'ঘাতক' ফারুকের আইফোনে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্দিনো হত্যাযজ্ঞের সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনে প্রবেশ করতে সক্ষম হয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ ক্ষেত্রে তারা নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহযোগিতা নেয়নি। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্যান বার্নার্দিনোতে হামলার পর পুলিশের গুলিতে নিহত ফারুকের আইফোন থেকে তথ্য বের করতে সহায়তার জন্য অ্যাপলকে তাগিদ দিয়ে আসছিল এফবিআই। এতে অস্বীকৃতি জানায় অ্যাপল। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কর্তৃপক্ষকে সহায়তার বিষয়ে আদালতের আদেশে নারাজি জানিয়ে আসছিল অ্যাপল।

সোমবার মার্কিন কর্মকর্তারা জানান, তাঁরা নিজস্ব উপায়ে ফারুকের ব্যবহৃত আইফোনের তথ্যে প্রবেশ করতে পেরেছেন।

পরে বিচার বিভাগের অনুরোধে এ-সংক্রান্ত শুনানি স্থগিত করা হয়। এর মধ্য দিয়ে আদালতে মামলার বিষয়টির সমাপ্তি ঘটল।

গত সপ্তাহে সরকারি কৌঁসুলিরা আদালতকে বলেন, অ্যাপলের সাহায্য ছাড়াই ‘বাইরের একটি পক্ষ’ ফারুকের আইফোনের লক ভাঙার সম্ভাব্য পদ্ধতি বাতলে দিয়েছে।

অ্যাপল বলেছে, ফারুকের আইফোনের তথ্যে এফবিআই কীভাবে প্রবেশ করেছে, তা তারা জানে না। আইফোনের দুর্বলতার বিষয়টি সরকার তাদের সঙ্গে ভাগাভাগি করবে বলে আশা অ্যাপলের।

গত বছর ডিসেম্বরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনোতে রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক দম্পতি গুলি করে ১৪ জনকে হত্যা করেন। পরে তাঁরা দুজনই পুলিশের গুলিতে নিহত হন। ফারুক-তাশফিন জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে।