'জ্ঞানের মৌসুম'ও নতুন প্রজন্মের পাঠাভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি

আমার আজকের এই লেখাটি বিদেশে বেড়ে ওঠা প্রজন্মের জন্য। কিন্তু আমার এই কথাগুলো তাঁদের শোনাবে কে? তাঁরা তো বাংলা লেখা পড়তে পারেন না। তাহলে আমার এই কথাগুলো তাঁদের কাছে পৌঁছাবে কীভাবে?
আমার ভরসা তাঁদের অভিভাবকেরা যাঁরা আমার এই লেখাটি পড়বেন। তাঁরা কি তাদের সন্তানদের আমার কথাগুলো বলবেন? আমাদের নতুন প্রজন্মের বই পড়া নিয়ে আমি বলছি। বিদেশের গ্রন্থাগারগুলোতে বইয়ের বিশাল সংগ্রহশালা নিয়ে। তাঁদের ঐতিহাসিক মহাফেজখানা নিয়ে।
বই পড়া মানুষের মন ও চিন্তাকে সমৃদ্ধ করে। এই চেতনায় আমেরিকায় প্রতি গ্রীষ্মকালে হাতে নেওয়া হয় নানা কর্মসূচি। গত ২১ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয় গ্রীষ্মকাল। গাছে গাছে তখন সবুজের সমারোহ। ফুলে ফুলে ভরে উঠতে শুরু করে রাস্তার কিনার, মহাসড়কের দুপাশ কিংবা সাজানো বাগানগুলো। আমেরিকার গ্রীষ্মকাল উপভোগ করতে লাখ লাখ পর্যটক ছুটে আসেন যুক্তরাষ্ট্রে। শঙ্কা, সংকট এগুলো তো থাকবেই। ‘এটি এখন প্রাত্যহিক জীবনের অংশ’—এমন একটি মানসিকতা ইতিমধ্যে তৈরি হয়েছে গোটা বিশ্বে। তাই বলে জ্ঞানার্জন থেমে থাকবে কেন?
গ্রীষ্মকালকে ‘জ্ঞানের মৌসুম’ বলেও বিবেচনা করেন মার্কিনরা। কারণ, এ সময় তাঁরা জ্ঞান আহরণে এখান থেকে সেখানে ঘুরে বেড়ান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয় বিশেষ ‘গ্রীষ্মকালীন পড়াশোনার কর্মসূচি’। বিভিন্ন বড় বড় সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এসব পড়াশোনার কর্মসূচিগুলো স্পনসর করে থাকে। সরকারি গ্রন্থাগারগুলো চালু করে ‘সামার রিডিং ক্যাম্প’। আয়োজন করা হয় নানা প্রতিযোগিতার। পড়াশোনায় কৃতিত্ব দেখাতে পারলে গ্র্যান্ট কিংবা বৃত্তি দেওয়ার প্রথা বড় বড় শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানগুলো চালু রেখেছে প্রায় প্রতিবছরই। কোনো কোম্পানিতে কর্মরত কিংবা তাঁদের সন্তান-সন্ততিরা প্রতিযোগিতার ভিত্তিতে মেধানুসারে এসব বৃত্তি পেয়ে থাকে। শিক্ষার আলো বিস্তারে এই মহান প্রচেষ্টা একটি শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখে কিংবা রেখে চলেছে।
যুক্তরাষ্ট্রে সরকারি গ্রন্থাগারগুলোর বইয়ের সংগ্রহ, দর্শনার্থীদের জন্য তাঁদের সেবা এবং জ্ঞান প্রসারে অগ্রণী ভূমিকা দেখলে মুগ্ধ না হয়ে উপায় থাকে না। বিশ্বের সব ভাষার গ্রন্থাদির বিশাল সংগ্রহশালা রয়েছে এসব গ্রন্থাগারে। প্রয়োজনীয় কোনো বই না পাওয়া গেলে তারা এনে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকে। যুক্তরাষ্ট্রের সরকারি গ্রন্থাগারগুলোতে যেকোনো ভাষার বই দান করা যায়। এ দান তারা খুবই কৃতজ্ঞচিত্তে গ্রহণ করে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী একবার আমি বাংলাদেশ থেকে আসার সময় বেশ কিছু বই নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির জন্য নিয়ে এসেছিলাম। ফিফথ অ্যাভিনিউর ম্যানহাটন পাবলিক লাইব্রেরির তৎকালীন লাইব্রেরিয়ান জেনি গ্রাহামকে আমি আমার আগ্রহের কথা জানালে তিনি খুব খুশি হয়ে বইগুলো নেওয়ার জন্য দিনক্ষণ ধার্য করে দেন। নির্দিষ্ট দিনে আমি উপস্থিত হয়ে দেখি সেন্ট্রাল লাইব্রেরির বেশ কিছু পদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত আছেন। অনেকটা আনুষ্ঠানিকভাবেই বইগুলো আমি তুলে দিই। বিনিময়ে আমাকে একগুচ্ছ ড্যাফোডিল ফুল দিয়ে বরণ করা হয়।
