'গণতন্ত্র নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে'
বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হলে মৌলিক বিষয় নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গণতন্ত্রের জন্য স্বাধীন হওয়া দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করার পরিণাম হবে ভয়াবহ। চলমান রাজনৈতিক সংঘাতের ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে।
গতকাল শুক্রবার নিউইয়র্কে ‘গণতন্ত্র-বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নিউইয়র্কের টাইম টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলা পত্রিকার উদ্যোগে এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস, মহসিন পাটোয়ারী, মাহফুজ চৌধুরী, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, সাংবাদিক মনির হায়দার, নিনি ওয়াহেদ, মঞ্জুর আহমেদ, মঈনউদ্দিন নাসের, ওয়াজেদ খান ও বিএনপির নেতা ফজলুর রহমান। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক আবু তাহের।
আলোচকেরা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকলেও গণতন্ত্রের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। জনগণের অধিকার নিশ্চিত করে—এমন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ভোটাধিকারের মতো মৌলিক বিষয় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সংকটকে আরও তীব্র করা হয়েছে।
বক্তারা বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র সংকটকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কার্যকর বিরোধী দলের অভাব, অচল জাতীয় সংসদ ও প্রভাবিত জনপ্রশাসন মিলে বাংলাদেশকে ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। বাইরে উন্নয়নের সূচক দিয়ে প্রচারণা চালালেও বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে বলে তারা উল্লেখ করেন তাঁরা। বৃহত্তর ঐক্যের মাধ্যমে গণতন্ত্র এবং উন্নয়নকে লক্ষ্য রেখে একটি জাতীয় সমঝোতা সনদ প্রণয়নের ওপর আলোচকেরা গুরুত্বারোপ করেন।