কাল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
'ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড তোলায় গণপিটুনি খেয়েছি'

নেভাদায় শনিবার রিপাবলিকান পার্টির সমাবেশে ‘বন্দুক! বন্দুক!’ শোর ওঠায় ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চ থেকে তড়িঘড়ি করে যখন নামানো হচ্ছিল, তখন ট্রাম্প-সমর্থকেরা যে ব্যক্তিকে ধরে কিল-ঘুষি মারছিলেন, তাঁর নাম অস্টিন ক্রাইটস।
বেদম মার দেওয়ার পর দেখা গেল, অস্টিনের কাছে কিছুই নেই। ছাড়া পাওয়ার পর অস্টিন বলেছেন, তাঁর কাছে বন্দুকটন্দুক কিছু ছিল না। তিনি ‘ট্রাম্পবিরোধী রিপাবলিকান’ লেখা একটি প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেছিলেন। তাতেই তাঁকে গণপিটুনি দেওয়া হয়।
ছাড়া পাওয়ার পর অস্টিন বলেছেন, তাঁকে ট্রাম্প-সমর্থকেরা ঘিরে ফেলার পর তাঁদের মধ্য থেকে কেউ একজন ‘বন্দুক, বন্দুক’ বলে চিৎকার করে ওঠেন। এতে সবাই সন্ত্রস্ত হয়ে পড়েন।
অস্টিন বলেন, ‘র্যালি চলার সময় সামনের সারিতে গিয়ে ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করেই আমাকে লক্ষ্য করে বিদ্রূপ করতে থাকেন ট্রাম্পের সমর্থকেরা। তাঁরা আমার ওপর চড়াও হন এবং হাত থেকে প্ল্যাকার্ডটি নিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। এরপর হঠাৎ করেই তাঁরা আমাকে মারতে থাকেন, কিল-ঘুষি চলতে থাকে। তাঁরা আমাকে মাটিতে ফেলে দিয়েছিলেন। একপর্যায়ে বন্দুক নিয়ে একটি চিৎকার শুনতে পাই। আগে মুষ্টিযুদ্ধ শিখেছিলাম বলে আত্মরক্ষার কৌশল কাজে লাগিয়ে মাথাটা বাঁচাতে পেরেছি। তবে আমার ঘাড় ও পিঠে বেশ ব্যথা রয়েছে।’
৩৩ বছর বয়সী অস্টিনের মনে হয়েছে, মঞ্চ থেকে ট্রাম্প তাঁর দিকে আঙুল নির্দেশ করেছিলেন। এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে এটি তাঁকে হেনস্তা করতে উসকানি দিয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি। এখন জীবন নিয়ে শঙ্কায় আছেন অস্টিন।
অস্টিনের দাবি, তিনি পেশায় একজন উদ্ভাবক। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নিজেকে রিপাবলিকান পার্টির একজন সদস্য দাবি করে অস্টিন লিখেছেন, হিলারি ক্লিনটনের সব নীতির সঙ্গে তিনি একমত নন। তবে ট্রাম্পের ‘ঘৃণার’ চেয়ে হিলারির ‘আশাবাদ’-এর নীতিকে তিনি সমর্থন করেন। ফেসবুকের স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট বা একনায়ক। র্যালিতে তাঁর প্রতি যা ঘটেছে, সেটিই ট্রাম্পের একনায়ক মনোভাবের উদাহরণ। স্ট্যাটাসের শেষ লাইনে লিখেছেন, ‘দয়া করে আমার পাশে দাঁড়ান এবং ট্রাম্পকে থামানোর জন্য ভোট দিন।’