না।’ তিনি আরও বলেন, বিএনপি যখন ভিশন-২০৩০ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের ভাগ্য উন্নয়নের সুদূরপ্রসারী পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে, ঠিক তারপরই সরকারের গা জ্বালা শুরু হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী মো. আসাদউল্লাহ, শহীদুল্লাহ পাটোয়ারি, ওয়াহেদ আলী মণ্ডল, আশরাফ হোসেন, মজিবর রহমান, খোরশেদ আলম, হাফিজুর রহমান পিন্টু, আশরাফ হোসেন, তারেক পরিষদের সহসভাপতি বেলায়েত হুসেন প্রমুখ।