সেদিনের অনুষ্ঠানে গ্রন্থাগারের পরিচালক ম্যাথিও রবার্টস আমার কাজের প্রশংসা করে ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছিলেন, ‘আমরা যেন বই উপহার, বই পড়া ও বই বিনিময়ের সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারি। ম্যাথিও বলেছিলেন, যদি প্রতিটি অভিবাসী আমেরিকান তাদের নিজ নিজ শিকড়-সভ্যতার সমৃদ্ধ গ্রন্থগুলো নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি তথা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে দান করেন, তবে এই বহু সংস্কৃতির দেশটি আরও সমৃদ্ধ হবে। তিনি অনুরোধ জানিয়ে আমাকে বলেছিলেন, তুমি তোমার বন্ধুদের বলো, তারা যেন একবার স্বদেশ থেকে আসার সময় অন্তত একটি বই লাইব্রেরির জন্য নিয়ে আসেন।
ম্যাথিওর বক্তব্যে আমি খুবই আপ্লুত হয়েছিলাম সেদিন। মূলধারার বাংলা বই আমেরিকার গ্রন্থাগারে দেওয়ার সংস্কৃতিটি বেশ কিছু যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি ইতিমধ্যে চালু করেছেন। বোস্টনে আমাদের বন্ধু কবি বদিউজ্জামান নাসিমসহ আরও কয়েকজন বেশ কিছু বাংলা বই সংগ্রহ করে বোস্টন পাবলিক লাইব্রেরিতে দিয়েছেন। তারা ‘ভিন গোলার্ধ’ নামে একটি সৃজনশীল সংগঠনও গড়ে তুলেছেন নিজেদের মধ্যে।
বই পারে হাজার বছর পরও একজন মানুষের চিন্তা-চেতনা, কীর্তিকলাপকে বাঁচিয়ে রাখতে। আমেরিকার বড় বড় রাজনীতিক, খেলোয়াড়, অভিনেতা, দার্শনিক, চিকিৎসক, শিক্ষক, নিজেদের আত্মজীবনী লিখেন। এসব বই প্রকাশের পর দেদার বিক্রিও হয়। মানুষ জানতে পারে নেপথ্যের অনেক কাহিনি।
এই ধারা বাংলাদেশেও চলছে। বাংলা ভাষাভাষীদের এই দায়িত্ববোধ আরও বাড়ানো দরকার। বাংলাদেশের অগ্রসরমাণ ইতিহাসের জন্য এই গ্রন্থনা খুবই জরুরি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বই ইতিমধ্যে বের হয়েছে। এগুলোর ইংরেজি ভার্সনও আছে। এসব বই তো বিদেশের গ্রন্থাগারগুলোতে দান করা যায়। অভিবাসী সমাজ তা কি বিবেচনা করবে না!
আবার ‘পড়াশোনার কর্মসূচি’ বিষয়ে ফিরে আসি। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে একটি স্লোগান আছে। ‘বই পড়ো, জরিমানা মাফ হয়ে যাবে।’ যাঁরা লাইব্রেরি থেকে বই ধার নেন, তাঁরা সময় মতো ফেরত দিতে না পারলে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিতে হয়। প্রতিদিন দেরির জন্য জরিমানা হিসাব করা হয়। সরকারি গ্রন্থাগারগুলোতে সাইন ঝুলে থাকে, প্রতি আধা ঘণ্টা বই পড়ার জন্য পঞ্চাশ সেন্ট (অর্ধেক ডলার) করে রেয়াত দেওয়া হবে। বুক সাইন করে গ্রন্থাগারে বসে বই পড়তে হবে। এভাবে পড়ে পড়ে যে কেউ তাঁর সব অতীত জরিমানা মোচন করে নিতে পারেন। আর বই-ই দিতে পারে আলোর পথের দিশা।
পাঠক তৈরির কী চমৎকার ব্যবস্থা! বইপাঠ করেই একটি প্রজন্ম জানতে পারে তার মৌলিক বিবর্তনের কথা। মানুষ তো সৃজনশীল বিবর্তনেরই পূজারি, সামগ্রিকভাবে যা অস্বীকারের কোনো উপায় নেই।
বিদেশে আমাদের প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। তাদের গ্রীষ্মকাল পড়াশোনায় কাটুক। গ্রন্থাগারে বসে তারা জানুক বাংলাদেশকে, তাদের শিকড়কে। তারা জানুক, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তারা জানুক মানবতাবাদ।
প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে বই পড়ায় উদ্বুদ্ধ করুন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার জ্ঞানকে সমৃদ্ধ করতে উৎসাহিত করুন। তাকে শাণিত করুন বই পড়ায়।