'গলায় যেন শত শত মাছের কাঁটা'

মকসুদ আহমদ খান (হেলাল) পরিবার নিয়ে থাকেন নিউইয়র্কের ভাড়া বাসায়। মার্চের মাঝামাঝি একই দিনে স্ত্রী, বড় সন্তান ও নিজে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ছোট ছেলে প্রকৌশলী আদিয়ান খান কর্মসূত্রে থাকেন নিউজার্সিতে। রাতে কাজ থেকে ফিরে যখন জানলেন পরিবারের তিন সদস্য একযোগে সর্দি জ্বরের উপসর্গ নিয়ে অসুস্থ, দেরি না করে যোগাযোগ করলেন টেক্সাসে কর্মরত চিকিৎসক বন্ধু হুমায়ূন কবিরের সঙ্গে। তিনি সবার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে কী কী করণীয়, তাও জানিয়ে দিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাসার দুই সদস্য মকসুদের স্ত্রী ও জ্যেষ্ঠ সন্তান নিয়মিত ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন। তবে মকসুদ নিজে তখন বেশ অসুস্থ বোধ করাতে সবার ধারণা হল, ঋতু বদলজনিত সর্দি–জ্বরের প্রভাবে হয়তো সেরে উঠতে সময় নিচ্ছেন। এরই মধ্যে একদিন হাসপাতাল থেকে আসা অ্যাম্বুলেন্স ফেরত পাঠালেন মকসুদ। সপ্তাহান্তে ছোট ছেলে আদিয়ান নিউজার্সি থেকে উডসাইডের বাসায় এসে দেখে, তার বাবা তখনো অসুস্থ। কৌতূহলবশত ছেলে তার আই ফোনে থাকা শারীরিক পরীক্ষা অ্যাপস বাবার শরীরে প্রয়োগ করে তাৎক্ষণিক চমকে উঠে। অ্যাপস দেখাচ্ছে, বাবার শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। সঙ্গে করোনার অন্যান্য উপসর্গের লক্ষণ প্রায় শতভাগ।
আদিয়ান দ্রুত সিদ্ধান্ত নেন, তাঁর বাবাকে ভালো কোন হাসপাতালে ভর্তি করাবেন। এই বিষয়ে ভালো পরামর্শের জন্য সিলেট ক্যাডেট কলেজের সিনিয়র ভাই বর্তমানে ওয়েচেষ্টার মেডিকেল সেন্টারে কর্মরত ডাক্তার মুশতাক আহমদের শরণাপন্ন হন তিনি। এসব ঘটছে মার্চের শেষ সপ্তাহে। যখন নিউইয়র্কে চলছে করোনার চূড়ান্ত তাণ্ডব। চারদিকে শুধু স্বজন বিয়োগের ব্যথাতুর সংবাদ।
এ অবস্থায় নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে মকসুদ বললেন, ‘ছেলের এই অস্থিরতা দেখে আমি ধরে নিয়েছিলাম, আমার বুঝি দিন শেষ। সিদ্ধান্ত হলো, কোন অবস্থায় নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে যাওয়া যাবে না। সবাই বলছে অতিরিক্ত রোগীর চাপে এলমহার্স্ট হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এ অবস্থায় সময়ক্ষেপণ না করে আমাকে নিয়ে অ্যাম্বুলেন্স ছুটল লং আইল্যান্ডের জুইশ হাসপাতালের জরুরি বিভাগে। ছোট ছেলে বারবার ফোনে পরামর্শ নিচ্ছে তার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে। দুজনই ছিলেন পুণ্যভূমি সিলেট ক্যাডেট কলেজের ছাত্র।’
মকসুদ বলেন, জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার দুজনের মতামত দুরকম হওয়ায় পরিবারের সবাই আবার দুশ্চিন্তায় পড়ে যায়। একজন বারবার জোর করে বলছেন, তাড়াতাড়ি নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে দ্রুত চিকিৎসা শুরু করতে। অন্যজনের অভিমত, রোগীর বর্তমান অবস্থা বেশি জটিল না হওয়ায় ওষুধপত্র দিয়ে বাড়ি ফেরত পাঠালে হবে। কিন্তু অন্যজন এই প্রস্তাবে সায় না দেওয়ায় রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা শুরু হলো।
