আমেরিকার আসতে এমনিতে কম বেগ পেতে হয় না, তার ওপর নতুন নতুন অভিবাসন আইনের কারণে মার্কিন নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে পড়ছে। নতুন করে এবার মার্কিন নাগরিকত্বের অন্যতম আবশ্যক হিসেবে ‘নৈতিক চরিত্র’ প্রদর্শনের ওপর গুরুত্ব দেওয়া হবে। তাই সব কাঠখড় পুড়িয়ে আমেরিকায় আসলেও নাগরিকত্ব পাওয়ার কোনো নিশ্চয়তা নেই অভিবাসীদের।
১৩ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব ও ইমিগ্রেশন পরিষেবার এক নীতি নির্দেশিকায় এই তথ্য প্রকাশ করা হয়। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, যেসব অভিবাসীর বিরুদ্ধে আমেরিকায় কোনো অনৈতিক কাজ যেমন মাতাল হয়ে ড্রাইভিং, অবৈধ জুয়া, পতিতাবৃত্তি এবং অভিবাসন সুবিধা পেতে মিথ্যা বলা ইত্যাদির অভিযোগ রয়েছে, তারা নাগরিকত্ব পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। মায়ামি হেরাল্ড–এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন করার আগে আবেদনকারী পাঁচ বছর কোন অপরাধ কাজের সঙ্গে জড়িত থাকতে পারবে না এবং নাগরিকত্ব সাক্ষাৎকারের সময় কোন মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারবে না।
হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সি বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি এখন বেআইনি কাজ সম্পর্কে বিদ্যমান দিকনির্দেশনাকে প্রসারিত করছে, ফলে ভালো নৈতিকতার অভাবে অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার পথে এটি বিরাট ফ্যাক্টর হয়ে দেখা দেবে। অভিবাসন সংস্থা বেআইনি কাজগুলোর সুস্পষ্ট উদাহরণ অন্তর্ভুক্ত করছে এবং সেখানে নীতির বিষয়টি খুবই পরিষ্কার। আগে ইউএসসিআইএসের নীতিমালা ম্যানুয়ালে বেআইনি কাজকর্ম সম্পর্কিত বিস্তৃত তথ্য অন্তর্ভুক্ত ছিল না। প্রতিষ্ঠানটির ব্যাখ্যা, ‘নীতি ম্যানুয়ালের এই আপডেটটি ইউএসসিআইএস বিচারকগণকে অভিন্ন ও ন্যায্য সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আরও সহায়তা করবে। নতুন এই সংযোজন আইনি কাজ ও নির্দেশাবলির অতিরিক্ত উদাহরণ দিচ্ছে এবং বিচার বিভাগীয় নজিরের ভিত্তিতে ভালো নৈতিক চরিত্রকে প্রভাবিত করতে পারে এমন বেআইনি কাজগুলোকে আরও ভালোভাবে চিহ্নিত করছে।’
১৩ ডিসেম্বরের ঘোষণাটি অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সাম্প্রতিক দুটি সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি পৃথক নীতিমালা জারির তিন দিন পরে এসেছিল, যা বিধিবদ্ধ সময়ের মধ্যে দুই বা ততোধিক ড্রাইভিংসহ গ্রিন কার্ডধারীদের পক্ষে নাগরিকত্ব পাওয়াকে আরও কঠিন করে তুলবে বলে মনে করা হয়। এই সিদ্ধান্ত আবার অভিবাসীদের বহিস্কার আদেশের বিরুদ্ধে লড়াই করতে যে বিকল্পগুলো রয়েছে, সেগুলোকেও যথেষ্ট পরিমাণে সীমাবদ্ধ করবে।
ইউএসসিআইএসের নতুন নির্দেশিকায় পনেরোটি নতুন কাজকে অবৈধ বলে তালিকাভুক্ত করা হয়েছে যা অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠিন করবে বলে মনে করা হয়। সেগুলো হল—ব্যাংক জালিয়াতি, নিয়ন্ত্রিত পদার্থ বিতরণ, কর দিতে ব্যর্থ, আমেরিকার নাগরিক বলে মিথ্যা দাবি, মিথ্যা রেকর্ড, বিমা জালিয়াতি, ন্যায়বিচারের বাধা, যৌন নিপীড়ন, সামাজিক সুরক্ষা জালিয়াতি, বেআইনি হয়রানি, ভোট দেওয়ার জন্য বেআইনি নিবন্ধকরণ (বেআইনি ভোটদানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লঙ্ঘন)।
নৈতিক চরিত্র ছাড়াও নাগরিকত্বের জন্য ফাইলিংয়ের সময় আরও যেসব প্রয়োজনীয় বিষয় থাকবে তা হল—
১. ফাইলিংয়ের সময় একজন আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে।
২. স্থায়ী বৈধ বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়মিত পাঁচ বছরের জন্য থাকতে হবে অথবা একজন মার্কিন নাগরিককে বিয়ে করলে তিন বছর থাকতে হবে।
৩. পাঁচ বছরে কমপক্ষে ৩০ মাস যুক্তরাষ্ট্রে শারীরিক উপস্থিতি বা কোনো আমেরিকানকে বিয়ে করলে ১৮ মাসের জন্য শারীরিক উপস্থিতি দেখাতে হবে।
৪. বেসিক ইংরেজি পড়তে, লিখতে ও বলতে এবং মার্কিন ইতিহাস ও সরকার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৬. আমেরিকা ও আমেরিকার সংবিধানকে সমর্থন ও রক্ষা করতে রাজি থাকতে হবে।