'জেনেশুনে ব্যক্তিগত ই-মেইলে গোপন তথ্য পাঠাইনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি মন্ত্রী থাকার সময় জেনেশুনে রাষ্ট্রীয় গোপন তথ্য ব্যক্তিগত ই-মেইলে পাঠাননি বা গ্রহণ করেননি। এ ছাড়া গোয়েন্দারা গোপন তথ্য থাকার অভিযোগে ঠিক কোন কোন ই-মেইল নিয়ে তদন্ত করছেন, তিনি তাও জানেন না। খবর গার্ডিয়ানের।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে হিলারিকে তাঁর আলোচিত ই-মেইল পাঠানোর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ওই কথা বলেন। হিলারি বলেন, ‘আমি নিশ্চিত, সে সময় গোপন হিসেবে চিহ্নিত কোনো তথ্য আমি গ্রহণ করিনি বা পাঠাইনি। আমি চাই, যেসব তথ্য পাঠানো নিয়ে কথা হচ্ছে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।’
হিলারি ক্লিনটন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে তাঁর ই-মেইল নিয়ে বিতর্ক বিশেষ মাত্রা পেয়েছে। এ সপ্তাহে বিচার বিভাগের কাছে পাঠানো এক চিঠিতে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নিউইয়র্কের বাসভবন থেকে ব্যক্তিগত ই-মেইলে সরকারি গোপন তথ্য পাঠিয়েছেন। অনিরাপদ মাধ্যমে পাঠানোর ফলে এসবের গোপনীয়তা ক্ষুণ্ন হয়ে থাকতে পারে।’
এ বিষয়ে বিচার বিভাগের তদন্ত করা উচিত কি না—এ প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘এটা তাদের ওপর নির্ভর করে। যা ঘটেছে, আমি আপনাদের সেটাই বললাম।’
বিচার বিভাগকে সাবধান করার পাশাপাশি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কংগ্রেসেও চিঠি পাঠানো হয়েছে। সেখানে হিলারির পাঠানো ৩০ হাজার ই-মেইলের মধ্যে ‘কয়েক শ সম্ভাব্য গোপন ই-মেইল’ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) কাছেও এই উদ্বেগ জানিয়েছে।
সাক্ষ্য দিতে রাজি হিলারি: নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন কনস্যুলেটে ২০১২ সালের সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কমিটির কাছে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন হিলারি ক্লিনটন। তাঁর সহযোগীরা এ কথা জানিয়েছেন। ওই হামলায় লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজন নিহত হন। হামলার আগেই ওই কনস্যুলেটে বাড়তি নিরাপত্তার অনুরোধ জানানো হলেও তার ব্যবস্থা না করায় তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি সমালোচিত হন। হিলারির সহযোগীরা গত শনিবার জানান, তিনি আগামী ২২ অক্টোবর সাক্ষ্য দিতে রাজি হয়েছেন।