জরুরি বিভাগের বেড থেকে মকসুদের যন্ত্রণা শুরু। স্মৃতি হাতড়িয়ে বলতে লাগলেন, পুরো শরীর ব্যথা, বিশেষ করে কণ্ঠনালিতে মনে হচ্ছে শত শত মাছের কাঁটা বিঁধে আছে। যেখানে একটি বিদ্ধ কাঁটার যন্ত্রণা সহ্য করা দুরূহ, সেখানে পুরো কণ্ঠনালি জুড়ে চরম ব্যথা আর ব্যথা। সে অবস্থায় করোনা আক্রান্তদের আরও একটি অস্বস্তিকর শারীরিক সমস্যার শুরু হয়ে যায়, তা হলো প্রচণ্ড ডায়রিয়া। যা এক রকম বিরতিহীন চলতে থাকে। সে অবস্থায় একমাত্র ভরসা, মমতাময়ী শুদ্ধ সেবার মন নিয়ে আসা পেশাদার সেবিকা।
মকসুদ স্মরণ করে বললেন, ‘আমি যে কী পরিমাণ ভাগ্যবান ছিলাম, তা সব বলেও শেষ করা যাবে না। যার একটি বড় উদাহরণ দুজন সেবিকা, যারা আমাকে তাদের সাধ্যের অতীত সেবা দিয়েছে। কয়েকজন ডাক্তারের কথা সবচেয়ে বেশি করে বলতে চাই, যারা বলতে গেলে সর্বক্ষণ আমার শরীরের ভেতরে বাসা বাঁধা করোনা অণুজীবের বিরুদ্ধে লড়ে গেছেন বিরাট চ্যালেঞ্জ হাতে নিয়ে।
করোনার বিপক্ষে যুদ্ধ করে ফিরে আসা সিলেট থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা মকসুদের শেষ কথা ছিল, প্রায় দু মাস হয়ে যাওয়া হাসপাতাল থেকে আসা দিনটি আমার শেষবারের মতো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দিন হতে পারত। যদি না আমার পরিবারের চরম সিদ্ধান্ত নিতে কয়েক ঘণ্টা দেরি হতো। এর একটি হচ্ছে, আমার ছেলে আদিয়ানের ফোনে অ্যাপস পরীক্ষা আর অন্যটি হাসপাতাল নির্বাচন। পরে শুনেছি, সেই চরম সময়ে এলমহার্স্ট হাসপাতালে কোন কোন রোগী সেবা না পেয়েই চলে গেছে না ফেরার দেশে। সর্বোপরি বিশ্বাস করি, ফেলে আসা দিনগুলোতে আমার হাজার হাজার কাজের কোন একটি কাজ সৃষ্টিকর্তার হয়তো ভালো লেগেছে। আর এসবের সঙ্গে ছিল পিতা–মাতাসহ আমার পরিবার আর জানা–অজানা অনেক শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনা। পিতা–মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য। কিছুটা সুস্থতা লাভের পর জানলাম, যে দিন আমি চরম অসুস্থ, সেই দিন হাজার হাজার মাইল দূরে আমার প্রায় অচেতন থাকা মা সারাক্ষণ কাটিয়েছেন ছটফট করে অশান্তি নিয়ে। অথচ তিনি আমার খবর জানতেনই না। করোনার শিক্ষার উল্লেখ করে বললেন, জীবনযাপনের সব ক্ষেত্রে আমাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে সীমিত রাখা প্রয়োজন।
চার বছর আগে উডসাইডে বসবাস শুরু করেন সিলেটের সন্তান শিল্পপতি মকসুদ আহমদ। বাবা প্রয়াত গৌছ উদ্দীন খান ছিলেন সিলেটের হাসান মার্কেটের প্রতিষ্ঠিত পুরোনো ব্যবসায়ীদের একজন। গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজার সংলগ্ন দত্তরাইল গ্রামে আদি বাসস্থান। শহরে শাহজালাল দরগা লাগোয়া রাজার গল্লীতে শৈশব কৈশোর কাটানো মকসুদ খানের পড়াশোনা মদন মোহন কলেজে। সত্তরের দশকে কলেজ সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন একবার।
সিলেট অঞ্চলের জনপ্রিয় মসলা ব্রান্ড কবুতর মসলার উৎপাদন ও বাজারজাতকরণে পরিশ্রমের স্বাক্ষর ছিল ঈর্ষণীয়। সিলেটের সন্তান মকসুদ নিউইয়র্কের ভাড়া বাসায় স্ত্রী ও দুই ছেলে, এক মেয়েকে রেখে দেশ ও আমেরিকা আসা–যাওয়া করতেন নিয়মিত। বর্তমানে দুই ছেলে নিউইয়র্কে কর্মরত ও একমাত্র মেয়ে বিবাহিত, স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে থাকেন।